বৃহস্পতিবার,৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে অনলাইন ‘জুয়ার আসর’ থেকে আটক ৮


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৭.২০২৬

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে অনলাইন ‘জুয়ার (বেটিং) আসর’ থেকে আটজনকে হাতেনাতে আটক করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার নিউ মার্কেটসংলগ্ন শফিক প্লাজায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- পৌর এলাকার পূর্ব পাইকপাড়ার মৃত জগদীস দেবনাথের ছেলে সুজন দেবনাথ (৪৮), কান্দিপাড়ার শাহজাহান ভূঁইয়ার ছেলে সালমান ভূঁইয়া (২৫), একই এলাকার মৃত মনির হোসেনের ছেলে মো. আকরাম হোসেন (৩৯), মৃত আফরোজ মিয়ার ছেলে মো. কায়েস মিয়া (৪২), গোকর্ণঘাটের মদন কর্মকারের ছেলে ঝন্টু কর্মকার (৩৪), কাজীপাড়ার মৃত ইদন মিয়ার ছেলে মো. আলামিন (৪৫), নাসিরনগর উপজেলার নরহা গ্রামের আলমগীর চৌধুরীর ছেলে শাহাদাত হোসেন চৌধুরী (৩৮) এবং কসবা উপজেলার শ্যামবাড়ির মৃত খায়রুল বাসারের ছেলে মো. জহর (২৫)।

র‍্যাব জানায়, অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে সাতটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ৬০ হাজার ৭১০ টাকা জব্দ করা হয়েছে। পরে তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় সোপর্দ করা হয়।

র‍্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়া কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরনবী জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অনলাইনে বিভিন্ন বেটিং সাইটের মাধ্যমে জুয়া পরিচালনা করে আসছিলেন। বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি