কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে এসেছিলেন শাহরুখ খান। অন্যদের মতো তাঁকেও মঞ্চে কিছু বলার আবেদন করেছিলেন অ্যাঙ্কর যিশু সেনগুপ্ত। আর নিজের বক্তব্য রাখতে গিয়ে বাংলা ভাষার সাহায্য নেন বাদশা। হিন্দি নয়, ইংরেজি নয়, একেবারে বাংলা। বক্তব্যের শুরুতে যখন তিনি সেকথা বলেন সমস্ত অডিটোরিয়াম হাততালি আর উচ্ছ্বাসে ফেটে পড়ে। খুশি হন মঞ্চে উপস্থিত জয়া বচ্চনও। পরিণীতি চোপড়াও তাঁকে উৎসাহ দেন।
বক্তৃতা দিতে গিয়ে শাহরুখ এও বলেন, “জয়া আন্টি, আমি আপনাকে প্রমিস করেছিলাম আমি আজ রাতে বাংলাতে কথা বলব।” তারপরেই বাংলায় বক্তব্য রাখতে শুরু করেন শাহরুখ। যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে সবাই যেন তাঁকে ক্ষমা করে দেয়, এই আবেদন করেন তিনি।
মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে তিনি তাঁর বক্তব্য শুরু করেন। “মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি উপস্থিত সকল সম্মানিত অতিথি এবং জুরি মেম্বাসরস বন্ধুগণ আপনাদের সবাইকে আমার নমস্কার।”
বক্তব্যের শুরুটা বাংলায় করলেও মাঝে তিনি ইংরাজিতেই কিছুক্ষণ কথা বলেন। তবে শেষ করেন তিনি বাংলাতেই বলেন, “আমি আগেও বলেছি, কলকাতা আমর প্রিয় শহর। কলকাতা ফিল্ম ফেস্টিভাল আমার প্রিয় উৎসব।” হাসি আর হাততালি তো বটেই। সেই সঙ্গে শাহরুখ দর্শকের থেকে প্রচুর উৎসাহও পান।


























































