ডেস্ক রিপোর্ট : জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সফরের অপেক্ষায় রয়েছেন বেগম খালেদা জিয়া। নভেম্বরে বান কি মুন তার সফরে অন্যান্য বিষয়ের সাথে রাজনৈতিক সংকট সমাধানের ব্যাপারে সরকারের সঙ্গে আলোচনা করবেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর বিএনপি চেয়ারপারসনের সঙ্গেও বৈঠক করবেন। বিএনপির সূত্র জানায়, সরকার প্রধানের সঙ্গে বান কি মুন ওই বৈঠকে সরকারের মনোভাব জানবেন। এরপর খালেদা জিয়ার সঙ্গে কথা বলবেন।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের ঘনিষ্ট একটি সূত্র জানায়, নভেম্বরে বান কি মুনের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। এই সময়ে তিনি যদি আসেন তাহলে সংকট সমাধানের ক্ষেত্রে একটা অগ্রগতি হবে। কারণ তিনি ২০১৩ সাল থেকেই সরাসরি শেখ হাসিনাকে ফোন করে সব দলের অংশগ্রহণে নির্বাচন ও চলমান সংকটের সমাধানের জন্য বলছেন। কিন্তু সরকার তাতে কর্ণপাত করছে না। বিএনপির তরফ থেকে বার বারই জাতিসংঘের কাছে অভিযোগ জানানো হয়েছে।
খালেদার জিয়ার একজন উপদেষ্টা বলেন, ম্যাডাম এখন দল গোছানো আর নেতা কর্মীদের জামিনের জন্য কাজ করতে বলেছেন। অসুস্থ নেতাদের চিকিৎসা ও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকেও সহযোগিতা দেওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি এতদিন ধরে চেষ্টা ও অপেক্ষা করার পর যেহেতু বান কি মুন আসছেন তখন সংকট সমাধানের একটা উপায় বের হতে পারে। সরকার প্রধানকে তিনি একাধিকবার ফোন করে সংকট সমাধান করার কথা বলেছেন কিন্তু তিনি ওইভাবে সংকট নিরসন করার জন্য রাজি হননি। এই অবস্থায় জাতিসংঘের সহায়তা কামনা করা ও আন্তর্জাতিক শক্তির সহযোগিতায় সরকারের উপর চাপ তৈরি করানো ছাড়া কোন উপায় নেই। সেটাই তারা করতে চাচ্ছে। সরকার যদি নভেম্বরে বান কি মুনের সঙ্গে আলোচনা করে সমাধানের জন্য সিদ্ধান্ত নেন ও ২০১৬ সালেই একটি নির্বাচন দিতে চান তাহলে বিএনপি নতুন করে কোন কর্মসূচি ঘোষণা করবে না। আর সরকার যদি সংকট সমাধানের কোন উদ্যোগ না নেয় ও আগের প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন না করে তাহলে বিএনপি কর্মসূচী ঘোষণা করবে। বেগম খালেদা জিয়া নতুন করে আরো জোরে সোড়ে ও আট ঘাট বেঁেধই মাঠে নামবেন। বান কি মুন আসা পর্যন্ত তিনি অপেক্ষা করবেন। আর দল ঘোছানোর কাজ সম্পন্ন করে ভেতরে ভেতরে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি হিসাবে অন্যান্য পরিকল্পনা করবেন।
এই ব্যাপারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেন, যেখানে আলোচনা শেষ করে গিয়েছিলেন অস্কার ফার্নান্দেজ তারানকো সেখান থেকেই আলোচনা শুরু করতে হবে। সেখানে বিএনপি কেন ছাড় দিয়েছিল সেটা ম্যাডাম বলেছেন এর আগে তার বক্তৃতায়। সরকার ও আওয়ামী লীগ কথা দিয়ে কথা রাখেনি। এই কারণে আমরা চাই ধারাবাহিকতা বজায় রেখেই আলোচনা করতে হবে ও সমঝোতা হতে হবে।
তিনি বলেন, আমরা বিদেশিদের হস্তক্ষেপ চাই এটা সরকার সব সময় বলে আসলেও বিষয়টি তা নয়। বিষয়টি হচ্ছে বাংলাদেশের সংকট সমাধানের জন্য সরকারকেই আগ বাড়িয়ে ব্যবস্থা নিতে হবে।
আরেক উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, বিএনপি বিদেশিদের হস্তক্ষেপ কামনা করছে না। সরকার ক্ষমতায় থাকার জন্য এই অভিযোগ করে। কিন্তু দশম নির্বাচন হওয়ার তিন মাসের মধ্যে একাদশ নির্বাচন করার যে কথা দিয়েছিল সরকার বান কি মুন আসার পর আলোচনা করেই সেটা কার্যকর করতে হবে । সরকার ২০১৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে না।


























































