
পূর্বাশা ডেস্ক:
বর্তমান সমাজে নিন্দে মন্দের জয়জয়কার চলছে। সর্ব স্থানে এ বিষয়টি এক বিরাট মহামারীর রূপ ধারণ করেছে। সমাজের প্রতিটি স্তরে, প্রতিটি সেক্টরের মানুষ নিন্দে মন্দে লিপ্ত রয়েছে। চায়ের স্টলে, হাটে-বাজারে, মার্কেট ও শপিংমলে, পার্কে ও মাঠে-ময়দানে, রাস্তা-ঘাটে, কল-কারখানায়, মিল-ফিক্টরীতে ও লোকালয়ে। এমনকি শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় কেন্দ্রসমূহও বাদ পরেনি নিন্দে মন্দ থেকে। মসজিদ, সেখানে দুনিয়াবী কথা বলাও নিষেধ, সেখানেও একই অবস্থা। ইমাম সাহেব জুমার খুৎবা দিচ্ছেন, পিছনে বসে একে অপরের সাথে নিন্দে-মন্দে লিপ্ত। অথচ খুৎবার সময় কথা বলাই সম্পূর্ণ হারাম। কোন মাহফিল ও সভা-অনুষ্ঠানে ওয়াজ-নসিহত শুনতে গিয়েছে, উলামায়ে কেরামগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ কুরআন ও হাদীস এবং জান্নাত ও জাহান্নামের আলোচনা করছেন। তখন পিছনে বসা অনেককেই দেখা যায় নিন্দ-মন্দের পাপে জড়িয়ে রয়েছে। ছোটরা বড়দের নিন্দা করছে। বড়ারাও ছোটদের নিন্দা করছে। বাবা ছেলের নিন্দা করছে, ছেলে বাবার নিন্দা করছে। ভাই বোনের নিন্দা করছে, বোন ভাইয়ের নিন্দা করছে। পাড়াপতিবেশী একে অপরের নামে নিন্দা করছে। সমাজ সমাজের নিন্দা করছে। দেশ দেশের নিন্দা করছে। নেতৃস্থানীয় তার অধীনস্থের নিন্দা করছে, অধীনস্থ তার নেতৃস্থানীয়র নিন্দা করছে। যেন পৃথিবীজুড়ে নিন্দাবাদের এক প্রতিযোগীতা চলছে। অনেক সময় তো দেখা যায়, উলামায়ে কেরামগণও নিজের অজান্তে কিংবা আক্রোশবসত অন্যের দোষ চর্চায় লিপ্ত হয়ে পরেন। অথচ কুরআন ও হাদীসে নিন্দ-মন্দের ব্যাপারে অনেক সতর্ক বাণী বর্ণিত হয়েছে। কোন মুসলমান তো দূরের কথা কোন অমুসলমানের নিন্দে-মন্দকে একটি দোষণীয় মন্দ কাজ বলে আক্ষায়ীত করা হয়েছে। যা পরিহার করা আমাদের একান্ত কর্তব্য। কারণ নিন্দে মন্দ ইহকাল ও পরকাল সব কিছু বিনষ্ট করে দেয়। এও বলা হয়েছে যে, নিন্দাকারী আপন ভাইয়ের গোশত ভক্ষণ করে।
সূরা হুজরাতে বর্ণিত হয়েছে, অর্থা: “হে মুমিনগণ! তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাক। নিশ্চয় কতক ধারণা গোনাহ। এবং গোপনীয় বিষয় সন্ধান করো না। তোমাদের কেউ যেন কারও পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি তার মৃত ভ্রাতার মাংস ভক্ষণ করা পছন্দ করবে? বস্তুত তোমরা তো একে ঘৃণাই কর। আল্লাহকে ভয় কর। নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু।”
