পূর্বাশা ডেস্ক:
পর্যালোচনামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে ইমাম হোসাইনের শাহাদতের ঘটনার প্রতি দৃষ্টি নিবদ্ধ করলে ইমাম হোসাইন (রা.) এর শাহাদতের বেশ কিছু কারণ উদ্ঘাটিত হয়। মূলত ইমাম হোসাইন (রা.) কে শহীদ হতে হয় জালিম শাসক ইয়াজিদ সরকারের বিচ্যুতির প্রতিকার চাইতে গিয়ে। তিনি চেয়েছিলেন শাসন ব্যবস্থাকে তার সঠিক অবস্থানে নিয়ে আসতে। তিনি চেয়েছিলেন মজলুম মানবতার মুক্তি। তার সংগ্রাম কোনো কাফের শাসকের বিরুদ্ধে ছিল না; বরং তা ছিল নামধারী মুসলিম শাসক ইয়াজিদের বিরুদ্ধে। ইসলামের লেবেল গায়ে জড়িয়ে যারা অনৈসলামিক কর্মকা-কে জায়েজ বানাতে চায়, ইমাম হোসাইন (রা.) এর সংগ্রাম ছিল তাদের বিরুদ্ধে।
ইমাম হোসাইন (রা.) এর সংগ্রাম ছিল একটি মুক্তিযুদ্ধ। সেটি ছিল মানবতার মুক্তি, দুঃশাসন থেকে মুক্তি। এ মুক্তিযুদ্ধের বিরোধী অপশক্তির সঙ্গে যে কখনও আপস হতে পারে না, জোট হতে পারে না, ইমাম হোসাইন (রা.) এর শাহাদতের স্মৃতিবিজড়িত আশুরা ও মহররম তা-ই শিক্ষা দেয়। কখনও জাতির স্বাধীনতা হরণ করা হলে কিংবা স্বকীয়তা বজায় রাখার স্বার্থে যে গর্জে উঠতে হয়, আশুরা ও মহররম তা-ই শেখায়। কিন্তু মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী নেটওয়ার্ক যে অত্যন্ত সুবিস্তৃত। এ জন্য সত্য পথযাত্রীদের টুঁটি চেপে হত্যার পরম্পরায়ই ইমাম হোসাইনকে শহীদ হতে হয়।
নিষ্ঠুর ইতিহাসের সংঘটক কেউই যে মহান আল্লাহর অলঙ্ঘনীয় বিধান থেকে রেহাই পায় না, কারবালায় ইমাম হোসাইন (রা.) এর শাহাদতের পর তা-ই প্রমাণিত হয়েছে। হজরত ইমাম হোসাইন (রা.) এর নির্মম মৃত্যু সংবাদ শুনে মক্কা, মদিনা ও কুফায় বিদ্রোহের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। বিক্ষুব্ধ জনতা ক্ষোভে মুহ্যমান হয়ে দুরাত্মা ইয়াজিদের বিরুদ্ধে সংগঠিত হয়। এ বিদ্রোহের নেতৃত্বে ছিলেন বিপ্লবী নেতা মুখতার। তিনি কুফার ঘরে ঘরে তল্লাশি চালিয়ে ইমাম হোসাইন (রা.) এর হত্যাকা-ে জড়িত যুদ্ধাপরাধীদের তরবারির আঘাতে হত্যা করেন। এ সংঘর্ষে ইয়াজিদ সেনাপতি সিমারসহ ২৮৪ জন ঘাতক প্রাণ হারায়। এক পর্যায়ে মুখতার সদলবলে কুফার গভর্নর আবদুল্লাহ বিন জিয়াদের সম্মুখীন হয়। টাইগ্রিস নদের শাখা জাবের তীরে উভয়ের যুদ্ধ চলাকালে কুখ্যাত জিয়াদ এক সাধারণ সৈনিকের বর্শাঘাতে বক্ষ বিদীর্ণ হয়ে মৃত্যুমুখে পতিত হয়।
জাতি যখন ইয়াজিদি দুঃশাসনের বিরুদ্ধে কথা বলতে পারছিল না, সত্য উপলব্ধি করার পরও যখন তারা অনিয়ম, নির্যাতন নীরবে হজম করে চলছিল, তখন ঈমানের পাটাতনে দাঁড়িয়ে সাহসের বলিষ্ঠ উচ্চারণে ইমাম হোসাইন (রা.) ফোরাতের তীরে ছুটে আসেন। ইয়াজিদি স্বৈরশাসন মেনে নিলে তাকে এমন নির্মমভাবে কারবালার মরুপ্রান্তরে প্রাণ দিতে হতো না। সামান্য আপসকামী হলেই শহীদি রক্তের ফোঁটায় ফোরাত নদীর পানি রক্তবর্ণ ধারণ করত না। কিন্তু ইমাম হোসাইন (রা.) আপসহীনভাবে জাহেলিয়াতের কালো পর্দা উন্মোচন করে সত্যকে প্রোজ্জ্বল করেন। তাই তো জালিমের বিরুদ্ধে মজলুমের, অন্যায়ের বিরুদ্ধে সত্যের ও জিল্লতের পরিবর্তে নাজাতের মহিমায় ভাস্বর ঐতিহাসিক দিবসের নাম আশুরা।
পৃথিবীর ইতিহাসে সত্য প্রতিষ্ঠাকারীদের আদর্শে শানিত মানবতার মুক্তিদূত বিশ্বনবী মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.) এর শাহাদতের স্মৃতিবিজড়িত কারবালার ঘটনা বাতিলের বিরুদ্ধে হকের চিরন্তন সংগ্রামের এক নবতর সংযোজন। প্রতি বছর সেই কারবালা দিবস এসে আমাদের ঈমান ও দেশমাতৃকার প্রেমে উজ্জীবিত হয়ে যুগের ইয়াজিদের বিরুদ্ধে সংগ্রামী মনোভাব নিয়ে ঝাঁপিয়ে পড়তে শেখায়। প্রয়োজনে বুকের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আদর্শ সমাজ বিনির্মাণের শিক্ষা দেয়। আর এ জন্য প্রয়োজন ধৈর্যের-ত্যাগের। তাই তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন : ‘ফিরে এসেছে পুনঃ মহররম, মাহিনা/ত্যাগ চাই, মর্সিয়া ক্রন্দন চাহি না।’
ইতিহাসবিদ গিবন বলেন, ‘সুদূরবর্তী যুগে ও পরিবেশেও হজরত হোসাইনের মৃত্যুর শোকাবহ দৃশ্য কঠিনতম পাঠকের হৃদয়ে সমবেদনার সঞ্চার করবে। ((In a distant age and climate the tragic scene of the death of Hussain will awaken the sympathy of the coldest reader.) ইতিহাস সাক্ষী, ইমাম হোসাইন (রা.) কে কারবালা প্রান্তরে যারা নির্মমভাবে হত্যা করেছিল, মাত্র ৫০ বছরের ব্যবধানে তাদের প্রত্যেকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে করুণ পন্থায়।
ইসলামী শরিয়তে এই আশুরা দিবসের যেমন রয়েছে তাৎপর্য তেমনি এ দিবসের রয়েছে ব্যাপক ফজিলত। মদিনায় হিজরতের পর রাসুলুল্লাহ (সা.) লক্ষ্য করেন যে, ইহুদিরা আশুরা দিবসে রোজা রাখছে। তিনি তাদের জিজ্ঞেস করলেন, এটি কোন দিন, যাতে তোমরা রোজা রেখেছ? জবাবে তারা বলল, ‘এটি এমন এক মহান দিবস, যেদিন আল্লাহ তায়ালা হজরত মুসা (আ.) ও তার সম্প্রদায়কে মুক্তি প্রদান করেছিলেন এবং ফেরাউনকে তার সম্প্রদায়সহ ডুবিয়ে মেরেছিলেন। তাই হজরত মুসা (আ.) কৃতজ্ঞতাস্বরূপ এদিন রোজা রাখেন। এ জন্য আমরাও রোজা রাখি।’ এ কথা শুনে রাসুলুল্লাহ (সা.) ঘোষণা করেন, ‘তোমাদের চেয়ে আমরা মুসা (আ.) এর অধিকতর ঘনিষ্ঠ ও নিকটবর্তী। অতঃপর রাসুলুল্লাহ (সা.) নিজে রোজা রাখেন এবং অন্যদেরও রোজা রাখার নির্দেশ দেন।’ (মুসলিম, ১ম খ-, পৃ. ৩৫৯)।
সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি হজরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেন, ‘রমজানের পর সব রোজার (নফল) মধ্যে আশুরার রোজা সর্বশ্রেষ্ঠ।’ (তিরমিজি ১ম খ-, পৃ. ১৫৬)।
পবিত্র আশুরার দিন রোজা রাখার ফজিলত সম্পর্কে নবী করিম (সা.) আরও বলেন, ‘আমি আশা করি, যে ব্যক্তি আশুরা দিবসে রোজা রাখবে তার এক বছরের গোনাহের কাফফারা হয়ে যাবে।’ (মুসলিম ১ম খ-, পৃ. ৩৬৭)।
আশুরার দিন রোজা রাখলে ইহুদিদের সঙ্গে সাদৃশ্য হয়ে যায় বিধায় রাসুলুল্লাহ (সা.) তার আগের দিন বা পরের দিন আরেকটি রোজা রাখার পরামর্শ দিয়েছেন।
অক্টোবর ২০১৭/রুমকী


























































