মানহানি মামলায় মুক্তি পেলেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মানহানির একটি মামলা থেকে খালাস দিয়েছে হবিগঞ্জের একটি আদালত।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক আবদুল আলীম এ রায় দেন। আদালতের পরিদর্শক নন্দন কান্তি ধর জানান, মামলায় তারেক রহমানের নামে জারি করা গ্রেফতারি পরোয়ানা বাতিল করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তা ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
২০১৫ সালের ২৪ এপ্রিল, তারেক রহমান ইংল্যান্ডের একটি পত্রিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বক্তব্য দেওয়ার কারণে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও আইনজীবী আসাদুজ্জামান খান তুহিন এই মানহানির মামলা দায়ের করেছিলেন।
আদালতের পেশকার তাজুর ইসলাম জানান, ২০১৮ সাল থেকে বাদী আদালতে উপস্থিত হননি এবং প্রয়োজনীয় কাগজপত্রও জমা দেননি। এ কারণে ফৌজদারি কার্যবিধির ২০৪(৩) ধারায় বিচারক মামলাটি খারিজ করে দিয়ে তারেক রহমানকে অব্যাহতি দেন।























































