শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যেসব আমলে হজের সওয়াব


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবানদের ওপর হজ অবশ্য পালনীয় একটি বিধান। বস্তুত হজ ইসলামী শরিয়তের অন্যতম একটি স্তম্ভ ও রুকন। সাহাবি আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত প্রসিদ্ধ হাদিসে রয়েছে, নবীজি (সা.) বলেন, ‘পাঁচটি স্তম্ভের ওপর ইসলামের ভিত্তিÑ শাহাদত বা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ (সা.) আল্লাহর রাসূলÑ এ কথার সাক্ষ্য দেয়া, নামাজ কায়েম করা, জাকাত আদায় করা, রমজানের রোজা রাখা এবং সামর্থ্য থাকলে বায়তুল্লাহর হজ করা।’ (বোখারি : ৮, মুসলিম : ১৯)। প্রিয়নবী (সা.) একাধিক হাদিসে আমাদের হজের গুরুত্ব, সওয়াব ও উপকারিতা বুঝিয়েছেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবীজি বলেন, ‘জান্নাতই হচ্ছে মকবুল হজের একমাত্র প্রতিদান।’ (বোখারি : ১৭৭৩, মুসলিম : ৪৩৭)।
তবে যাদের হজে অথবা ওমরায় যাওয়ার সামর্থ্য ও সক্ষমতা নেই, তাদের জন্যও দয়াবান আল্লাহ এমন কিছু পথ বের করে দিয়েছেন; যেগুলো দ্বারা দুর্বল বান্দারা মকবুল হজের অথবা ওমরার সওয়াব পেয়ে যেতে পারেন। প্রিয়নবী (সা.) আমাদের সেসব রকমারি পথ বা আমল বলে দিয়েছেন বিভিন্ন হাদিসে। সেসব হাদিসের কোনোটা বোখারি, মুসলিম, সুনানে তিরমিজি কিংবা অন্য কোনো হাদিসগ্রন্থে অকাট্য সূত্রে বর্ণিত হয়েছে। আবার কোনোটা ওই মানের না হলেও জয়িফ কিংবা মওজু নয়, পারিভাষিক দৃষ্টিকোণ থেকে যেগুলোকে হাসান বলা হয়। অতএব আমরা যদি বিশ্বাস এবং সওয়াবের দৃঢ় আশা নিয়ে এসব আমল করতে পারি, তবে ইনশাআল্লাহ অনেক সওয়াবের অধিকারী হতে পারব।
১. মসজিদে নামাজের জামাতে হাজির হওয়া। আবু উমামা (রা.) বর্ণনা করেন, নবীজি (সা.) এরশাদ করেন, ‘যে ব্যক্তি মসজিদে গিয়ে জামাতের সঙ্গে ফরজ নামাজ আদায় করল সে যেন হজ করে এলো। আর যে ব্যক্তি নফল নামাজ আদায় করতে মসজিদে গমন করল সে যেন ওমরা করে এলো।’ (তাবারানি : ৭৫৭৮)।
২. দ্বীন শেখা বা শেখানোর উদ্দেশ্যে মসজিদে যাওয়া। এটা অনেক বড় সওয়াবের কাজ। হজরত আবু উমামা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি মসজিদে গেল কোনো ভালো কথা শেখা বা শেখানোর উদ্দেশ্যে, সে পরিপূর্ণরূপে হজ আদায়কারী একজন ব্যক্তির মতো সওয়াব লাভ করবে।’ (তাবারানি : ৭৪৭৩)। আল্লামা নুরুদ্দিন হায়সামি (রহ.) বলেন, এর সনদ সহিহ। (মাজমাউজ জাওয়াইদ, ১/১২৩, হাদিস : ৪৯৯)।
৩. ফজরের নামাজ আদায় করে মসজিদে সূর্যোদয় পর্যন্ত অবস্থান করা। হজরত আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেন, ‘যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করল, তারপর সূর্যোদয় পর্যন্ত মসজিদে বসে আল্লাহর জিকির করল, এরপর দুই রাকাত নামাজ আদায় করল, সে ব্যক্তি হজ ও ওমরার সওয়াব নিয়ে ফিরল।’ (তিরমিজি : ৫৮৬)।
৪. মা-বাবার সেবা এবং তাদের সঙ্গে সদ্ব্যবহার করা। হজরত আনাস ইবনে মালিক (রা.) বর্ণনা করেন, এক ব্যক্তি নবীজি (সা.) এর কাছে এসে বলল, আমি জিহাদে অংশগ্রহণ করতে চাই; কিন্তু আমার সে সামর্থ্য ও সক্ষমতা নেই। নবীজি প্রশ্ন করলেন, তোমার মা-বাবার কেউ কি জীবিত আছেন? লোকটি বলল, আমার মা জীবিত। প্রত্যুত্তরে নবীজি বললেন, তাহলে মায়ের সেবা করে আল্লাহর কাছে জিহাদে যেতে না পারার অপারগতা বা ওজর পেশ করো। এভাবে যদি করতে পার এবং তোমার মা সন্তুষ্ট থাকেন তবে তুমি হজ, ওমরা                        এবং জিহাদের সওয়াব পেয়ে যাবে।                সুতরাং আল্লাহকে ভয় করো এবং                    মায়ের সেবা করো।’
(মাজমাউজ যাওয়াইদ : ১৩৩৯৯)।
৫. রমজানে ওমরা পালন করা। সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) এরশাদ করেন, ‘রমজানে ওমরা আদায় করলে আমার সঙ্গে হজ আদায়ের সমপরিমাণ সওয়াব লাভ করবে।’
(বোখারি : ১৭৮২, মুসলিম : ২২২)।
৬. নামাজের পর আল্লাহর জিকির করা। হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, দরিদ্র লোকেরা রাসুল (সা.) কাছে এসে বলল, সম্পদশালী ব্যক্তিরা বেশি সওয়াব এবং জান্নাত নিয়ে যাচ্ছে! আমরা যেমন নামাজ পড়ি; তারাও পড়ে! আমরা যেমন রোজা রাখি; তারাও রাখে! উপরন্তু তাদের রয়েছে অতিরিক্ত সম্পদ; ফলে তারা হজ করতে পারে, ওমরা করতে পারে, জিহাদে অংশগ্রহণ করতে পারে এবং সদকাও দিতে পারে! নবীজি তাদের বললেন, ‘আমি কি তোমাদের এমন একটি আমল শিখিয়ে দেব না; যা করতে পারলে তোমরা অগ্রগামীদের স্তরে পৌঁছে যাবে এবং যারা তোমাদের পেছনে তারা তোমাদের স্তরে পৌঁছতে পারবে না, তোমরা হবে শ্রেষ্ঠতম মানব, তবে অন্য কেউ এটি করলে সেও তোমাদের মতো হয়ে যাবে। আমলটি হলো, প্রত্যেক নামাজের পর ৩৩ বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবর পাঠ করবে।’ (বোখারি : ৮০৭)
৭. মসজিদে কুবায় নামাজ আদায়। রাসুল (সা.) এরশাদ করেন, ‘যে ব্যক্তি নিজ ঘরে পবিত্রতা অর্জন করল, তারপর মসজিদে কুবায় এসে কোনো নামাজ আদায় করল, সে ওমরার সওয়াব হাসিল করল।’

পূর্বাশানিউজ/১৩ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি