রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


‘এ ছবিতে আমাকে উপস্থাপন করা হয়েছে অনেকটাই ভিন্নভাবে’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:
গেল ঈদের আগে বেশ কিছুদিন টানা বিশেষ নাটকের কাজে ব্যস্ত ছিলেন ফারুক আহমেদ। এরপর দিনকয়েক বিশ্রাম নিয়ে ফের কাজে নিয়মিত হয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ঈদের পর আবারো কাজে যোগ দিয়েছি। শুটিং শুরু হয়ে গেছে। নতুন ও প্রচার চলতি নাটকগুলোর কাজই চলছে এখন। আর সামনের কোরবানীর ঈদ উপলক্ষে কিছু নতুন নাটকের ব্যাপারে কথা চলছে। নাটকে বেশি সময় কাটলেও ফারুক আহমেদ অপেক্ষার প্রহর গুনছেন তার অভিনীত চলচ্চিত্র ‘ভয়ঙ্কর সুন্দর’র মুক্তির জন্য। আগামী ৪ঠা আগস্ট ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। ছবির ইউনিটের অন্যদের পাশাপাশি এ অভিনেতারও দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে এর মধ্য দিয়ে। এ প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, আমার ক্যারিয়ারে অনেক ভালো ভালো চলচ্চিত্রে দারুণ কিছু চরিত্রে অভিনয়ের সুযোগ হয়েছে। নিজেকে প্রমাণও করেছি। কিন্তু ‘ভয়ঙ্কর সুন্দর’ সেসবের চেয়েও বেশি ভালো বলে আমার মনে হয়। কারণ এ ছবিতে আমাকে উপস্থাপন করা হয়েছে অনেকটাই ভিন্নভাবে। টিভি পর্দায় কিংবা আমার অভিনীত অন্য চলচ্চিত্রগুলোতে আমাকে দর্শক যেভাবে দেখেছেন সেগুলোর চাইতে অনেকখানি আলাদা এ চরিত্রটি। আমি মনে করি আমার ক্যারিয়ারে যদি নতুন দিক উন্মেচিত হয় তাহলে ‘ভয়ঙ্কর সুন্দর’র মাধ্যমে হবে। আরেকটা কথা বলতেই হয়, এখনকার অনেক চলচ্চিত্র দেখলে চলচ্চিত্র মনে হয় না। তবে ‘ভয়ঙ্কর সুন্দর’ আমার কাছে চলচ্চিত্রই মনে হয়েছে। এদিকে বর্তমানে বেশ কিছু প্রচারচলতি ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন ফারুক আহমেদ। এর মধ্যে রয়েছে বাংলাভিশনের অঞ্জন আইচ পরিচালিত ‘মেঘের পরে মেঘ জমেছে’, বৈশাখী টেলিভিশনের ফরিদুল হাসানের ‘কমেডি ৪২০’, একই চ্যানেলের সাগর জাহান পরিচালিত ‘আমাদের হাটখোলা’, আরটিভির শামীম জামানের ‘ঝামেলা আনলিমিটেড’, চ্যানেল আইয়ের সাজ্জাদ সুমনের ‘চুইংগাম’ সহ আরো কয়েকটি। দীর্ঘ সময়জুড়ে অভিনয়ের সঙ্গে পথচলা ফারুক আহমেদের। এ মাধ্যমটি সম্পর্কে নানা ধরনের অভিজ্ঞতাই হয়েছে তার। সে অভিজ্ঞতার আলোকে বর্তমান টিভি নাটকের অবস্থা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন চ্যানেল হয়েছে অনেক। প্রতিযোগিতা হচ্ছে। আগে তো একটা মাত্র চ্যানেল ছিল। এখন সে জায়গায় অনেক চ্যানেল। দিনে দিনে শিল্পীর সংখ্যাও বেড়েছে। নাটক প্রচার হচ্ছে প্রচুর। অভিনয়শিল্পীরা নিজেদের মূল্যায়ন করতে পারেন। এটা আমার দৃষ্টিতে ইতিবাচকই মনে হয়। আরেকটি ব্যাপার যেটা তা হচ্ছে-এখন অনেক ভালো ভালো নির্মাতা তৈরি হয়েছেন। যারা যথেষ্ট মেধাবী ও সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজ করছেন। উন্নত প্রযুক্তি সম্পর্কে তাদের ভালো জ্ঞান রয়েছে। আর সেসব প্রযুক্তি ব্যবহার করেই কাজ চালিয়ে যাচ্ছেন। এর ফলে একটা ভালো প্রোডাকশন বের হয়ে আসছে। এটাও একটা ইতিবাচক দিক। তবে সমস্যা হলো আমাদের বাজেট। যে পরিমাণ অর্থের দরকার সেটা নির্মাতারা পাচ্ছেন না। যে কারণে নানান জটিলতা প্রায়ই দেখা দিচ্ছে। বাজেট সমস্যা দূর হলে নাট্যাঙ্গনের অস্থিরতা অচিরেই কেটে যাবে। একটা সময় ফারুক আহমেদ তার সমসাময়িকদের সঙ্গে কাজ করেছেন। এখনও করছেন। তবে তাদের সঙ্গে যোগ দিয়েছেন অনেক তরুণ শিল্পী। নতুন পুরাতন মিশ্রন এবং এ সময়ের নাটকের কাজ প্রসঙ্গে অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে জনপ্রিয় এই অভিনেতা বলেন, এখনকার শিল্পীদের নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কারণ তারা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলছেন। ভালো খারাপ কাজ তো সবাই কম-বেশি করছেন। তবে একটা ব্যাপার আমার মনে হয়েছে,  যুগের সঙ্গে তাল মিলিয়ে চললেও অনেকে চর্চার জায়গা থেকে সরে আসছেন। পড়াশোনা কিংবা জানার ব্যাপারটির সঙ্গে অভ্যস্ত নন তারা। সময় পেলে ফেসবুক নিয়ে ব্যস্ত থাকেন। শেখার জন্য কিংবা জানার জন্য বই পড়তে হয়। এটা এখন অনেকের মধ্যেই দেখা মেলে না।

১৬ জুলাই ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি