বিনোদন ডেস্ক : ষাটের দশকের হলিউড তারকা মেরিলিন মনরোর আলোচিত সেই পোশাকটি ৪৮ লাখ ডলারে বিক্রি হয়েছে। এটি কিনেছে রিপলে’স বিলিভ ইট অর নট নামে একটি সংস্থা। যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট জন এফ কেনেডির জন্মদিনে মেডিসন স্কয়ার গার্ডেনে ‘হ্যাপি বার্থডে মিস্টার প্রেসিডেন্ট’ গেয়ে দুনিয়া মাতিয়েছিলেন হলিউডের সেই সময়ের অন্যতম আবেদনময়ী তারকা মেরিলিন মনরো। ১৯৬২ সালে কেনেডির ৪৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেই অনুষ্ঠানে মনরো পরেছিলেন তার গায়ের রঙের অর্ধস্বচ্ছ আঁটসাঁট ঝলমলে একটি পোশাক। শুক্রবার লস অ্যাঞ্জেলসে সেই পোশাকটি নিলামে তোলা হলে রেকর্ড পরিমাণ দাম ৪৮ লাখ ডলালের বিক্রি পোশাকটি। ৩০ লাখ ডলার থেকে নিলাম শুরু হয়
রিপলে’স বিলিভ ইট অর নটের সহ-সভাপতি এডওয়ার্ড মেয়ের জানান, ‘আমরা বিশ্বাস করি এই পোশাকটি পপ সংস্কৃতির সবচেয়ে উল্লেখযোগ্য নিদর্শন। ষাটের দশকের কথা কেবল এই পোশাক দিয়েই ব্যাখ্যা করে দেওয়া যায়।’
বিশ্ব আলোড়িত পোশাকটি বিশেষভাবে বানানো হয়। সেটি এতটাই আঁটসাঁট ছিল যে, দেহে কাপড় জড়িয়ে তারপর সেলাই করা হয়েছিল। পোশাকটি স্মৃতিবিজড়িত হওয়ার আরেকটি কারণ হলো, ওই ঘটনার তিন মাস পরই অতিমাত্রায় ড্রাগ নেয়ার কারণে মনরো মারা যান। এর পরের বছর প্রেসিডেন্ট কেনেডিও মৃত্যুবরণ করেন। পোশাকটি শেষবারের মতো বিক্রি হয়েছিল ১৯৯৯ সালে, সে সময় এর দাম উঠেছিল ১ দশমিক ২৬ মিলিয়ন ডলার।



























































