রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » বাংলাদেশের সঙ্গে প্রতারণা করলেন অভিনেত্রী সারিকার সাবেক স্বামী


বাংলাদেশের সঙ্গে প্রতারণা করলেন অভিনেত্রী সারিকার সাবেক স্বামী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ঘটনার সূত্রপাত একটি মিউজিক ভিডিওকে কেন্দ্র করে। যেই ভিডিওতে মডেলিং করেছেন অভিনেত্রী সারিকার সাবেক স্বামী মাহিম করিম। গত মে মাসের শেষের দিকে ভারতীয় প্রযোজনা সংস্থা টি-সিরিজের ইতনা দূর নামক একটি মিউজিক ভিডিওর শুটিং লোকেশন হিসেবে নির্দিষ্ট করা হয় বাংলাদেশের কক্সবাজারকে। সেই অনুযায়ী শুটিং করা হয় কক্সবাজারেই। মিউজিক ভিডিওটির সিনেমাটোগ্রাফীর জন্য ইশান আরফিন নিতুল নামে একজন ডিরেক্টরের মাধ্যমে মনোনীত করা হয় বাংলাদেশের অভিজ্ঞ সিনেমাটোগ্রাফার রয় সন্দীপকে। রয় সন্দীপ যত পরিমাণ পারিশ্রমিক চেয়েছিলেন, সেই পারিশ্রমিক দিতে তারা অক্ষমতা প্রকাশ করায় প্রায় অর্ধেক পারিশ্রমিকেই যথাযথভাবে মিউজিক ভিডিওটির কাজ করে দেন তিনি।

গত ২৮, ২৯ ও ৩০ মে শুটিং হয়েছিল ইতনা দূর মিউজিক ভিডিওর। প্রতিদিনের ফুটেজ প্রতিদিনই হস্তান্তর করে দিয়েছেন রয় সন্দীপ। শেষ দিনের ফুটেজ সঙ্গে করে তিনি ফিরে আসেন ঢাকায় এবং টিমকে বলেন- সমস্ত টাকা পরিশোধ করে ফুটেজ নিয়ে যেতে। অতঃপর সমস্ত টাকা পরিশোধ করে ফুটেজ নিয়ে যায় ইতনা দূরএর সঙ্গে সংশ্লিষ্টরা। এখানেই সব চুকে যেত যদি না অভিনেত্রী সারিকার সাবেক স্বামী মাহিম করিম বাংলাদেশের সঙ্গে এমন মীরজাফর বৃত্তি না করতেন। কক্সবাজারকে উপেক্ষা করে মাহিম করিম গণমাধ্যমকে বলে বেড়িয়েয়েছেন- গত মে মাসে ভারতের গোয়া ও মুম্বাইয়ের বিভিন্ন লোকেশনে ভিডিওটির দৃশ্যায়ন হয়। এটি কোরিওগ্রাফি করেছেন রাহুল সিং

ভাবুন একবার! মিউজিক ভিডিওটির লোকেশন তথা শুট হলো বাংলাদেশের কক্সবাজারে, কিন্তু মাহিম করিম বলছেন- ভারতের গোয়া ও মুম্বাইয়ের বিভিন্ন লোকেশনে নাকি ভিডিওটির দৃশ্যায়ন হয়েছে!

বিষয়টির প্রতিবাদ জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ইতনা দূর মিউজিক ভিডিওটির সিনেমাটোগ্রাফার রয় সন্দীপ। ‘রয় সন্দীপ’এর সঙ্গে কথা বলে জানা যায়। তিনি সমস্ত ঘটনা খুলে বলেন। তার বক্তব্য থেকে জানা যায়- ‘ইতনা দূর’ মিউজিক ভিডিওর ভিডিও ফুটেজের ব্যাকআপ এখনও রয়েছে তার কাছে। রয় সন্দীপ দুঃখ জড়িত কণ্ঠে জানিয়েছেন- আমি আমার ক্রেডিট নিয়ে ভাবছি না। আমি ভাবছি- আমাদের বাংলাদেশকে কেন বিশ্ব দুয়ারে খাটো করা হলো! কেন কক্সবাজারে শুট করা মিউজিক ভিডিওটিকে ভারতের গোয়া ও মুম্বাই বলে চালিয়ে দেওয়া হলো! আর মাহিম করিম যে বলেছেন- এই মিউজিক ভিডিওর কোরিওগ্রাফার রাহুল সিং– এই রাহুল সিং এলো কোথা থেকে! ইতনা দূর নির্মাণকালীন ‘রাহুল সিং’ নামক কেউই ছিল না।

মাহিম করিম পুরো বাংলাদেশের সঙ্গে কেন এমন প্রতারণা করলেন এবং কেন মিডিয়ায় এমন মিথ্যাচার করে বেড়ালেন- এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। কেন না, তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে বর্তমানে রয় সন্দীপের সঙ্গে খুব একটা শোভন আচরণ করছেন না নির্মাতা ইশান আরফিন নিতুল এমন অভিযোগ করেছেন রয়।

যা হোক, মাহিম করিম খাটো করলেন গোটা বাংলাদেশকে। আশ্চর্যের বিষয় হচ্ছে- কিছু মিডিয়া কোনোরূপ যাচাই বাছাই না করেই মেনে নিচ্ছে ‘মাহিম করিম’এর বক্তব্য!

পূর্বাশানিউজ/১৩ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি