বৃহস্পতিবার,১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


মিয়ানমারে নির্বাচন ঠেকাতে আরাকান আর্মির ঘোষণা


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৮.২০২৫

মিয়ানমারে নির্বাচন ঠেকাতে আরাকান আর্মির ঘোষণা

মিয়ানমারে নির্বাচন ঠেকাতে আরাকান আর্মির ঘোষণা

আন্তর্জাতিক ডেস্কঃ

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর জারি করা জরুরি অবস্থা গত জুলাইয়ের শেষে প্রত্যাহার করে মিয়ানমারের জান্তা সরকার ঘোষণা দিয়েছিল, আগামী ডিসেম্বরেই সাধারণ নির্বাচন হবে। তবে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি স্পষ্ট জানিয়েছে, তাদের নিয়ন্ত্রিত এলাকায় এই নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না।

আরাকান আর্মির পাশাপাশি অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী আইনপ্রণেতা এবং অন্যান্য জান্তাবিরোধী গোষ্ঠীগুলোও নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। এদিকে জাতিসংঘের এক বিশেষজ্ঞ এই নির্বাচনের তীব্র সমালোচনা করে একে ‘প্রতারণা’ আখ্যা দিয়েছেন। তার মতে, এই ভোট আয়োজনের উদ্দেশ্য কেবল জান্তার ক্ষমতা টিকিয়ে রাখা।

অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের অধিকাংশ অংশ এখন আরাকান আর্মির দখলে, যেখানে ১৭টি শহরের মধ্যে অন্তত ১৪টিই তাদের নিয়ন্ত্রণে রয়েছে। গোষ্ঠীটির মুখপাত্র খাইং থু খা বলেছেন, “জনসমর্থনবিহীন নির্বাচন জনগণের কোনো উপকারে আসবে না, বরং বিভ্রান্তি বাড়াবে। জান্তা-নিয়ন্ত্রিত এলাকায় নির্বাচন হতে পারে, কিন্তু আমাদের এলাকায় তা সম্ভব নয়।”

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মিয়ানমারের ৫ কোটি ১০ লাখ মানুষের মধ্যে প্রায় ২৫ লাখ রাখাইনে বসবাস করেন। ২০২৩ সালের শেষ দিকে আরাকান আর্মি ও সামরিক জান্তার মধ্যে থাকা যুদ্ধবিরতি ভেঙে গেলে নতুন করে সংঘর্ষ শুরু হয়। পরবর্তীতে অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোও আরাকান আর্মির সঙ্গে জান্তাবিরোধী যুদ্ধে অংশ নেয়।

জান্তাবাহিনী এসব হামলার জবাবে রাখাইনে ব্যাপক বিমান হামলা চালায় এবং উপকূলীয় এই রাজ্যকে কার্যত অবরুদ্ধ করে ফেলে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি