
পূর্বাশা ডেস্ক:
ইসলামী শরিয়ায় হালাল ও হারাম একটি গুরুত্বপূর্ণ বিষয়। পৃথিবীর সব আসমানি গ্রন্থেই হালাল-হারামের বিষয়টি বর্ণিত রয়েছে। হালাল-হারামের বিষয়গুলো নির্ধারিত করার এখতিয়ার শুধু আল্লাহর বিধায় বাস্তব জীবনে হালাল কাজ করা আর হারাম কাজ থেকে বেঁচে থাকার নামই হচ্ছে ইবাদত। ইসলামের মূলমন্ত্রই হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ। অর্থাৎ আল্লাহ পাকের হুকুম বা আদেশ মানা আর রাসুলুল্লাহ (সা.) এর তরিকায় জীবনযাপন করা। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দ্বীন ইসলাম নয় অথবা শুধু মুহাম্মাদুর রাসুলুল্লাহ দ্বীন ইসলাম নয়। উভয়ের সমন্বয়েই কালেমা বা দ্বীন ইসলাম।
হালাল
কোরআন ও সুন্নাহর ভিত্তিতে যেসব বিষয়কে বৈধ বলে ঘোষণা করা হয়েছে, ইসলামী শরিয়তের পরিভাষায় তা হালাল বা বৈধ। অন্য কথায়Ñ হালাল অর্থ বৈধ, উপকারী ও কল্যাণকর বস্তুগুলো। মানুষের জন্য যা কিছু উপকারের ও কল্যাণকর ওইসব কর্ম ও বস্তুকে আল্লাহ পাক মানুষের জন্য হালাল করেছেন। যেমনÑ নামাজ, রোজা, হজ, জাকাত, পর্দা, ছাগল, মাংস ভক্ষণ, আল্লাহ নির্দেশিত ব্যবসা-বাণিজ্য ইত্যাদি। একজন মুসলিমের উচিত সর্বদা হালাল বা বৈধ পদ্ধতি অবলম্বন করা।
হারাম
কোরআন ও সুন্নাহর ভিত্তিতে যেসব বিষয়কে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে, ইসলামী শরিয়তের পরিভাষায় তা হারাম বা অবৈধ। অন্য কথায়, হারাম অর্থ অবৈধ, ক্ষতিকারক, অকল্যাণকর কর্ম ও বস্তু, যা মানুষের জন্য অপকারের বা ক্ষতির কারণ। ওইসব কর্ম বা বস্তুকে আল্লাহ পাক হারাম করেছেন। যেমনÑ শূকরের মাংস মানুষের জন্য ক্ষতিকারক, সুদ, ঘুষ, বেনামাজি, বেপর্দা এবং সব পাপকর্ম ইত্যাদি। হারাম কাজ করলে আল্লাহর শাস্তি নির্ধারিত বিধায় এ ধরনের কাজ বর্জন করাও বাধ্যতামূলক। যেমনÑ সুদ খাওয়া, গিবত করা বা অপবিত্র কিছু খাওয়া বা অবৈধ ব্যবসা-বাণিজ্য করা।
হালাল ও হারাম বিধানের উদ্দেশ্য বিশ্বমানবতার কল্যাণ সাধন এবং অকল্যাণ ও ক্ষতি থেকে রক্ষা করা। হালাল বিধান পালনে বান্দার জন্য রয়েছেÑ আত্মার কল্যাণ, দেহের কল্যাণ এবং বিবেক-বুদ্ধির সুস্থতা, যা দ্বীন ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গ। এতে আল্লাহ বান্দার প্রতি নাজিল করেন রহমত ও বরকত। পক্ষান্তরে যে ব্যক্তি হারাম কাজ করে তার অন্তর-আত্মা নষ্ট হয়ে যায়, দেহের ক্ষতি হয় এবং বিবেকবুদ্ধি লোপ পায়, যা নির্বুদ্ধিতার পরিচয় বহন করে। এককথায় তাকে গোনাহগার বানিয়ে দেয়।
আল্লাহ তায়ালা আমাদের জন্য সব ধরনের কঠোরতা তুলে নিয়ে ইসলামের হালাল ও হারামের বিধান দিয়ে মানুষকে অশান্তির শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে নিষ্কৃতি দান করেছেন। হালাল-হারামের বিধান নির্ধারণে আল্লাহ বলেন, ‘যারা অনুসরণ করে সেই রাসুলকে (যিনি) নবি, উম্মি, যাকে তারা পায় উল্লিখিত তাদের কাছের তাওরাতে ও ইঞ্জিলে, আর যিনি তাদের নির্দেশ দেন সৎ কাজের ও তাদের নিষেধ করেন অসৎ কাজ থেকে, আর তাদের জন্য বৈধ করেন ভালো বিষয়বস্তু ও তাদের জন্য নিষেধ করেন মন্দ জিনিসগুলো, আর যিনি তাদের থেকে দূর করে দেন তাদের বোঝা ও বন্ধন যা তাদের উপরে ছিল। অতএব যারা তাতে বিশ্বাস করে ও তাকে মান্য করে ও তাকে সাহায্য করে আর অনুসরণ করে সেই আলো, যা তার সঙ্গে অবতীর্ণ হয়েছে, এরা নিজেরাই হচ্ছে সফলকাম।’ (সূরা আরাফ : ১৫৭)।
হালালের উদাহরণ
মুসলমানদের গরু, ছাগল খাওয়ার হুকুম আল্লাহ পাক দান করেছেন। কিন্তু তা যদি আল্লাহু আকবর তথা আল্লাহর নামে বলে; কিন্তু মুহাম্মদ (সা.) এর তরিকায় জবাই করা না হয় তবে তা মুসলমানের জন্য হারাম হয়ে যাবে। কারণ গরু বা ছাগল খাওয়া আল্লাহ পাকের হুকুম আছে; কিন্তু মুহাম্মদ (সা.) এর সুন্নত তরিকা না থাকার কারণে তা হারাম হয়ে যাবে। কিন্তু তা যদি আল্লাহ পাকের নাম নিয়ে সুন্নত তরিকায় জবাই করা হয় তখন তা হালাল হবে। তেমনি শরিয়তের সব কাজ যখন আল্লাহ পাকের হুকুম ও রাসুল (সা.) এর তরিকায় পালিত হবে তখন তা হালাল বা বৈধ এবং ইবাদতে গণ্য হবে, নচেৎ নয়।
হারামের উদাহরণ
আল্লাহ পাক শূকর খাওয়াকে হারাম করেছেন। কিন্তু কেউ যদি শূকরকে সুন্নত নিয়মে জবাই করে তবুও তা হালাল হবে না বরং হারাম হবে। এখানে আল্লাহ পাকের হুকুম নেই। মুহাম্মদ (সা.) এর তরিকা লাগালেও তা বৈধ বা হালাল এবং ইবাদতে গণ্য হবে না। তেমনি আল্লাহ পাক যেসব কাজ বা বস্তু হারাম করেছেন যেমনÑ শূকর, সুদ, ঘুষ, বেপর্দা, হারাম ব্যবসা ইত্যাদি হারাম হবে। এগুলো ইবাদতে গণ্য হবে না।
আল্লাহর দরবারে প্রার্থনা করি তিনি যেন তাঁর বান্দাদের হালাল ও হারামের পরিচয় লাভ করার পর এর বিধান পালনের তৌফিক দান করেন।
১০ সেপ্টেম্বর ২০১৭/ রুমকী

























































