পূর্বাশা ডেস্ক:
কলকাতার ছবিতে অভিনয় করার বদৌলতে সেখানে এখন বেশ পরিচিত একটি মুখ জয়া আহসান। কলকাতার বিভিন্ন টেলিভিশন চ্যানেলের বিশেষ দিবসের অনুষ্ঠানেও তাঁকে আমন্ত্রণ জানানো হয়। সেই ধারাবাহিকতায় এবার পূজা উপলক্ষে জয়াকে আমন্ত্রণ জানানো হলো কলকাতার সংবাদভিত্তিক চ্যানেল নিউজ ২৪-এ। এই চ্যানেলের পূজা–বিষয়ক একটি অনুষ্ঠানের বিচারক হয়েছেন তিনি। ফেসবুকের মাধ্যমে জয়া তেমনটাই জানালেন।
‘২৪ ঘণ্টা মহাপূজা’ নামের প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠানে অংশগ্রহণের অভিজ্ঞতা বেশ দারুণ বলে উল্লেখ করেন জয়া। তিনি জানান, এই অনুষ্ঠানের জন্য এক দিনে ১০টি পূজামণ্ডপ ও ১০টি পরিবারের সঙ্গে কথা বলেছেন তিনি। এসব পূজামণ্ডপে ঘোরার সময় তাঁর সঙ্গে আরও ছিলেন নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়, অভিনেত্রী পাওলি দাম প্রমুখ।
পূজা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে সৃজিত মুখার্জির নতুন সিনেমা ‘জুলফিকার’। এই সিনেমায় একঝাঁক তারকা অভিনয়শিল্পী কাজ করলেও নেই জয়া। কিন্তু গতকাল শুক্রবার কলকাতায় একসঙ্গে পূজা উদ্যাপন করতে দেখা গেল জয়া ও সৃজিতকে। পূজা উপলক্ষে তাঁরা সেলফিও তুলেছেন।
সৃজিত মুখোপাধ্যায়ের ‘রাজকাহিনি’ ছবিতে অভিনয় করেছিলেন জয়া।
সম্প্রতি জয়া আকরাম খান পরিচালিত অনুদানের চলচ্চিত্র ‘খাঁচা’র কাজ শেষ করেছেন। একই সঙ্গে কলকাতায় মনোজ মিশিগানের নির্দেশনায় ‘আমি জয় চ্যাটার্জি’ ছবির কাজও প্রায় শেষ। কলকাতায় সর্বশেষ তাঁর অভিনীত অরিন্দম শীল পরিচালিত ‘ইগলের চোখ’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে গত ১২ আগস্ট।
বর্তমানে জয়া আহসানের হাতে দুই বাংলার কয়েকটি ছবি রয়েছে। বাংলাদেশের ছবির মধ্যে রয়েছে নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’, আকরাম খানের ‘খাঁচা’ ও সাইফুল ইসলাম মান্নুর ‘পুত্র’।


























































