বিজয়ের মাসের প্রথম দিন শুরু হচ্ছে দেশের বৃহত্তম চারু আসর এশিয়ান আর্ট বিয়েনেল। ৫৩টি দেশের ১৫০জন নির্বাচিত শিল্পী অংশ নিচ্ছেন এবারের উৎসবে। জাতীয় নাট্যশালায় পয়লা ডিসেম্বর আয়োজনের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
সাজ সাজ রব এখন শিল্পকলাজুড়ে। শেষ মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন দেশের বরেণ্য শিল্পীরা। দোড়গোড়ায় দেশের সবচেয়ে বড় চিত্রকলা প্রদর্শনী এশিয়ান আর্ট বিয়েনেল। পুরো ডিসেম্বর মাস জুড়ে এ আসর চলবে জাতীয় চিত্রশালা সহ শিল্পকলা জুড়ে।
এবার এ উৎসবের ১৭তম আসর। এবারের প্রদর্শনীতে বাংলাদেশ সহ মোট ৫৪ টি দেশ অংশগ্রহণ করছে। স্থান পাচ্ছে বাংলাদেশের ১৪৮ জন শিল্পীর ৫৫৬টি শিল্পকর্ম। বাংলাদেশ ছাড়া ৫৩ দেশের ১৫০ জন শিল্পীর ২৬০টি শিল্পকর্ম দেখার সুযোগ পাবেন দর্শকরা। পুরো আয়োজনটিই হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে।
প্রতিবছরের মত এবারও মনোনীত নয় শিল্পীকে পুরস্কৃত করা হবে। তিন জনকে পাঁচ লাখ টাকার গ্র্যান্ড পুরস্কার ও ছয় জনকে তিন লাখ টাকা মুল্যের ছয়টি সম্মাননাসূচক পুরস্কার দেয়া হবে।
প্রতিদিন বেলা ১১ টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনী।


























































