মঙ্গলবার,১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণপাড়ায় ১৪ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, গ্রেপ্তার ১


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৭.২০২৬

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। এ সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই) সকাল ৬টা ৪৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) ডিএমএ মজিদের নেতৃত্বে এএসআই (নিঃ) মো. সাইফুল আলম সিদ্দিকীসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ধান্যদৌল উত্তর বাজারে হাজী আলী আহাম্মেদ মার্কেটের সামনে কুমিল্লা-মিরপুর আঞ্চলিক সড়ক থেকে একটি প্রাইভেটকার তল্লাশি করে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় মো. নাছির উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার নয়নপুর (মোল্লা বাড়ি) গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। বর্তমানে তিনি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন উত্তর সায়েদাবাদ এলাকায় বসবাস করেন।পুলিশ জানায়, জব্দকৃত প্রাইভেটকারটির আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত গাড়ি আইনি প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাধ ও মাদক নির্মূলে আমাদের এই বিশেষ অভিযান চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি