বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাথটাবে পড়ে ছিলেন শ্রীদেবী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে নায়িকা শ্রীদেবীর। শনিবার ভোররাতে এই খবর পাওয়ার পর থেকে নায়িকার পরিবার-সহকর্মী-অনুরাগী সকলেই স্তম্ভিত। গত সপ্তাহে ভাইপোর বিয়ে উপলক্ষে স্বামী বনি কাপুর ও ছোট মেয়েকে সঙ্গে করে দুবাই গিয়েছিলেন তিনি। কিন্তু সোমবার সকালে নতুন করে জানা গেছে, মৃত্যুর আগে জুমেইরাহ এমিরেটস টাওয়ারের হোটেল রুমে একাই ছিলেন বলিউডের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবী।

একটি পেন্টিং প্রদর্শনীর জন্য দুবাইতে থেকে গিয়েছিলেন অভিনেত্রী। স্বামী বনি কাপুর ও ছোট মেয়ে খুশি ফিরে এসেছিলেন মুম্বাইতে। তবে শনিবার স্ত্রীকে সারপ্রাইজ দেয়ার জন্য ফের দুবাই উড়ে গিয়েছিলেন তারা।

হোটেলে গিয়ে শ্রীদেবীকে সারপ্রাইজ দেন বনি। দু’জনের মধ্যে প্রায় পনেরো মিনিট কথাও হয়। বনি শ্রী’কে নিয়ে ডিনারে যেতে চেয়েছিলেন। স্বামীর প্রস্তাবে রাজি হয়ে ডিনারে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছিলেন শ্রীদেবী।

বাথরুমে যাওয়ার পনেরো মিনিট পরেও শ্রীদেবী না বেরিয়ে এলে দরজায় ধাক্কা দেন বনি। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে বাথরুমে ঢোকেন তিনি। জল ভরা বাথটাবে পড়ে থাকতে দেখেন শ্রীদেবীকে। অনেক ডাকাডাকিতেও কোনো সাড়া দেননি শ্রী। এরপরই এক বন্ধুকে ফোন করেন বনি। খবর দেয়া হয় পুলিশকেও।

অভিনেত্রীকে স্থানীয় রশিদ হাসপাতালে  নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়েছে বলে তখন জানান চিকিৎসকরা। রবিবার ফরেন্সিক পরীক্ষার জন্য শ্রীদেবীর মরদেহ পাঠানো হহয়। রাতে তার দেহ থেকে রক্তের নমুনা পরীক্ষা হয়। সমস্ত রিপোর্ট পাওয়ার পরেই দেহ মুম্বাই ফিরিয়ে নিয়ে যাওয়ার অনুমতি পাওয়া যাবে। ডেথ সার্টিফিকেট ইস্যু হওয়ার পর প্রাইভেট জেটে মুম্বাই আসবে শ্রীদেবীর দেহ।

পূর্বাশানিউজ/ ২৬ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি