পূর্বাশা ডেস্ক:
শুরুতে ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘আয়নাবাজি’ সিনেমা। সপ্তাহ যেতে না যেতেই এই সংখ্যা বাড়তে থাকে। তৃতীয় সপ্তাহে এসে ছবিটি প্রদর্শিত হচ্ছে সত্তরের অধিক সিনেমা হলে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র বুকিং এজেন্ট সমিতির সভাপতি সারোয়ার আলী ভূঁইয়া। আজ শনিবার দুপুরে প্রথম আলোকে তিনি এ কথা বলেন।
মুক্তির পর থেকে ‘আয়নাবাজি’ সিনেমা বিভিন্ন শ্রেণি-পেশার দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। ঢাকার বিভিন্ন প্রেক্ষাগৃহে এই ছবির টিকিট সংকটের খবরও পাওয়া গেছে। শুধু তাই নয়, প্রেক্ষাগৃহে দর্শক নিয়ন্ত্রণ করতে একপর্যায়ে পুলিশেরও সহযোগিতা নিতে হয়েছে। সারোয়ার আলী ভূঁইয়া বলেন, ‘বহুদিন পর আমরা একটি ভালো বাংলা সিনেমা পেলাম। দিনকে দিন ছবিটি নিয়ে দর্শকের যে আগ্রহ, তা বহুদিন দেখিনি। ঢাকার পর তো এবার দেশের অন্যান্য প্রেক্ষাগৃহ মালিকেরাও ছবিটির প্রদর্শনী নিয়ে বেশ আগ্রহী হয়ে উঠছেন। আমি নিজেও ছবিটি দেখেছি। মনে হয়েছে, ছবিটির নির্মাণ ভালো। গল্প বলার ধরনটাও ভালো। শুধু তা-ই নয়, অভিনয়শিল্পীরাও খুব দারুণ অভিনয় করেছেন। বহুদিন এত চমৎকার ছবি দেখা হয়নি।’
‘আয়নাবাজি’ সিনেমার পরিচালক অমিতাভ রেজা বলেন, ‘প্রথম সপ্তাহে মাত্র ২১ হলে মুক্তি পেয়েছিল। আর এখন সেটা ৭২ হলে। সত্যি এটা দর্শকের ভালোবাসা ছাড়া কোনোভাবে সম্ভব হতো না। এটি সত্যি একটি অনন্য ভালোবাসার ঘটনা এটি।’
‘আয়নাবাজি’ সিনেমার প্রযোজক জিয়াউদ্দিন আদিল বলেন, ‘এটি আমাদের প্রযোজনায় নির্মিত প্রথম সিনেমা। ছবিটি নিয়ে এরই মধ্যে সব শ্রেণির দর্শকের কাছ যেভাবে আগ্রহ দেখছি তাতে আমরা অনুপ্রাণিত হচ্ছি। দর্শকেরা যেভাবে ছবিটি দেখছেন তাতে সামনে আরও ছবি নির্মাণের সাহস পাচ্ছি।’
৩০ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ‘আয়নাবাজি’ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, পার্থ বড়ুয়া, লুৎফর রহমান, গাউসুল আলম, বৃন্দাবন দাশ প্রমুখ।


























































