
পূর্বাশা ডেস্ক:
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- মহান আল্লাহ তায়ালা বলেন, কুরআন যে ব্যক্তিকে আমার যিকির এবং আমার কাছে দোয়া করা থেকে বিরত রেখেছে- আমি দোয়াকারী বা প্রার্থনাকারীদের যা দান করি তাঁর চেয়ে অতি উত্তম জিনিস তাঁকে দান করবো। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, কেননা সমস্ত কালামের উপর আল্লাহর কালামের শ্রেষ্ঠত্ব রয়েছে- যেভাবে সমস্ত সৃষ্টিকুলের উপর আল্লাহর শ্রেষ্ঠত্ব রয়েছে। [তিরমিযি, দারেমী, বায়হাকী]
অর্থাৎ যে ব্যক্তি কুরআনের চর্চায় এতটা মশগুল রয়েছে যে, অন্যান্য উপায়ে আল্লাহ তায়ালাকে স্মরণ করার জন্য সে যিকির- আযকার করারও সময় পায় নি, এমনকি তাঁর কাছে দোয়া করারও সুযোগ পায় নি, তাঁর সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, প্রার্থনাকারীদেরকে আমি যতো বড় জিনিসই দান করি না কেন কুরআন পাঠকারীদের দোয়া করা ছাড়াই কুরআনের বরকতে এর চেয়ে উত্তম জিনিস দান করবো।
এটা হাদীসে কুদসী। হাদীসে কুদসী হচ্ছে- যে হাদীসের মধ্যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বর্ণনা করেন যে, আল্লাহ বলেছেন। হাদীসে কুদসী এবং কুরআনের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে, কুরআনের মতন ও ( মূল পাঠ ) আল্লাহ তায়ালার কাছ থেকে নাযিল হয় এবং এর বিষয়বস্তুও আল্লাহ তায়ালার নিজস্ব। তা কুরআনের অংশ হিসেবে নাযিল হয়। এ জন্যই জিব্রাঈল (আ.) যখন কুরআন নিয়ে আসতেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলে দিতেন যে, এটা কুরআনের আয়াত। এবং তা আল্লাহ তায়ালার নিজস্ব শব্দে এসেছে। অপরদিকে হাদীসে কুদসির ভাষা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিজস্ব, কিন্তু এর ভাব এবং বিষয়বস্তু আল্লাহ তায়ালার নিজস্ব যা তিনি তাঁর নবীর অন্তরে ঢেলে দিয়েছেন। কখনো কখনো হাদীসে কুদসীর ভাষাও মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে এসেছে। কিন্তু তা কুরআনের অংশ হিসেবে আসে নি। যেমন, আল্লাহ তায়ালা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিভিন্ন দোয়া শিখিয়েছেন। নামাযের মধ্যে যেসব যিকির পড়া হয়, তা সবই আল্লাহ তায়ালার শিখানো। কিন্তু তা কুরআনের অংশ বানানোর জন্য শেখানো হয় নি। আল্লাহ তায়ালার পক্ষ থেকে তাঁরই ভাষায় কোন বিষয়বস্তু নাযিল হলে পরিস্কারভাবে বলে দেয়া হতো যে, তা কুরআনের সাথে যোগ করার জন্য নাযিল করা হয়েছে।
এই হাদীসে কুদসীর অংশ “উতিয়াস সায়েলীন” পর্যন্ত শেষ হয়েছে। অতপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে বলেছেন, সমস্ত সৃষ্টি জগতের উপর আল্লাহ তায়ালার যেরূপ মর্যাদা রয়েছে, যাবতীয় কথার উপরে তাঁর কথার অনুরূপ মর্যাদা রয়েছে- কেননা তা আল্লাহ তায়ালার কালাম। আল্লাহ তায়ালা সৃষ্টির তুলনায় যতটা শ্রেষ্ঠ, তাঁর কথাও সৃষ্টির কথার চেয়েও ততটা শ্রেষ্ঠ। উপরের কথার সাথে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইয়াহি ওয়া সাল্লামের এ কথা যোগ করার তাৎপর্য হচ্ছে এই যে, কুরআন ছাড়া অন্য যে কোন দোয়া- দরূদের কথাই বলা হোক না কেন মানুষের তৈরি কালাম, স্বয়ং আল্লাহ তায়ালার কালাম নয়। এ জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- মানুষের তৈরি কথা যতই উন্নত মানের ও মর্যাদাসম্পন্ন হোক না কেন তা আল্লাহর কালামের সামনে কিছুই নয়। আল্লাহর সামনে মানুষের যেই মর্যাদা, তাঁর কালামের সামনে তাঁদের রচিত এই কালামেরও ততটুকু মর্যাদা। অতএব, তোমরা সবচেয়ে মর্যাদাবান আল্লাহ তায়ালার এই কালামের পিছনে যতটা সময় ব্যয় করেছো- তা অতীব মূল্যবান কাজে ব্যয় হয়েছে। তোমরা যদি দোয়ার মধ্যে তোমাদের সময় ব্যয় করো তাহলে অপেক্ষাকৃত কম মূল্যবান কাজেই তোমাদের সময় ব্যয় করলে। অতএব, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একথা পরিস্কার বলে দিয়েছেন, যদি কোন ব্যক্তি আল্লাহর যিকির করার পরিবর্তে কুরআন পাঠেই তাঁর সময় ব্যয় করে তাহলে তাঁকে দোয়াকারীদের তুলনায় উত্তম জিনিস কেন দেয়া হবে।

























