অন্য স্থানে আল্লাহ পাক বলেন, “আল্লাহ তা’য়ালা কারও দোষ প্রাকশ করে দেওয়া পছন্দ করেন না।”
হাদীস শরীফে নিন্দে মন্দের ভয়াবহতা এভাবে বর্ণিত হয়েছে, “হযরত আনাস ইবনে মালেক রা. বর্ণনা করেন, প্রিয় নবী সা. বলেছেন, যখন আমাকে মেরাজে নিয়ে যাওয়া হয়, আর আমি এমন কিছু লোকের পার্শ্ব দিয়ে অতিক্রম করলাম, যাদের নখ ছিল তামার, আর ওই নখ দিয়ে তারা নিজেদের চেহারা এবং গোশত ক্ষতবিক্ষত করছিল । আমি জিব্রাঈল আ. কে বললাম, এরা কারা? জিব্রাঈল আ. বললেন, এরা সে সব লোক, যারা মানুষের গোশত ভক্ষণ করতো, অর্থাৎ নিন্দা করতো। (আবু দাউদ)
অন্য এক হাদীসে নিন্দা করাকে ব্যভিচার থেকে মন্দ বলা হয়েছে। কারণ মানুষ ব্যভিচারে লিপ্ত হয়, এরপর তওবা করে, আল্লাহ পাক তাকে মাফ করেন। কিন্তু নিন্দাকারীকে আল্লাহ পাক সে পর্যন্ত মাফ করেন না, যে পর্যন্ত যার নিন্দা করা হয়েছে সে মাফ না করে।
রাসূল সা. বলেছেন, নিন্দে মন্দের তিনটি ভয়াবহ ক্ষতি রয়েছে। এক. নিন্দাকারীর দু’আ কবুল করা হয় না। দুই. তার নেক আমলসমূহ কবুল হয় না। তিন. তার পাপসমূহ বৃদ্ধি পেতে থাকে। অন্য এক হাদীসে এসেছে, আগুন যত দ্রুত শুকনো কাষ্ঠ পুড়িয়ে জ্বালিয়ে দেয়, নিন্দে মন্দ তার চেয়ে অধিক দ্রুত বান্দার নেক আমলসমূহ ধ্বংস করে দেয়। মোটকথা, নিন্দা করার দ্বারা মানুষের আমলসমূহ নষ্ট হয়ে যায়। নিন্দা করার দ্বারা শয়তান আনন্দিত হয়। নিন্দা করার দ্বারা আল্লাহ পাক অসন্তুষ্ট হন।
সমাজ এতো গভীরভাবে নিন্দে মন্দে জড়িয়ে পরেছে যে, মানুষ উপলব্ধীও করতে পারছে না। অনেকে তো আছে নিন্দে মন্দ কী? সেটাও জানে না। হাদীস শরীফে আছে; আবু হুরায়রা রা. থেকে বর্ণিত তিনি বলেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল! নিন্দা কী? তিনি বললেন, তোমার কোন ভাইয়ের এমন বিষয়ে সমালোচনা করা যা তার কাছে অপছন্দনীয়। সে বলল, আপনি বলুন তো, আমি যা বলছি সেই দোষ যদি তার মাধ্যে বাস্তবিকই থাকে? তিনি বললেন, তুমি যা বলেছ সে দোষ যদি তার মাঝে থাকে, তবেই তুমি তার নিন্দা করলে। আর যদি তার মাঝে না থাকে তবে তুমি তাকে মিথ্যা অপবাদ দিলে। (মুসলিম)
নিন্দা সম্পর্কে অনেকের মধ্যে একটি ভুল ধারণা আছে, তারা মনে করে, নিন্দা অর্থ মানুষের গোপনীয় দোষ প্রকাশ করে দেয়া। সুতরাং যে দোষের কথা সকলে জানে তা নিন্দা বলে বিবেচিত হবে না। মনে রাখতে হবে, গোপনীয় কিংবা প্রকাশ্য যে কোন দোষের কথা আলোচনা করা নিন্দারূপে গণ্য হবে। অবশ্য কারো কোন গোপনীয় দোষ প্রকাশ করে দেয়া আরো জঘন্য অপরাধ। জীবিত ব্যক্তির নিন্দা করা যেমন হারাম, তেমনি কোন মৃত ব্যক্তির নিন্দা করাও হারাম। রাসূল সা. বলেছেন, যখন তোমাদের কেউ মৃত্যুবরণ করে তখন তাকে তার অবস্থার উপরই ছেড়ে দাও। কোন অবস্থাতেই নিজেকে তার নিন্দা ও দোষচর্চায় লিপ্ত করো না। (আবু দাউদ)
নিন্দে মন্দ বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন: (ক) মানুষের দৈহিক আকৃতি নিয়ে নিন্দা করা, যেমন; কাউকে খাটো করার ইচ্ছায় এরূপ বলা, এলোকটি মোটা, বেঁটে, নাকটা অদ্ভুত, লম্বা, চোখ ছোট, চেহারা একে বারে বেমানা। এটি আল্লাহ তা’য়ালার সৃষ্টি সম্পর্কে সমালোচনা করার শামিল। একদা হযরত আয়েশা রা. বলে ফেললেন, হে আল্লাহর রাসূল! সাফিয়্যাহ বেঁটে আকৃতির মেয়ে, তা সত্ত্বেও আপনি তাকে ভালোবাসেন। রাসূল সা. বললেন, আয়েশা! তুমি এমন কথা বলেছ যা সমুদ্রের পানিতে মেশালে পানি কালো হয়ে যেত। (আবু দাউদ)
হযরত উম্মে সালামা রা. দৈহিকভাবে বেঁটে ছিলেন। ফলে রাসূল সা. এর সহধর্মিণীগণ এনিয়ে হাসাহাসি শুরু করলে নিম্নোক্ত আয়াত অবর্তীর্ণ হয়, অর্থা: “ হে মুমিনগণ! তোমরা এক গোত্র অপর গোত্রকে নিয়ে বিদ্রুপ করো না। যাদেরকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে তারা হয়ত ঠাট্টাকারীদের চেয়ে উত্তম হতে পারে। নারীরাও যেন অন্য নারীদেরকে নিয়ে হাসাহাসি না করে। কারণ ওরা তাদের থেকে উত্তম হতে পারে। (তাফসীরে জালালাইন) (খ) পোশাক-পরিচ্ছেদ সংক্রান্ত নিন্দা করা। যেমন; কারো সম্পর্কে বলা, লোকটি কৃপণতার পোশাক পরে। হারাম লেবাস পরিধান করে। রেশমী কাপড় তার গায়ে শোভা পায় না। আলখেল্লা লাগায়। পায়জামা গোড়ালির নীচে চলে যায়। কাপড়-চোপরের বাহার দেখে মনে হয় যেন রাজপুত্র, অথচ ঘরে ভাত নেই। কিংবা বলে, মেয়েটি এমন পোশাক পরে, চলার সময় তার সতর খুলে যায়। পেটকাটা বা পিটকাটা ব্লাউজ পরে, মেয়েটির অলংকার আসলে সোনার নয় ইত্যাদি। এমন আলোচনা যেহেতো কষ্টদায়ক তাই এগুলোও নিন্দার অন্তর্ভূক্ত। একবার আয়েশা রা. এক মহিলা সম্পর্কে বললেন, ওর জামার আচঁল বড়ই দীর্ঘকায়। রাসূল সা. তাকে বললেন, হে আয়েশা! তুমি ওর নিন্দা করেছ। এক্ষুণি থুথু ফেল। আয়েশা রা. বলেন, আমি থুথু ফেলার সঙ্গে সঙ্গে একখন্ড গোশত বেরিয়ে এলো। (তারগীব ওয়াত তারহীব)
(গ) জাত ও বাংশ সংক্রান্ত নিন্দা করা। অমুক ব্যক্তি কিংবা গোত্র অথবা অমুক শহরের মানুষের বংশ ভাল নয়। তাদের পূর্বপুরুষ নীচু শ্রেণীর লোক ছিল।
