পূর্বাশা ডেস্ক:
বলিউডে খুব একটা সুবিধা করতে পারেননি বলিউড তারকা রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার কন্যা টুইংকেল খান্না। একের পর এক ছবি ফ্লপ হতে থাকলে বলিউড থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি। ২০০১ সালে অভিনেতা অক্ষয় কুমারকে বিয়ে করে সংসারী হন। সে বছরই মুক্তি পায় তাঁর শেষ ছবি ‘লাভ কে লিয়ে সালা কুছ ভি কারেগা’। অভিনয়ে নাম করতে না পেরে মন দিয়েছেন লেখালেখিতে। তাঁর লেখা প্রথম বই ‘মিসেস ফানি বোনস’ গত বছরের অন্যতম বেস্ট সেলার। আগামী মাসে প্রকাশিত হতে যাচ্ছে তাঁর দ্বিতীয় বই।
টুইংকেল খান্নার নতুন বইয়ের নাম ‘দ্য লিজেন্ড অব লক্ষ্মীপ্রসাদ’। লেখিকা তাঁর মাইক্রো ব্লগ টুইটারে বইটির ঘোষণা দিয়েছেন। লিখেছেন, ‘আশা করি আমার নতুন গল্পের বই আপনাদের অনেক হাসাবে, আর অল্প একটু বিষণ্ন করবে।’ এদিকে টুইংকেলের স্বামী অক্ষয় কুমারও টুইটারে স্ত্রীর নতুন বইয়ের প্রচারণা চালাচ্ছেন। এক টুইটবার্তায় বুধবার এই অভিনেতা লিখেছেন, ‘‘মিসেস ফানি বোনস’ তাঁর নতুন বই নিয়ে ফিরছেন। আমাকে নিয়ে ঠাট্টা করা ছাড়াও তিনি হাসির আর বুদ্ধিদীপ্ত গল্প লেখায় সিদ্ধহস্ত।’
চলচ্চিত্র ছাড়ার পর টুইংকেল পেশা হিসেবে নিয়েছেন অন্দরসজ্জাকে। পাশাপাশি নিয়মিত লেখালেখি করছেন তিনি। টুইংকেল-অক্ষয়ের রয়েছে দুই সন্তান। ছেলে আরভ ও মেয়ে নিতারা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।


























































