রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


নিপুণকে দ্বিতীয় শ্রেণির নায়িকা বললেন শাকিব খান


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক :

দেশের কোনো অভিনেত্রীকে অশিক্ষিত বলেননি দাবি করে অভিনেতা শাকিব খান বলেছেন, ‘অভিনেত্রী নিপুণ সারা জীবন দ্বিতীয় শ্রেণির নায়িকা হিসেবে অভিনয় করেছেন।’

রাজধানীর গুলশানে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে নিপুণের ফেসবুক স্ট্যাটাস প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শাকিব খান বলেন, ‘তার (নিপুণ) বিষয়ে আমার কিছু বলার নেই। সারা জীবন দেখেছি, তিনি দ্বিতীয় শ্রেণির নায়িকা হিসেবে কাজ করেছেন। অনেক দিন ধরেই তিনি কোনো আলোচনায় নেই, আমাকে নিয়ে কথা বলে তিনি নিজেকে আলোচনায় আনতে চান।’

সম্প্রতি নিপুণের স্ট্যাটাস নিয়ে ঢালিউডের শীর্ষ এই অভিনেতা আরও বলেন, ‘আমি কোনো অভিনেত্রীকে অশিক্ষিত বলিনি। বুবলির বিষয়ে প্রশ্ন করা হলে আমি বলেছিলাম, সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা। তার মানে এই নয় যে, আমি অন্যদের অশিক্ষিত বলেছি। শুনেছি নিপুণ আরও বলেছে, আমি ইংরেজি জানি না, তাহলে পৃথিবীর বিভিন্ন স্থানে ছবিতে কাজ করছি কীভাবে?’

নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে শাকিব খান বলেন, ‘আমি নারায়ণগঞ্জের স্কুল-কলেজ থেকে পড়াশোনা করেছি। সেখানকার যে কাউকে বললেই জানতে পারবেন, আমি কোথায় পড়শোনা করেছি। অভিনয় করতে গেলে কাউকে মাস্টার্স পাস করতে হয় না, তাকে অভিনয় শেখার আগ্রহ থাকতে।’

এফডিসিতে নিষিদ্ধের বিষয়ে শাকিব খান বলেন, ‘এফডিসিতে কেউ কাউকে নিষিদ্ধ করতে পারে না, একমাত্র সরকার ছাড়া। আমাকে নিয়ে কেউ যদি কাজ করতে না চান, তাহলে আমি তো বলিনি আমাকে নিয়ে কাজ করেন। যাদের সঙ্গে আমার কাজ করতে ভালো লাগবে বা যারা আমাকে নিয়ে কাজ করবেন, তাদের সঙ্গে অবশ্যই আমি কাজ কবর।’

‘নবাব’ ছবির সাফল্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার মালিক আবদুল আজিজ, পরিচালক কাজী হায়াৎ, অভিনেতা শিবা সানু, প্রযোজক মো. ইকবালসহ আরও অনেকে।

পূর্বাশানিউজ/০৪-জুলাই,২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি