শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এবার মাঠেই খেল দেখাবেন ভাবনা!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১০.২০১৬

base_1475599089-99999999999999999999

পূর্বাশা ডেস্ক:

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ব্যাটিং কেমন করেন? উত্তরে হয়তো বলবেন, ভাবনাকে তো ব্যাটিং করতেই দেখিনি আদৌ, বলব কী করে। এর পর যদি প্রশ্ন করা হয়, ভাবনার ক্রিকেটের প্রতি টান কেমন? এক্ষেত্রে উত্তরগুলো পাওয়া যাবে এমন, বাংলাদেশ ক্রিকেট দল যখন মাঠে খেলতে নামে, তখন ভাবনাকে সেখানে দেখা যায়, যখন ক্রিকেটবিষয়ক অনুষ্ঠান হয়, সেখানেও তাকে কথা বলতে দেখা যায়; এমনকি ব্যাট হাতে, হেলমেট মাথায় নিয়ে প্রচ্ছদে পর্যন্ত মডেল হয়েছেন তিনি।

তো ক্রিকেট নিয়ে যার এত ভক্তি, তাকেই তো কোনো একটি দলের প্রধান হিসেবে মানায়, তাই না? এ কারণেই ভাবনাকে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলের অন্যতম দল ‘রংপুর রাইডার্স’-এর পরিচালক পদটি দেয়া হয়েছে। এত বড় একটি দায়িত্ব পেয়ে সম্ভবত ঘোরের মধ্যে আছেন ভাবনা। আর এই ঘোরের মধ্যেই টকিজের সঙ্গে নিজের অনুভূতি ব্যক্ত করলেন। উচ্ছ্বাসের সঙ্গে তার উত্তর, ‘আমি রংপুরের মেয়ে। তাই রংপুর রাইডার্সের প্রতি আমার আগে থেকেই দুর্বলতা ছিল। আর এখন দলটির সঙ্গে যুক্ত হতে পেরে সত্যিই গর্ব অনুভব করছি।’ এখন কি তাহলে সারাক্ষণ মাঠেই থাকবেন? ‘তা তো অবশ্যই। সবগুলো ম্যাচেই মাঠে থেকে দলকে উত্সাহিত করব।’ তাহলে অভিনয়? ‘অভিনয় তো সারা বছরই করি। আর এই খেলা তো কয়েক দিনের। ফলে কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না’— বলেন ভাবনা।

যদিও বিশেষ বিশেষ দিন ছাড়া ভাবনাকে পর্দায় খুব একটা দেখা যায় না। হাতেগোনা কয়েকটি একক নাটকের মধ্যেই তার উপস্থিতি সীমাবদ্ধ। আর আগ্রহ না থাকায় সিরিয়ালের আশপাশে তো থাকেন না বললেই চলে। ফলে অভিনয়ের ব্যস্ততা তার ক্রিকেটপ্রীতিকে বাধাগ্রস্ত করবে, এমনটা ভাবার কোনো কারণ নেই।

খেলা নিয়েই যখন কথা হচ্ছে, তখন এ প্রশ্নটি তো ভাবনাকে করাই যায়। রংপুর রাইডার্সের সঙ্গে যুক্ত হওয়ার আগে কোন দলকে সমর্থন করতেন? হাসি দিয়ে ‘সত্যি বলছি, আগাগোড়াই আমি রংপুর রাইডার্সের সমর্থক। আর আগে তো বলেই দিয়েছি, রংপুর আমার জন্মস্থান। ফলে এ দলের প্রতি বেশি ভালোবাসা থাকবে, সেটিই স্বাভাবিক।’

নিজের অভিনয় জীবনের কয়েকটি বছর পেরিয়ে গেলেও ভাবনা অভিনয় করেছেন মাত্র একটি চলচ্চিত্রে। নির্মাতা অনিমেষ আইচ পরিচালিত এ ছবিতে তাকে দেখা যাবে, ভারতীয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে। ফলে শুরুটা বেশ ভালোই হবে বলে আপাতত ধরে নেয়া যেতে পারে। তো এ ছবি নিয়ে আর কোনো কথাবার্তা নেই কেন? কবে নাগাদ সেটি মুক্তি পাবে? এমন প্রশ্নে দর্শককে আরেকটু ধৈর্য ধরার অনুরোধ করেন, ভাবনার উত্তর, ‘এই তো আর কয়েকটা দিন। ছবির বেশির ভাগ কাজ শেষ হয়ে গেছে। এখন গানের কিছু কাজ বাকি। আশা করি তাও দ্রুত শেষ করে ফেলতে পারব।’ চলচ্চিত্র প্রসঙ্গ উঠতেই ভাবনার কাছে আবার জানতে চাওয়া, ‘শেষ কোন ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখেছেন?’ জানিয়ে দিলেন আয়নাবাজির প্রিমিয়ার শো তিনি দেখেছেন। শুধু দেখেছেন বললেই ভুল হবে। ভাবনা নাকি যথারীতি কাগজে কলমে ছবিটিকে হোমওয়ার্ক হিসেবে ভাবছেন। তার ভাষায়, এ ধরনের ছবির মাধ্যমেই কিছু শেখা যায় আর নতুন অভিনেতারা তা নিজের জন্য কাজে লাগাতে পারে। বোঝা গেল, শুধু ক্রিকেটকেই নয়, ভাবনা ভালোবাসেন ছবিতে অভিনয় করতে। নিজেকে আরো বেশি দক্ষ করে তুলতে এখন থেকেই তিনি সব প্রস্তুতি নেয়া শুরু করেছেন। আর বাকিটা তো দর্শকের হাতে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি