পূর্বাশা ডেস্ক:
খবরটা আগেভাগেই রটে গিয়েছিল যে এবার পূজায় ভারতের রাজধানী নয়াদিল্লি মাতাতে আসছেন বাংলাদেশের গায়ক জেমস। পূজার নবমীর আয়োজনে দিল্লির মাতৃমন্দিরের প্রধান আকর্ষণ তিনি। মঞ্চে ওঠার কথা স্থানীয় সময় রাত সাড়ে নয়টায়। কিন্তু সন্ধ্যার পর থেকেই ভিড় বাড়তে থাকে। সবাই জেমসের অপেক্ষায়। আয়োজকদের মোটামুটি হিমশিম খেতে হচ্ছিল ভিড় সামলাতে।
ঠিক সময়েই মঞ্চে উঠলেন বাংলাদেশের এ রকস্টার। শুরু করলেন তাঁর জনপ্রিয় গান ‘লেইস ফিতা লেইস’ দিয়ে। এরপর একে একে গাইলেন ‘মীরাবাঈ’, ‘দিদিমণি’, ‘সুন্দরীতমা’। বাংলার পাশাপাশি ‘চাল চালে’ আর ‘আলবিদা’র মতো তাঁর গাওয়া জনপ্রিয় হিন্দি গানগুলোও গেয়ে শোনান তিনি। এর মধ্যে দর্শকদের কাছ থেকে অনুরোধ এল ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’ গাওয়ার জন্য।
পূজায় আসা দর্শকেরা নেচে-গেয়ে সুর মেলাচ্ছিলেন জেমসের গানের তালে তালে। বাংলাদেশের মতো এখানেও যে তাঁর আকাশচুম্বী জনপ্রিয়তা, তা দর্শকদের সাড়া দেখেই বোঝা যাচ্ছিল। একটু পরপরই তাঁর কাছে যাচ্ছিল গানের অনুরোধ লেখা ‘চিরকুট’। কাউকেই নিরাশ করেননি জেমস। একটানা গেয়েছেন ১৫টির বেশি গান। তবে তাতেও দর্শকদের মন ভরেনি। তাই যাওয়ার আগে কথা দিলেন, শিগগিরই আবার গাইতে আসছেন।
টানা আড়াই ঘণ্টার বেশি গান করে মঞ্চ ছাড়েন জেমস। দর্শকদের মুখে তখনো লেগে আছে গান। দিল্লির একটি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষার্থী ওয়াকাস আহমেদ বাড়ি ফিরতে ফিরতেই গাইছিলেন ‘দিদিমণি’ গানটি। বলেন, গ্যাংস্টার সিনেমা থেকেই জেমসের গানের দারুণ ভক্ত তিনি। ইউটিউবে নিয়মিতই তাঁর গান শোনেন। লাইভ কনসার্টে নাকি জেমস আরও অসাধারণ। সংগীত যে কাঁটাতারের বেড়ায় বন্দী থাকতে চায় না, সেটাও বোঝা গেল আরেকবার।


























































