দক্ষিণ এশিয়ার নৌ-নিরাপত্তা ইস্যুতে ভারসাম্য রক্ষায় বাংলাদেশের ভূমিকা বিষয়ক এক নিবন্ধ প্রকাশ করেছে আন্তর্জাতিক নৌ-নিরাপত্তা গবেষণা সংস্থা সেন্টার ফর ইন্টারন্যাশনাল মেরিটাইম সিকিউরিটি (সিমসেক)।
কানাডার নৌ গবেষণা সংস্থা আটলান্টিক কাউন্সিল এবং জাপানের কনস্যুল জেনারেল অফিসের রাজনৈতিক উপদেষ্টা পল প্রাইসের লেখা ‘বাংলাদেশ অ্যান্ড সাউথ এশিয়া’স মেরিটাইম ব্যালেন্স’ শীর্ষক ওই নিবন্ধে উঠে এসেছে, দক্ষিণ এশিয়ায় চীন এবং ভারতের নৌ প্রতিযোগিতা এবং তাতে বাংলাদেশের ভূমিকার কথা।
নিবন্ধে লেখা হয়, দক্ষিণ এশিয়ার নৌ নিরাপত্তার বেশিরভাগ অংশই ভারত এবং এর প্রতিপক্ষ চীনের ভারসাম্যপূর্ণ শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়।
একদিকে ভারত তার বিক্রান্ত শ্রেণির যুদ্ধ বিমান, পরমাণু শক্তিসম্পন্ন এরিহ্যান্ট শ্রেণির ব্যালেস্টিক মিসাইল সাবমেরিন এবং নৌ-শক্তি বৃদ্ধি ও এর আধুনিকায়নের কাজ করছে। অন্যদিকে চীনের নৌবাহিনী ভারত সাগরে টহল দিচ্ছে, যাকে ভারত চীনের ক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবে দেখছে।
২০১২ সালে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে, যাকে ভারত ও চীন মালাক্কা প্রণালির চেকপয়েন্ট বলে মনে করে, ভারতের ‘আইএনএস বাজ’ নৌ-বিমান ঘাঁটি স্থাপনের আগ পর্যন্ত দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি দৃশ্যমান ছিল পাকিস্তান ও ভারতের অন্তহীন দ্বন্দ্ব।
তবে ইতিমধ্যে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভূ-রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা বাংলাদেশের নৌ সক্ষমতা সবার দৃষ্টি আকর্ষণ করেছে।
ভারত এবং মিয়ানমারকে বিচ্ছিন্ন করা বঙ্গোপসাগরের মোহনায় থাকা বাংলাদেশের অবশ্যই বলিষ্ঠ নৌবাহিনী দরকার।
বাংলাদেশ সরকার বুঝেশুনে বিনিয়োগ করতে পারলে এশিয়ার উদীয়মান পরবর্তী ১১ দেশের তালিকায় থাকা এই দেশটির উল্লেখযোগ্য প্রবৃদ্ধির সম্ভাবনা আছে।
বাংলাদেশের নৌবাহিনীর জন্য বেশ কয়েকটি ক্রয় প্রকল্প দেখে বোঝা যাচ্ছে, তারা সঠিকপথেই এগোচ্ছে।
২০১৬ সালের মধ্যে বাংলাদেশ চীনের কাছ থেকে পেতে যাচ্ছে দুটি মিং-৩ শ্রেণির ডিজেল ইলেকট্রিক সাবমেরিন। এগুলো ১৯৫৭ সালে সোভিয়েত ইউনিয়নের তৈরি শাক্তিশালী রোমিও শ্রেণির সাবমেরিনের উন্নত রূপ। এসব সাবমেরিন প্রায় ২ হাজার ১১০ টন ভার বহনে সক্ষম।
প্রাথমিকভাবে এগুলো প্রশিক্ষণের কাজে লাগানো হবে। এর আগে বাংলাদেশের নিজস্ব কোনো সাবমেরিন ছিল না। পরে রাশিয়া এবং দক্ষিণ কোরিয়া থেকে আরও ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন কেনার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের।
এ ছাড়া ২০১৫ সালের শেষ নাগাদ ১৫০০ টন ভার বহনে সক্ষম দুটি জিয়াদাও শ্রেণির সাবমেরিন চীনের কাছ থেকে পেতে যাচ্ছে বলে আশা করা যায়। এর জন্য ইতিমধ্যে চীনের কাছে অর্ডার দিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ এসব নৌজাহাজ পেলে সাগরে তার সক্ষমতা এবং আধুনিকায়ন প্রক্রিয়া আরও এগিয়ে নিয়ে যেতে পারবে। এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে আধুনিক নৌযান হচ্ছে বিএনএস বঙ্গবন্ধু।
১৯৮০ সালে চীনের তৈরী দুটি জিয়াংহু-৩ এবং একটি জিয়াংহু-২ শ্রেণির ফ্রিগেটসহ ১৯৭৬ সালে রয়্যাল নেভির জন্য তৈরি একটি সালিসব্যুরি শ্রেণির একটি যুদ্ধ জাহাজ এবং ১৯৭০ সালে তৈরি হ্যামিলটন শ্রেণির দুটি জাহাজ ‘অ্যাকসেস ডিফেন্স আর্টিক্যাল প্রোগ্রামের’ আওতায় পর্যায়ক্রমে বাংলাদেশকে দেবে যুক্তরাষ্ট্র।
এর ফলে নৌবাহিনীর সাংগঠনিক সংস্কৃতি ও প্রশিক্ষণের প্রয়োজনীয় পরিবর্তন ছাড়াই বাংলাদেশ ভারত ও মিয়ানমারের মতো দেশগুলোর জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। এতে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সম্পর্কের অবনতি হতে পারে।
এসব থেকে বোঝা যায়, নৌ-শক্তিতে উদীয়মান বাংলাদেশ হয়তো বঙ্গোপসাগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভারতকে চ্যালেঞ্জ করবে না। তবে ভারত এবং চীনের মধ্যে চলমান বিবাদের ক্ষেত্রে একটি ভারসাম্য হিসেবে কাজ করবে। ফলে দক্ষিণ এশিয়ার অন্যান্য শক্তি বাংলাদেশের নৌ-শক্তির সম্প্রসারণ ও আধুনিকায়নের ওপর অবশ্যই দৃষ্টি রাখবে

























































