শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিজ্ঞাপনে ফাহমিদা নবী


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০১৬

172402_140

পূর্বাশা ডেস্ক:

গানের মানুষ তিনি। তিনি ফাহমিদা নবী। তবে এরইমধ্যে একবার একটি নাটিকাতে যেমন অভিনয় করেছেন ঠিক তেমনি একটি বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন তিনি। ২০১৪ সালে ফাহমিদা নবী প্রথম তানভীর হাসানের নির্দেশনায় গ্রামীণ ফোনের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন। প্রায় দু’বছর বিরতির পর ফাহমিদা নবী আবারো একটি বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন। ‘ক্ল্যাসিক্যাল হোমেটক্স’র বিজ্ঞাপনে এবার মডেল হয়েছেন তিনি। এটি নির্মাণ করেছেন সাঈদ খন্দকার ও জেমি সাঈদ। গত ১৭ ও ১৮ নভেম্বর বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে।

আবারো বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করা প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন,‘ এবারের বিজ্ঞাপনের ভাবনাটা আমাকে নিয়েই। আমি একজন সঙ্গীতশিল্পী। গানে গানে ব্যক্তি আমাকেই বিজ্ঞাপনটিতে উপস্থাপন করা হয়েছে। খুবই ভালোলেগেছে আমার কাজটি করে এবং আমি আশাবাদী বিজ্ঞাপনটি প্রচারের পর দর্শকের খুব ভালোলাগবে।’

বিজ্ঞাপনটিতে ফাহমিদা নবীর নিজের গাওয়া একটি গানও ব্যবহার করা হয়েছে। তবে কোন গানটি তা এখনই বলতে চাচ্ছেন না ফাহমিদা নবী।

এদিকে দুই বোন ফাহমিদা নবী ও সামিনা চৌধুরীর প্রথম দ্বৈত এ্যালবাম ‘এক আকাশের গান’র শেষ পর্যায়ের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আশা করা যাচ্ছে আগামী ভালোবাসা দিবসে এ্যালবামটি শ্রোতাদের হাতে তারা দুই বোন শ্রোতাদের হাতে তুলে দিতে পারবেন। ‘এক আকাশের গান’ এ্যালবামের সবগুলো গান লিখেছেন জুলফিকার রাসেল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি