
পূর্বাশা ডেস্ক:
লিসেন ব্রো, ফুডব্যাংক ট্রেন্ড ক্রিয়েট করে ওকে। সো পাবলিক কী বুঝলো না বুঝলো ওইটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো আপনি (১৫ হাজার) দেবেন পার মান্থ। আমরা আপনার বিজনেস তুলে দেবো। তাতে আপনার ফুড যতই খারাপ হোক না কেন। আমরা অনেক ফালতু রেস্টুরেন্টকেও প্রমোট করে আজকে টপ লেভেলে তুলে দিসি…’
খাদ্যপ্রেমীদের ফেসবুক গ্রুপ ফুডব্যাংকের এ্ডমিন সাবিত হোসাইনের এরকমই একটি কথোপকথন ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিযোগ উঠেছে সাবিত চাঁদার জন্য এক নতুন রেস্টুরেন্ট মালিককে রীতিমত হুমকি দিয়েছেন। বিনিময়ে তার ফেসবুক গ্রুপে ভালো রেটিং জুটবে, সে যতই খারাপ পরিবেশন করা হোক না কেন সেই রেস্টুরেন্টে।
আর এধরনের একটি প্রসঙ্গ সামনে চলে আসায় অনেকেই ক্ষুদ্ধ হয়েছেন ফেসবুকভিত্তিক এই গ্রুপটির উপর। যেখানে মেলে রেস্টুরেন্ট বিষয়ক নানান তথ্য, পাওয়া যায় বিভিন্ন খাবার দোকানের প্রকৃত চিত্র। অভিযোগ উঠেছে, চাঁদাবাজি করে এই গ্রপের এডমিন নানান সময় আজেবাজে রেস্টুরেন্টকে ভালো সাজিয়ে তুলে ধরেছেন গ্রুপের সদস্যদের কাছে।
ফুডব্যাংক কি?
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র অনিক। জন্মদিন উপলক্ষে বন্ধুদের সাথে খাবেন রাজধানীর কোন একটি রেস্টুরেন্টে। কিন্তু কোনটায়? রেস্টুরেন্টতো হাজার হাজার। তার সবগুলোতে যাবার সামর্থ্যও তার নেই। আর ওয়েবসাইট ঘেঁটে মেনু হয়তো পাওয়া যায়, কিন্তু আসলেই রেস্টুরেন্টের মান কেমন, খাবার ভালো কি মন্দ, এসব জানবেন কী করে? ওগুলোতো যে খেয়েছে সেই শুধু বলতে পারবে। অনিকের মত এরকম আরো অনেকের এরকম চাহিদার উপর ভিত্তি করেই তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গড়ে উঠেছে ‘ফুডব্যাংক’ এর মত গ্রুপ। যেখানে প্রায় পাঁচ লাখ ভোজনরসিক মানুষ আছে। এরা বিভিন্ন সময় বিভিন্ন রেস্টুরেন্টে খেয়ে সেখানকার খাওয়া দাওয়ার মান, দাম, পরিবেশ ইত্যাদি সম্পর্কে তথ্য দেন। আর তাই ওখানে সাহায্য চাইতেই অনিকের পোস্টে মুহূর্তের মধ্যেই রাজধানী ও আশপাশের বিভিন্ন রেস্টুরেন্টের নাম জমা পড়লো। এর মধ্যে রেস্টুরেন্টর খাবার মেনু, খাবার মান, লোকেশন, খরচ সবকিছুই পাওয়া যায়।
এভাবেই প্রতিনিয়ত রাজধানী ঢাকার যুব সমাজ বিভিন্ন উৎসব পার্বনে বা উপলক্ষ পেলে ফেসবুকের খাবার রিভিউ গ্রুপ ‘ফুডব্যাংকের’ সাহায্য নিচ্ছেন অনেকই। এ রকম অনেক খাবার রিভিউ গ্রুপ এখন ফেসবুকে আছে। আর এসব রিভিউ গ্রুপের মাধ্যমেই অনেক ছোট ছোট খাবার প্রতিষ্ঠান অল্পদিনে জনপ্রিয়তা পেয়েছে। তাদের ব্যবসা ভালো হয়েছে। আবার এসব গ্রুপে খারাপ রেটিং পাওয়ায় ব্যাবসা হারিয়েছে অনেক বিখ্যাত খাবার প্রস্তুতকারক।
সাম্প্রতিক সময়ে মিস্টার বেকারের একটি শাখায় পচা কেক বিক্রির ভিডিও ‘ফুডব্যাংকের’ মাধ্যমে দেশ জুড়ে ভাইরাল হয়। এরপর থেকে মিস্টার বেকারের কেকের প্রতি অনীহা দেখাতে শুরু করে গ্রাহকরা।
ফুডব্যাংকের প্রতারণা
হুট করেই ফুডব্যাংকের এই সাম্প্রতিক কেলেঙ্কারি সামনে চলে আসে। অন্যতম জনপ্রিয় এই গ্রুপটি টাকার বিনিময়ে বাজে রেস্টুরেন্টকে গ্রুপে থাকা গ্রাহকদের সামনে তুলে ধরছে এবং নিদৃষ্ট অংকের টাকা চাদা হিসেবে গ্রুপ এডমিনকে না দিলে বিভিন্ন রেস্টুরেন্ট, সে যত ভালো মানেরই হোক, তাদের প্রমোশন বন্ধ রাখছে।
সম্প্রতি একটি রেস্টুরেন্ট মালিকের কাছে মাসিক চুক্তিতে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন সাবিত হোসাইন। প্রথম দিকে হোটেল মালিক তিনি চাদা দিতে অস্বীকৃতি জানালে, ফুডব্যাংকের এডমিন বা পরিচালক সাবিত হোসাইন রেস্টুরেন্টির ভালো রিভিউ কেটে খারাপ রিভিউ রাখার কথা বলেন।
ওই রেস্টুরেন্টে খাবার খেয়ে তাদেরই একজন খদ্দের প্রশংসা করে ফুডব্যাংকে একটা পোস্ট দেন। পোস্টটিতে প্রায় পাঁচ হাজার লাইক পড়ে। আর এই প্রসংশামূলক পোস্টটি গ্রুপ থেকে না মোছার জন্যই সাবিত হোসাইন রেস্টুরেন্ট মালিকের কাছে চাঁদা দাবি করেন। টাকা না পেলে ওই কাস্টমারে রিভিউ মুছে দেয়ার হুমকিও দেন তিনি। রেস্টুরেন্টটিকে ভালো রিভিউ দেবার বিনিময়ে প্রতিমাসে বিশ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিলে খাবারের মান খারাপ হলেও ওই রেস্টুরেন্টের ফুডরিভিউ ভালো করা হবে বলে দুজনের কথোপকথনে দেখা যায়। এছাড়া এই ফুড গ্রুপের আয়োজিত যেকোন ফুড ইভেন্টে অংশ গ্রহণ এবং স্টল নেওয়ার জন্যও চাপ দেওয়া হয় রেস্টুরেন্ট মালিককে।
কথোপকথনটি অনলাইনে ছড়িয়ে যাবার পর অনেকেই ফুডব্যাংকের বিভিন্ন রিভিউর সত্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। টাকার বিনিময়ে গ্রাহকদের বাজে রেস্টুরেন্টে পাঠানোর অভিযোগও উঠছে বিস্তর। যদিও সাবিত দাবি করছেন তার নাম ব্যবহার করে একটি চক্র তার বদনাম করার চেষ্টা করছে। কিন্তু তার সাথে ঢাকাটাইমসের পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
ফেসবুকে এধরনের চাঁদাবাজির নমুনা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেকেই হতাশ হচ্ছেন। কেউ কেউ বলছেন এভাবেই তাদেরকে ঠকিয়ে চলেছে এধরনের গ্রুপের পরিচালক এ্ডমিনরা। আর সত্যিকারের রিভিউ দেয়ার নাম করে টাকা খেয়ে তাদের পাঠিয়ে দিচ্ছেন আজে বাজে রেস্টুরেন্টের দিকে। অথচ ভালো রেস্টুরেন্টগুলো থেকে যাচ্ছে খাদ্যরসিকদের চোখের আড়ালে।
পূর্বাশানিউজ/১৬-,মে ২০১৭/মাহি
























































