শুক্রবার,৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » ছাত্র-জনতার আন্দোলনে ২ হাজার মানুষকে হত্যা করেছেন হাসিনা: মির্জা ফখরুল


ছাত্র-জনতার আন্দোলনে ২ হাজার মানুষকে হত্যা করেছেন হাসিনা: মির্জা ফখরুল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৯.২০২৪

মানুষকে হত্যাছাত্র-জনতার আন্দোলনে ২ হাজার মানুষকে হত্যা করেছেন হাসিনা: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা ২ হাজার মানুষকে হত্যা করেছেন। তিনি বলেন, গত ১৫-১৬ বছরে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। বিএনপির নেতা-কর্মীদের জেলে রাখা হয়েছে এবং অত্যাচারের স্ট্রীম রোলার চালানো হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা ঈদগাহ ময়দানে উপজেলা বিএনপির আয়োজনে এক জনসভায় এসব মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, আল্লাহ সীমালঙ্ঘনকারীকে ক্ষমা করেন না। তিনি যাকে খুশি রাজা বানান আবার যাকে খুশি ফকির বানান। শেখ হাসিনা নিজেকে রাজরাণী মনে করতেন, তবে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। গণভবনে ছাত্র-জনতার আগমন দেখে ভয়ে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে গেছেন। প্রভাবশালী হাসিনা ভয়ে ভারতে গিয়ে করুণ অবস্থায় আশ্রয় নিয়েছেন।

তিনি আরও বলেন, আমি নিজে এগারো বার কারা বরণ করেছি। যারা আমাদের ওপর নির্যাতন করেছে, জমি দখল করেছে, তারা এখন জেলে রয়েছে। বিএনপি-জামায়াতের মানুষদের নির্যাতন করার জন্য তারা আয়নাঘর বানিয়েছিল। গোলাম আজমের ছেলে আজমীকে ৮ বছর ধরে আয়নাঘরে নির্যাতন করেছে। আমাদের অনেক নেতা-কর্মীকে তারা গুম করেছে। এখনো অনেক মানুষের খবর আমরা পাইনি।

বিএনপির মহাসচিব সীমান্তে গুলি করলে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ভারত সীমান্তে আমাদের গুলি করে। আমরা ভালোভাবে থাকতে চাই, তবে গুলি করলে প্রতিবাদ করা হবে। সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। আমাদের সবার কাছে প্রিয় হতে হবে। আওয়ামী লীগের মতো আচরণ করলে আমাদেরও একই পরিণতি হবে।

ওবায়দুল কাদেরকে নিয়ে তিনি বলেন, তিনি বলতেন ‘খেলা হবে, পালাবো না’। পালালে দেশের বাইরে যাব না, আমার বাসায় আসবেন। এখন তিনি কোথায় চলে গেছেন তা দেশবাসীও জানে না। অনেকের মতে, তিনি ভারতে চলে গেছেন। এই দেশের মানুষের বিরুদ্ধে থাকার কারণেই তাকে পালিয়ে যেতে হয়েছে।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহেরসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি