
পূর্বাশা ডেস্ক:
যেন চোখের নিমেষে চলে গেলেন তিনি। এখনও তার মোহ থেকে বেরোতে পারছে না সিনেমাপ্রেমীরা। মন জুড় শুধুই শ্রীদেবী। সারপ্রাইজ ডিনারের আয়োজন ছিল তার জন্য। তার আগেই সব শেষ।
আত্মীয় মোহিত মারওয়ার বিয়েতে যোগ দিতে দুবাই গিয়েছিলেন শ্রীদেবী। সংযুক্ত আরব আমিরশাহীতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় এই অভিনেত্রী। দুবাইয়ের একটি হোটেলের ঘরেই শেষ হয়ে যায় তার জীবন। সংযুক্ত আরব আমিরশাহীর একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গিয়েছে, এদিন রাতেই তাকে ডিনারে নিয়ে যেতে চেয়েছিলেন স্বামী বনি কাপুর।
ওই সংবাদপত্রের খবর অনুযায়ী, বিয়েবাড়ির অনুষ্ঠান মিটে যাওয়ার পর শ্রীদেবীর স্বামী বনি কপূর মুম্বইয়ে ফিরে আসেন। শ্রীদেবী একাই দুবাইতে ছিলেন। স্ত্রীকে চমকে দেওয়ার জন্য ফের দুবাইয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন বনি। ‘জুমেইরা এমিরেটস টাওয়ার’ হোটেলে থাকছিলেন শ্রীদেবী। দুবাই পৌঁছে হোটেলে গিয়ে বনি কাপুর শ্রীদেবীকে বলেন, বাইরে খেতে যাবেন। কিছুক্ষণ গল্প করার পর ডিনারে যেতে তৈরি হওয়ার জন্য শৌচাগারে যান শ্রীদেবী।
তিনি ১৫ মিনিট পরেও বাইরে না আসায় ডাকেন বনি। সাড়া না পেয়ে দরজা ভেঙে শৌচাগারে ঢুকে তিনি দেখতে পান, বাথটাবে পড়ে আছেন শ্রীদেবী। এরপর পুলিশে খবর দেন তিনি।

























































