
বলিউডের জনপ্রিয় অভিনেতা আরশাদ ওয়ারসির মুম্বাইয়ের বাড়ি ভেঙে ফেলা হলো সম্প্রতি। গত সোমবার মুম্বাই সিটি কর্পোরেশন অভিনেতা আরশাদ ওয়ারসির ভারসোভার বাংলোর একাংশ ভেঙে দেয়। কারণ হিসেবে জানানো হয়েছে, তিনি বাড়ির একটি অংশ বেআইনি ভাবে তৈরি করেছিলেন।
এই বেআইনি নির্মাণকার্যটি নজরে আসে চার বছর আগে। গতকালই এই নির্মাণের বিরুদ্ধে অপারেশন চালালো বিএমসি। তবে কর্মীরা যখন গিয়েছিলেন তখন বন্ধ ছিল বাংলোটি। তাই বাইরে থেকে প্রতীকী ভাঙার কাজটি সেরেই ফিরে আসতে হয় তাদের।
অভিনেতাকে ২৪ ঘণ্টার মধ্যে ১,৩০০ স্কয়ার ফিটের বেআইনি নির্মাণটি ভেঙে দেওয়ার সময় দেওয়া হয়েছিল। কিন্তু তারমধ্যে অভিনেতার পক্ষ থেকে কোনও পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে সোমবার এই পদক্ষেপ গ্রহণ করল মুম্বাই সিটি কর্পোরেশন।
২০১২ সালে এক অবসরপ্রাপ্ত এয়ার ইন্ডিয়ার ক্যাপ্টেনের থেকে এই বাংলোটি কেনেন আরশাদ এবং তার স্ত্রী। তারপর বাংলোটি সাজানোর সময় তারা একটি বেআইনি নির্মাণ করেন। তখনই এলাকার অন্য সদস্যরা সেটায় আপত্তি জানান। ২০১৩ সালে আদালত থেকে স্থগিতাদেশ এনে কোনওক্রমে তখনকার মতো বেআইনি নির্মাণটি ভাঙা আটকে দেন আরশাদ। তবে সম্প্রতি সেই স্থগিতাদেশ তুলে নেয় আদালত। আপাতত মুম্বাই সিটি কর্পোরেশন পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্যে প্রস্তুতি নিচ্ছে।
মুম্বাই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এবার অভিনেতা এবং তার স্ত্রীকে আরেকটি নোটিশ দেবেন। যেখানে তাদের বলা হবে, কর্মীদের বাংলোর ভেতর ঢুকতে দিতে হবে বেআইনি নির্মাণটি ভাঙার জন্যে। তবে এমন ঘটনা সত্যিই ঘটেছে কিনা অভিনেতার কাছে জানতে চাওয়া হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন।

























































