ডেস্ক রিপোর্ট :একাদশ সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অংশগ্রহণ নিয়ে চলছে বিতর্ক। দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের সাজা হয়েছে খালেদা জিয়ার। ইতোমধ্যে খালেদা জিয়ার পক্ষে ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনের মনোনয়নপত্র নেওয়া হয়েছে। কেউ বলেছেন, কারাদন্ডের কারণে তিনি নির্বাচন করতে পারবেন না। কেউ বলেছেন তিনি নির্বাচন করতে পরবেন।
আদালতের রায়ের বিরুদ্ধে কেউ উচ্চআদালতে আপিল করলে সেই ব্যক্তি নির্বাচন করতে পারবেন কিনা সে বিষয়ে ইসি কোনো ব্যাখ্যা দেয়নি। খালেদা জিয়ার নির্বাচনে প্রার্থিতার বিষয়ে রিটার্নিং কর্মকর্তা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। ইসি সচিবালয়ে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রফিকুল ইসলাম বলেন, মনোনয়নপত্রের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রিটার্নিং কর্মকর্তার। তিনি যেখানে ভোট করতে মনোনয়নপত্র জমা দেবেন, সেই আসনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে তিনি (খালেদা জিয়া) রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে ক্ষুব্ধ হলে কমিশনে আপিল করতে পারবেন। আমরা ফুল কমিশন বসে ওই আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেব। এখানে রায় বিপক্ষে গেলে তার আদালতে যাওয়ার সুযোগ রয়েছে।
ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত দশ বছরের যে কারাদণ্ডের আদেশ দিয়েছেন, সেটা তার নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে আইনগত কোনো বাধা হয়ে দাঁড়াবে না। সংবিধানের ৬৬(২) অনুচ্ছেদে সংসদ সদস্য হওয়ার অযোগ্যতা সম্পর্কে বলা হয়েছে। সেখানে (ঘ) উপ-অনুচ্ছেদে বলা হয়েছে- কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে দুই বছর কারাণ্ডে দণ্ডিত হলে এবং মুক্তিলাভের পর ৫ বছর অতিবাহিত না হলে তিনি নির্বাচনে অংশগ্রহণের উপযুক্ত হবেন না।
এখন আইন বলছে, নির্বাচনে অংশ নেয়ার অযোগ্যতাটি কার্যকর হবে তখনই, যখন কারো বিরুদ্ধে সাজার চূড়ান্ত রায়টি আপিল আদালতে ঘোষণা করা হবে। অথবা যখন কেউ আপিল করার নির্ধারিত সময় পর্যন্ত আপিল ফাইল না করবে। এই একই পরিস্থিতির উদ্ভব হয়েছিলো, এইচ এম এরশাদ যখন জনতা টাওয়ার মামলায় দোষী সাব্যস্ত হন। বিচারিক আদালতে তার ৭ বছরের কারাদণ্ড হয়। এরশাদ তখন নির্বাচিত সংসদ সদস্য। কিন্তু যেহেতু তার মামলাটি আপিল আদালতে বিচারাধীন ছিলো, তাই তিনি তার পুরো মেয়াদ এমপি হিসাবে বহাল থাকলেন। এমনকি পরের নির্বাচনেও অংশ নিলেন। তখন এটি নিয়ে কোন আপত্তি ওঠেনি, পরের নির্বাচনেও তিনি নির্বাচিত হলেন। এরপর ২০০০ সালের ২৪ আগস্ট হাইকোর্ট বিভাগ তার আপিল খারিজ করে দিলে ৩০ আগস্ট নির্বাচন কমিশন তার আসনটি শূন্য ওঘাষণা করে।
সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, খালেদা জিয়া একটাতে ১০ বছর এবং আরেকটাতে সাত বছর সাজাপ্রাপ্ত হয়েছেন। তিনি আপিল করার সুযোগ পেলেও আপিল শুনানি করে নির্দোষ প্রমাণের বিষয়টি সময়সাপেক্ষ। কাজেই এই পরিস্থিতিতে সংবিধানে যে বিধান আছে তাতে তিনি অযোগ্য হবেন। ফলে নির্বাচনে অংশ নিতে তিনি পারবেন বলে আমার মনে হয় না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক আসিফ নজরুল খালেদা জিয়ার প্রার্থীতা নিয়ে বিবিসিকে বলছেন, খালেদা জিয়ার নির্বাচন করতে পারবেন কিনা তার চাইতেও বড় প্রশ্ন হচ্ছে নির্বাচনের সময় তিনি জেলের ভেতরে থাকবেন না মুক্ত থাকবেন।
তিনি বলেন, খালেদা জিয়া যদি নির্বাচনে অংশ নিতে না-ও পারেন, তবুও তিনি যদি জামিনে থাকেন এবং প্রচারাভিযানে অংশ নিতে পারেন তাহলে এই কারাদণ্ড বিএনপির জন্য নেতিবাচক না হয়ে বরং ইতিবাচক হতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে, কোন কারণে যদি বেগম জিয়া জামিন না পান, এবং তার বিরুদ্ধে আরো মামলা রয়েছে সেটাও মনে রাখতে হবে – তিনি যদি ক্যাম্পেইনটা করতে না পারেন বিএনপি পরিস্থিতিটা কতটা কাজে লাগাতে পারবে সেটা নিয়ে কিছুটা সন্দেহ থাকবে। তাই বেগম জিয়া নির্বাচনের সময় জামিনে মুক্ত থাকবেন কিনা এটার ওপর অনেক কিছু নির্ভর করে।
খালেদা জিয়ার আইনজীবীরা বলছেন, হাইকোর্টে আপিল গৃহীত হলে খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন দাবি করেন, ১৭ বছর সাজা হয়েছে, তাই আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না খালেদা জিয়া। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা বলেছেন, হাইকোর্টে আপিল গৃহীত হলে নির্বাচনে বাধা নেই। তাদের যুক্তি, বর্তমান সরকারের অন্তত তিন মন্ত্রী নিম্ন আদালতে দণ্ডিত হয়েছেন। এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে লড়ছেন। বর্তমান সংসদের কয়েকজন এমপিও সাজা পেয়ে উচ্চ আদালতের স্থগিতাদেশ নিয়ে নির্বাচিত হয়েছেন।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, সাজা বাতিল না হলে নির্বাচন করতে পারবেন না খালেদা জিয়া। মাহবুবে আলম বলেন, সংবিধান অনুযায়ী কোনো আসামি দুই বছর সাজা পেলেই তার কোনো নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নেই। সে হিসেবে খালেদার সাজা বাতিল না হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। নিম্নআদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাত বছরের সাজা হয়েছে।

























































