শুক্রবার,১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


‘বাংলাদেশের কাছে গণমুখী ক্ষমা প্রার্থনা’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১২.২০১৫

genocide-4-400x280
মোহাম্মদ আলী বোখারী, টরন্টো থেকে : শুধুমাত্র ‘শিষ্টাচারসম্মত’ বিশ্বের পাকিস্তানিদের একাত্তরের গণহত্যায় বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার দাবিটি ‘চেঞ্জ ডটঅর্গ’-এ তুলেই থামেননি, বরং তা নিনাদভেদী হয়েছে পাকিস্তান টুডে পত্রিকার উপসম্পাদকীয় পাতায়। সেই দাবির উদ্যোক্তা আফ্রিকার রুয়ান্ডার অর্থমন্ত্রণালয়ের কর্মকর্তা ইমাদ উদ্দীন আহমেদের ‘ক্রাউড-সোসিং এন অ্যাপোলজি টু বাংলাদেশ’ বা বাংলাদেশের কাছে গণমুখী ক্ষমা প্রার্থনার উপসম্পাকীয়টি সবিশেষ গুরুত্বে ছেপেছে। এমনকি সেটির অনলাইন সংস্করণে বাংলাদেশের একমাত্র দৈনিক আমাদের অর্থনীতির ৮ ডিসেম্বর প্রকাশিত এই প্রতিনিধির প্রতিবেদনসহ ‘চেঞ্জ ডটঅর্গ’-এর মূল আবেদনটিও ‘রিট্রিভাল লিঙ্কে’ স্থান পেয়েছে।

যদিও তাতে বিরূপ প্রতিক্রিয়ায় অনলাইন পাঠকের ৬টি মন্তব্যও রয়েছে। তাতে জনৈক আব্দুল কুদ্দুস লিখেছেন- ‘কার কাছে ক্ষমা চাওয়া যারা বিশ্বাসঘাতকের মতো মাতৃভূমিতে বিদ্রোহ করেছে? আজ নয়, আগামীতেও নয়’। আরেক পাঠক আলেক্স নরম্যান লিখেছেন- ‘আপনি ভুল করছেন। বাংলাদেশ সরকারের কতিপয় কর্মকর্তা ছিলেন মুক্তিবাহিনী, এমনকি প্রেসিডেন্ট জিয়াউর রহমানও ছিলেন মুক্তিবাহিনী। আপনি জানেন কিনা এই সন্ত্রাসীরা কী নৃশংসতা মুজিবুর রহমানের সমর্থনে করেছিলেন। আপনি হাজার মাইল দূরে বসে কল্পনার এ বক্তব্য রাখতে পারেন, আমরা সেই সন্ত্রাস নিরপরাধ মানুষের প্রতি দেখেছি, একমাত্র কারণ তারা ওদের ভাষায় কথা বলেনি। আমি জানিনা আপনি কতটুকু বাংলাদেশ যুদ্ধের ইতিহাস জানেন, পাকিস্তান ও বাংলাদেশের রাজনীতিকদের সবটাই বিশ্বাস করবেন না। দয়া করে ভারতীয় লেখিকা শর্মিলা বোসের ডেড রিকনিং বইটি পড়–ন’।

অথচ ইমাদ উদ্দীন আহমেদ এমন প্রতিঘাতেও অবিচল। তার ফেসবুকে ওই উপসম্পাকীয়টির পোষ্টে পছন্দের অভিব্যক্তি প্রকাশ করেছেন ইন্টারন্যাশনাল ক্রাইম ষ্ট্রেটেজি ফোরামের অক্সফোর্ড গ্রাজুয়েট বাংলাদেশি রায়হান রশিদ। আর ইমাদ তাতে নিজের মন্তব্যে তুলে ধরেছেন বার্তা সংস্থা এএফপি’র প্রতিনিধি ইশাম আহমেদের প্রদানকৃত আরো রক্তহীম করা চিত্র। সেই চিত্রে রয়েছে ২০১৪ সালে ব্রিগেডিয়ার এফ বি আলী রচিত গ্রন্থ ‘প্রিজন জার্নি’তে সন্নিবেশিত জনৈক নেভাল অফিসারের চিঠির বক্তব্য, যা ১৯৭১ সালের ১২ এপ্রিল চট্টগ্রাম থেকে করাচিতে প্রেরিত হয়। চিঠির বক্তব্য- “গর্ব করছি না, তবে এতোটাই হত্যাযজ্ঞ চালিয়েছি তাতে সবাই আমাদের ‘টিএইচবিএস’ (ট্রিগার হ্যাপি বাসটার্ডস স্কোয়াড) নামে ডাকছে।  সবাই বলছে আমাদের আরো বাঙালি হত্যা করা উচিত ছিল, কেননা যা তারা আমাদের লোকের উপর করেছে। শত শত মানুষকে নেভি আটক করেছে, যা আর্মিও বিশ্বাস করেনি। তারা আটক করেছে এবং প্রথমেই শেষ করে দিয়েছে। পুরো চট্টগ্রামটাই একটা মৃতের শহরে পরিণত হয়েছে, যার অধিকাংশই পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। কর্ণফুলি নদীতে ঠাসা মৃতদেহ ভাসছে। একটা কথাও রেডিও পাকিস্তান বিশ্বাস করবে না”।

সেই পূর্বাপর একাগ্রতায় ইমাদ উদ্দীন আহমেদ পাকিস্তান টুডে’র উপসম্পাকীয়টি লিখেছেন। তাতে লিখেছেন- প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো ১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানের পরাজয়ের আগেই আত্মসমর্পণের বিষয়টি বুঝতে হামুদুর রহমান কমিশন গঠন করেন। সেখানে ভারত থেকে মুক্তি পাওয়া যুদ্ধবন্দিদের বক্তব্যে প্রতিভাত যে, ‘সামরিক হস্তক্ষেপের আগে-পরে পূর্ব পাকিস্তানের জনগণের উপর হানাদারের মতো আচরণ করেছে’। রিপোর্টটি বলেছে, ‘সেখানে ব্যক্তিগত নির্দেশ ও কর্তৃত্ব’ স্থাপনের ক্ষেত্রে একজন জেনারেল ‘হত্যা ও ধর্ষণে প্রণোদিত’ করার প্রমাণ রেখেছেন। তাতে উল্লেখ রয়েছে ‘হিন্দু নির্মূলের মৌখিক নির্দেশ ছিল’।

ইমাদ আরো লিখেছেন- পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের মানুষের উপর নৃশংসতা চালিয়েছে সেটি অবগুন্ঠনের সুযোগ নেই। অথচ কিছুদিন আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মর্মাহত চিত্তে বলেছে ‘পাকিস্তান সরকার সংঘটিত অপরাধ বা যুদ্ধাপরাধ প্রত্যাখ্যান করেছে’।

ইমাদ লিখেছেন- তারও আগে পাকিস্তান সৌহার্দ্য সৃষ্টির উদ্যোগ নেয়। মুসলিম দেশগুলোর চাপে ১৯৭৪ সালে পাকিস্তান স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। কোন প্রকার হঠকারিতা ছাড়াই প্রেসিডেন্ট জিয়াউল হক ও পারভেজ মোশাররফ সাভারে বাংলাদেশ যুদ্ধের স্মৃতিসৌধ পরিদর্শন করেন। মোশাররফ সেখানে পরিদর্শন বইয়ে লিখেছেন, ‘১৯৭১ সালের মর্মন্তুদ ঘটনায় সহমর্মী আপনার পাকিস্তানের ভাই ও বোনেরা। যে হানা দেওয়া হয়েছিল তা অনাকাঙ্খিত ও দুঃখজনক’। পরে এক নৈশভোজে তিনি বলেছেন, ‘আমাদের দুই দেশের মাঝে রেখে যাওয়া ক্ষতের বিয়োগান্ত ঘটনায় আমি বাংলাদেশের জনগণের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি’। এখানেই লক্ষণীয়ভাবে ইমাদ প্রশ্ন রেখেছেন- কার ‘হানা’? সেই ‘বিয়োগান্ত ঘটনা’ কে ঘটিয়েছে? এগুলো ২০০২ সালের ঘটনা, কিন্তু পূূর্ণাঙ্গভাবে রাষ্ট্রীয় কোনো ক্ষমা চাওয়া হয়নি।

এরপর ২০১২ সাল থেকে এ বিষয়ে অগ্রগতির পরিবর্তে অধঃগতি ঘটেছে। ঢাকা পতনের ৪২তম বার্ষিকীতে আমাদের জাতীয় পরিষদ বাংলাদেশ সরকারকে উর্দুতে বলেছে- ঔপনিবেশিক বাংলাভাষী পূর্ব পাকিস্তান একাত্তর নিয়ে যেন ফোঁড়ন না কাঁটে। তারপর সেই জাতীয় পরিষদ ১৯৭১ সালের যুদ্ধাপরাধে দন্ডিত বাংলাদেশের জামায়াত নেতার প্রতি সমবেদনা প্রকাশ করে। এমনকি বাংলাদেশ সরকারকে জামায়াতের সঙ্গে মধ্যস্থতার কথা বলে এবং স্বরাষ্ট্রমন্ত্রী ওই দন্ড প্রতিপালনকে ‘বিচারিক হত্যা’ আখ্যা দেন। একইভাবে প্রতিপক্ষের প্রতি পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই নৃশংসতার অস্বীকৃতি অসন্তোষ জাগিয়েছে।

তাই পরিশেষে ইমাদ লিখেছেন, পাকিস্তান সরকার তার শিষ্টাচারসম্মত জনগণকে প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়েছে। সেজন্যই এই অনলাইন ক্ষমা প্রার্থনা একটি স্থায়ী স্মারকের প্রতিফলন হতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি