শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মুসলমানের জামাত আঁকড়ে ধরার গুরুত্ব


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মনুষ্য সমাজের জ্ঞানীমাত্রই একমত যে, একতাই কল্যাণ ও সঠিক পথ। বিচ্ছিন্নতা অকল্যাণ ও ভ্রান্ত পথ। দুইজন শ্রেয় একজনের চেয়ে, তিনজন শ্রেয় দুইজনের চেয়ে এবং চারজন শ্রেয় তিনজনের চেয়ে। এভাবেই শ্রেয়তা চলমান। কোনো জাতি একতাসত্ত্বেও ব্যর্থ হয়নি। কোনো জাতিই সফল হয়নি বিচ্ছিন্ন হয়ে। একঝাঁক তীরের মধ্যে কখনও একটি তীর লক্ষ্যভ্রষ্ট হয় না। একক তীরটি কখনও অবশিষ্ট তীরের তুলনায় নিরাপদ থাকে না। শয়তান এক ও দুইজনের সঙ্গে, তিন বা ততোধিকের সঙ্গে নয়। কেননা নবী (সা.) বলেন, ‘একজন (সফরকারী) আরোহী একটি শয়তান এবং দুইজন আরোহী দুইটি শয়তান। আর তিনজন আরোহী একটি কাফেলা।’ (আবু দাউদ)। রাসুলুল্লাহ (সা.) আরও বলেন, ‘যে ব্যক্তি জান্নাতের আয়েশ পেতে চায়, সে যেন জামাতকে আঁকড়ে ধরে। কেননা শয়তান থাকে একজনের সঙ্গে। সে দুইজন থেকে অপেক্ষাকৃত দূরে অবস্থান করে।’ (তিরমিজি)।
হে আল্লাহর বান্দা, আমাদের সমুজ্জ্বল শরিয়ত দল ও সমষ্টির স্বার্থের প্রতি সব ধরনের দৃষ্টি দিয়েছে। সমষ্টির কল্যাণে সব পথ উন্মুক্ত করেছে। বন্ধ করেছে সামষ্টিক অকল্যাণের সমূহ পথ। এমনকি জামাত ও উম্মতের স্বার্থকে অগ্রাধিকার দিতে গিয়ে কখনও ব্যক্তির অগ্রগণ্য বিষয়কেও পশ্চাতে রেখেছে। যদি প্রত্যেকেই নিজের বিশেষ স্বার্থকে উম্মত ও জাতির সাধারণ স্বার্থের ওপর অগ্রাধিকার দেয়, তাহলে জাতি ঐক্যবদ্ধ হতে পারবে না, সমষ্টি কখনও স্থিত হতে পারবে না। উপরন্তু ছড়িয়ে পড়বে বিক্ষিপ্ততা ও স্বার্থপরতা। ব্যাপকতা লাভ করবে প্রত্যেক মতাবলম্বীর স্বমতে আত্মতুষ্টি। প্রত্যেকেই মনে করবে হক তার সঙ্গেই। তাই তো ইসলাম এমন সবকিছুকেই অঙ্কুরে বিনষ্ট করে দিয়েছে, যা পরিণতিতে মুসলিমদের একতায় চিড় ধরায়। তাদের মাঝে বিভক্তি সৃষ্টি করে। কিংবা সমষ্টির বৈধ বৈচিত্র্যকে নিষিদ্ধ বৈপরিত্যে বদলে দেয়। মুস্তফা (সা.) বলেন, ‘যে কেউ তোমাদের মধ্যে এসে একতা বিনষ্ট করতে চায় যখন তোমরা (এক নেতৃত্বে) একতাবদ্ধÑ তাকে হত্যা করো।’ (মুসলিম)।
আল্লাহর বান্দারা দেখুন, কীভাবে দশের সাধারণ বৃহৎ স্বার্থকে ব্যক্তির ক্ষুদ্র বিশেষ স্বার্থের ওপর অগ্রাধিকার দিয়েছে। এমনকি মুসলিমদের সামষ্টিক স্বার্থ রক্ষা ও একতা বজায় রাখতে গিয়ে ব্যক্তিকে সমূল উৎপাটনেও ইসলাম কুণ্ঠিত নয়। আপনারা কি দেখেননি, যে ব্যক্তি স্বচক্ষে রমজান বা ঈদের চাঁদ দেখেছে আর তার সাক্ষ্য প্রত্যাখ্যান করা হয়েছে, ফিকহবিদরা তার জন্য আবশ্যক করে দিয়েছেন লোকদের সঙ্গে রোজা রাখা এবং তাদের সঙ্গেই রোজা ভঙ্গ করা। নিজ চোখে যা দেখেছে, তাকে ধর্তব্যে না নেয়া। কারণ নবী (সা.) বলেছেন, ‘ওই দিন রোজা শুরু হবে, যেদিন সবাই রোজা রাখবে, রোজা ভাঙতে হবে ওই দিন, যেদিন সবাই রোজা ভাঙে, কোরবানি করতে হবে ওই দিন, যেদিন সবাই কোরবানি করে।’ (তিরমিজি)। ইমাম তিরমিজি বলেন, ‘এর অর্থ হলো, রোজার শুরু ও সমাপ্তি উভয়ই করতে হবে বৃহৎ জামাত এবং অধিকাংশ লোকের সঙ্গে।’
আল্লাহর বান্দারা, বলাবাহুল্য যে দলবদ্ধতা নিরাপদ ও উত্তম পন্থা। তবে কখনও কখনও একলা চলাও নিরাপদ। যখন ব্যক্তির দল ছিন্নভিন্ন হয়ে যায়। একতার স্তূপ হয়ে যায় বিরান পতিত। অবশ্য এমন পরিস্থিতি একেবারেই বিরল।
তথাপি দীপ্ত শরিয়ত এ অবস্থার শিকার লোকদেরও দিকনির্দেশনাহীন ছেড়ে দেয়নি। বরং তাকে দ্বীন-দুনিয়ার কল্যাণের পথ দেখিয়েছে। যেমন বোখারি ও মুসলিমে আবু ইদরিস খাওলানি সূত্রে হুজায়ফা ইবনুল ইয়ামান (রা.) থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, লোকেরা রাসুল (সা.) এর কাছে কল্যাণকর বিষয় প্রশ্ন করত। আর আমি জিজ্ঞেস করতাম অকল্যাণ বিষয়। এতে আমার পতিত হওয়ার ভয়ে। একদা আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসুল (সা.), আমরা মূর্খতা এবং অকল্যাণের মধ্যে ছিলাম। অতঃপর আল্লাহ তায়ালা আমাদের এ কল্যাণ (ঈমান) দান করেছেন, এ কল্যাণের পর কি ফের অকল্যাণ (সংঘটিত) হবে? তিনি বলেন, হ্যাঁ হবে। আমি বললাম, সেই অকল্যাণের পরও কি আবার কল্যাণ আসবে? তিনি বলেন, হ্যাঁ আসবে, তবে তা ধোঁয়াযুক্ত হবে। আমি জিজ্ঞেস করলাম ধোঁয়া অর্থ কী? তিনি বলেন, লোকেরা আমার পথ বৈ অন্য পথ অবলম্বন করবে। তাদের মাঝে তুমি ভালো ও মন্দ উভয়ই প্রত্যক্ষ করবে। আমি বললাম, অতঃপর এ কল্যাণের পর কি আবার অকল্যাণ আসবে? তিনি বলেন, হ্যাঁ আসবে। তা এই যে, জাহান্নামের দিকে কিছু আহ্বানকারী (বের) হবে, যারা তাদের ডাকে সাড়া দেবে, তাদের তারা জাহান্নামে নিক্ষেপ করবে। আমি বললাম, হে আল্লাহর রাসুল (সা.)! আমাদেরকে তাদের পরিচয় জানিয়ে দিন। তিনি বলেন, তারা আমাদের মতোই হবে এবং আমাদের মতোই কথা বলবে। আমি বললাম, আমি সে অবস্থায় উপনীত হলে আমাকে কী নির্দেশ দেন? (আমার করণীয় কী হবে?) তিনি বলেন, তখন অবশ্যই মুসলমানদের জামাত (সম্মিলিত দল) ও তাদের ইমামকে আঁকড়ে ধরে থাকবে। আমি বললাম, সে সময় যদি কোনো মুসলিম দল ও মুসলিম ইমাম না থাকে (তখন আমাদের করণীয় কী)? তিনি বলেন, তখন সব দল থেকেই দূরে থাকবে। যদিও এ অবস্থায় তোমাকে আমৃত্যু বৃক্ষমূল কামড়ে পড়ে থাকতে হয়।
হাদিসে ইঙ্গিতকৃত সময়টি হলো ওসমান (রা.) এর বিরুদ্ধে অস্ত্রধারণ ও ফেতনার যুগ থেকে নিয়ে শেষ যুগ পর্যন্ত প্রত্যেক স্থান ও কাল। (ফেতনা) যে যুগেই হোক না কেন, উপদেশ একটিই (কোনো দলেই না থেকে নির্জনে ঈমান রক্ষা করা)। আর অনৈক্যের যুগে নির্জনে চলে যাওয়ার ব্যাখ্যায় হাফেজ ইবনে হাজার (রহ.) ইমাম তাবারি থেকে বর্ণনা করেন। ‘যখন (সর্বজনমান্য) একজন নেতা না থাকায় মানুষ দলে দলে বিভক্ত হয়ে পড়ে, তখন কোনো বিচ্ছিন্ন দলকেই অনুসরণ করবে না। সম্ভব হলে সব দল থেকেই দূরে থাকবে, যাতে ফেতনায় না পড়তে হয়। পক্ষান্তরে যখন হকের ওপর প্রতিষ্ঠিত কোনো দল পাওয়া যাবে, তাতে যুক্ত হওয়া, দলটি আরও ভারি করা এবং সত্যের ওপর তাকে আরও শক্তি জোগানো ওয়াজিব।’

পূর্বাশানিউজ/২৮ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি