
পূর্বাশা ডেস্ক:
দল গোছানোর পাশাপাশি সরকারবিরোধী আন্দোলনের কৌশল খুঁজছে বিএনপি। আসন্ন ঈদুল ফিতরের পর আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করতে চায় দলটি। এর আগেই চেয়ারপারসন খালেদা জিয়া সারাদেশে তৃণমূল পর্যায়ের নেতাদের মনোভাব ও এলাকার অবস্থা জেনে নিতে চান। নির্বাচনকালীন সরকার ও আন্দোলনের রূপরেখা দেওয়ার পর দেশবাসীর জনমত সৃষ্টির জন্য তিনি দেশের কয়েকটি বিভাগীয় শহর ও জেলা শহরে জনসংযোগ-সমাবেশ করবেন বলে জানা গেছে। তবে ভেতরে ভেতরে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে তারা ৩০০ আসনের জন্য যোগ্য প্রার্থীর অনুসন্ধান করছে।
এ প্রেক্ষাপটে চলতি মাসের ১০ মে বিএনপির রূপরেখা ‘ভিশন ২০৩০’ নিয়ে সংবাদ সম্মেলন করতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে গেলে ২০৩০ সালের মধ্যে কী কী কাজ করবে, এতে তিনি তা তুলে ধরবেন। তবে এই ভিশনের সঙ্গে নির্বাচনী ইশতেহার ও সহায়ক
সরকারের রূপরেখার কোনো সম্পর্ক নেই বলে জানা গেছে।
বর্তমানে বিভিন্ন জেলায় আগামী নির্বাচন ও আন্দোলনকে কেন্দ্র করে দলের কর্মিসভা চলছে। কর্মিসভাকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতারা বিভিন্ন জেলা সফরে আছেন। জেলা সফরের সময় তারা আগামী নির্বাচনের জন্য যোগ্য প্রার্থী কে হতে পারেন এবং আন্দোলনের ডাক দিলে কতটুকু সফল হবে, তা নিয়ে আলোচনা করবেন। স্থানীয় নেতাদের মনোভাব ও অবস্থা জানার পর ঢাকায় এসে প্রত্যেক টিমের প্রধান একটি সাংগঠনিক প্রতিবেদন তৈরি করে দলের চেয়ারপারসনের কাছে জমা দেবেন।
সূত্র জানায়, আগামী নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা যাতে বর্তমান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক না হয় সেদিকেও দলটি বিশেষভাবে নজর রাখছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির কয়েকজন সদস্য ও বিএনপি সমর্থক কয়েকজন সাবেক আমলা ও বুদ্ধিজীবীকে এ রূপরেখা চূড়ান্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া রূপরেখা প্রণয়নের পর জনমত গঠনে মাঠে নামবেন। এ রূপরেখা মেনে না নিলে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার কৌশল নিচ্ছে। অবশ্য নির্বাচন পদ্ধতি নিয়ে সরকারের সঙ্গে দর কষাকষিও করবেন তারা।
আগামী একাদশ সংসদ নির্বাচনের ব্যাপারে ভেতরে ভেতরে প্রস্তুতি থাকলেও এ নির্বাচনে অংশগ্রহণ করবে কি-না, তা এখনও চূড়ান্ত করেনি বিএনপি। ওই সময় কোন ধরনের সরকার থাকবে, দলের প্রস্তাবিত এ-সংক্রান্ত রূপরেখাকে বর্তমান সরকার কোন দৃষ্টিভঙ্গিতে দেখবে- এসবের ওপর নির্ভর করছে নির্বাচনে দলটির যাওয়া না-যাওয়া বিষয়টি। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির একাধিক নেতা জানান, নির্বাচনকালীন সহায়ক সরকার গঠনের রূপরেখা তৈরির কার্যক্রম প্রায় শেষের দিকে। রূপরেখার বিভিন্ন ধারা-উপধারা ও অনুচ্ছেদে কী কী বিষয় থাকতে পারে, তা নিয়ে এরই মধ্যে খালেদা জিয়া দলসমর্থক বিশিষ্ট সাবেক আমলা ও বিশিষ্ট নাগরিক সমাজের বেশ কয়েকজন বুদ্ধিজীবীর সঙ্গে আলোচনা করেছেন।
সূত্র জানায়, নির্বাচনকালীন ‘সহায়ক সরকার’ সম্পর্কে একটি রূপরেখা প্রস্তাবের পাশাপাশি নির্বাচন পদ্ধতি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা-সংলাপের ব্যাপারে দর কষাকষি করবেন বিএনপির শীর্ষ নেতারা। সংলাপের পরিবেশ সৃষ্টি হলে বিএনপি নেতারা জাতীয় সরকারের প্রস্তাবসহ জনপ্রশাসন, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও এলজিআরডি মন্ত্রণালয় নিরপেক্ষ ব্যক্তির হাতে দেওয়ার বিষয় তুলে ধরতে পারেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমকালকে বলেন, ‘আমরা দল গোছানোর পাশাপাশি নির্বাচনের জন্যও প্রস্তুত। সরকার আমাদের দেওয়া রূপরেখা মেনে না নিলে এবং নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনায় না এলে দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
বিএনপি বলছে, যে নামেই হোক, আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। না হলে বিএনপি নির্বাচনে অংশ নেবে না- এমন হুঁশিয়ারি ও ইঙ্গিত মিলছে। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সরকারের মন্ত্রী-এমপি ও নেতারা বিভিন্ন সভা-সমাবেশে বলেছেন, ‘সংবিধান মতে বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। বিএনপি নির্বাচনে না গেলে তাদের দলীয় নিবন্ধন বাতিল হবে। নিবন্ধন রক্ষায় আগামী নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করতেই হবে।’ যদিও বিএনপি নেতারা মনে করেন, সরকার নিবন্ধন বাতিলের ভয়ভীতি দেখালেও এবার বিএনপিকে ছাড়া নির্বাচন হলে সরকারের ওপর মানুষের আস্থা পুরোপুরি ধসে পড়বে।
এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বিএনপির নির্বাচনী রূপরেখা তৈরির কাজ চলছে। শিগগির দলের চেয়ারপারসন খালেদা জিয়া রূপরেখার প্রস্তাব দেবেন। এ রূপরেখা উপেক্ষা করলে আন্দোলনের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকার কায়েম করে বিএনপি নির্বাচনে যাবে।’
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সমকালকে বলেন, ঈদুল ফিতরের পর দল আরও চাঙ্গা হবে। তখন থেকে পর্যায়ক্রমে আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়া হবে বলে তিনি জানান।
পূর্বাশানিউজ/০৮-,মে ২০১৭/মাহি























