(ঘ) বদ অভ্যাস সম্পর্কিত নিন্দা। যেমন: এ লোকটির পুরুষত্ব নেই, খুবই জীর্ণ-শীর্ণ, বড়ই পেটুক, কোন কাজ করতে পারে না, বড়ই আহম্মক, মেয়েদের সঙ্গে শলাপরামর্শ করে। স্ত্রী পূজারী। বড়ই অলস। শুধু ঘুমায় ইত্যাদি।
(ঙ) পাপাচার সম্পর্কিত নিন্দা। যেমন; এ লোকটি যিনা করেছে। অমুক ব্যক্তি মদখোর, বেনামাযী, মিথ্যাবাদী, ঘুষখোর, পিতা-মাতার অবাধ্য। শেখ সাদী রহ. একবার তাঁর উস্তদের নিকট গিয়ে বললেন, অমুক সহপাঠী আমার প্রতি অযথা হিংসা পোষণ করে। কিছুক্ষণ চুপ থেকে উস্তাদ বললেন, হে সাদী! তুমি নিন্দা করেছো। ( ফয়জুল হাদী শরহে তিরমিযী)
(চ) ইবাদত সম্পর্কিত নিন্দা। কেউ ইবাদতে অলসতা করলে কিংবা স্বল্প পরিমাণে ইবাদত করলে তার অগোচরে সমালোচনা করা হল ইবাদত সম্পর্কে নিন্দা। যেমন; অমুক ব্যক্তি খুশুখুজুর সাথে নামাজ আদায় করে না। তাহাজ্জুত পড়ে না। তার নফল তো এখন আর নেই। মাকরূর ওয়াক্তে নামায পড়ে। রমযানের রোযা ঠিকমতো আদায় করে না। পরিপূর্ণরূপে যাকাত দেয় না ইত্যাদি।
নিন্দা প্রত্যক্ষ হতে পারে আবার পরোক্ষ হতে পারে। উপরে উল্লেখিত নিন্দাসমূহ হলো প্রত্যক্ষ। আর পরোক্ষ নিন্দা হল, কারো মন্দ গুণাবলীর অভিব্যক্তি প্রকাশ করা। যেমন: কোন পঙ্গু লোকের অনুসরণ করে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা। অন্ধলোকের অনুসরণ করে চোখ বুজে চলা। বোবা ব্যক্তির অনুসরণ করে ইঙ্গিতে কথা বলা। কেউ কথা বলার সময় হাত কিংবা ঘাড় নেড়ে কথা বললে তার মত অঙ্গভঙ্গি করে কথা বলা ইত্যাদি। একবার আয়েশা রা. এক মহিলার অনুসরণ করে অঙ্গ সঞ্চালন করে কী যেন দেখাচ্ছিলেন। নবী সা. তা ভাল চোখে দেখেন নি। তিনি বললেন, গোটা দুনিয়ার বহু কিছুলাভ করলেও আমি কারো শারীরিক কসরত দেখানোতে আনন্দবোদ করব না। (এহইয়াউল উলূম) সুতরাং প্রত্যেক মুসলমানের উচিৎ নিন্দার মতো মহাপাপ থেকে বেঁচে থাকা। যদি কারো দ্বারা নিন্দা হয়ে যায় তাহলে তার কর্তব্য হল, অনুতপ্ত হৃদয়ে পরম করুণাময়ের নিকট ক্ষমা ভিক্ষা করা। ভবিষ্যতে নিন্দা না করার সংকল্প গ্রহণ করা। এবং সংশ্লিষ্ট ব্যক্তির নিকট ক্ষমা চাওয়া। উক্ত ব্যক্তি যদি মারা যায় কিংবা তার কোন সন্ধান না পাওয়া যায়, তাহলে তার মাগফেরাতের জন্য দোয়া করা। সর্বদা কথা বলার সময় সতর্ক থাকা যেন কারো নিন্দা না হয়। আল্লাহ তা’য়ালা আমাদের নিন্দা ও তার ভয়াবহতা থেকে রক্ষা করুন। আমীন।
পূর্বাশানিউজ/১৭-এপ্রিল,২০১৭/মাহি

























































