শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নূহাশপল্লীতে হুমায়ূন আহমেদের জন্মদিন পালিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১১.২০১৬

gazipur-pic-13-11-2016-2

ডেস্ক রিপোর্টঃ

গাজীপুরের পিরুজালী গ্রামের নুহাশপল্লীতে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মদিন পালিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ৯টায় হুমায়ূন আহমেদের দুই ছেলে নিষিদ,নিনিত ও স্ত্রী মেহের আফরোজ শাওন তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে মোনাজাত শেষে নুহাশপল্লীতে স্থাপিত হুমায়ূন ম্যুরালের সামনে আপেল তলায় তার দুই ছেলে নিষিদ ও নিনিত কেক কাটেন। এ সময় শতাধিক ভক্ত ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

এর আগে  সকাল ১০টায় ড. জাফর ইকবাল, আহসান হাবিব ও তিন বোন সুফিয়া হায়দার, মমতাজ শহীদ, রোকসানা আহমেদসহ পরিবারের অন্য সদস্যরা তার সমাধি জিয়ারত করেন। স্ত্রী মেহের আফরোজ শাওন বলেন, হুমায়ূন আহমেদের মত লেখকেরা কখনো চলে যান না। তারা সব সময় থাকেন পাঠকদের হৃদয়ে, ভক্তদের হৃদয়ে। হুমায়ূন আহমেদ খুব সহজভাবে জন্মদিন পালন করতেন। তার জন্মদিন আসলে আনন্দটা শেয়ার করতেন, অন্যের আনন্দটা নিজের সঙ্গে শেয়ার করতেন।

জাফর ইকবাল বলেন, হুমায়ূন আহমেদের সৃষ্টিগুলো এখন দেশের বাইরেও ভিন্ন ভাষায় প্রচার হচ্ছে। এটা ভালো যে মানুষ তাকে আরও ভালোভাবে এবং বেশি জানতে পারছে। তবে সেগুলো নিয়ম মেনে হচ্ছে কিনা এটা আমার জানার বিষয়। কারণ হুমায়ূন আহমেদের উত্তরাধিকারী হলো তার সন্তানেরা।

এদিকে সকাল থেকেই হুমায়ূন আহমেদের ভক্তরা নুহাশপল্লীতে আসেন। তাদের অনেকেই প্রিয় লেখকের সমাধিতে ফুল দেন এবং নিশ্চুপ দাঁড়িয়ে থেকে তার আত্মার মাগফিরাত কামনা করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি