
পূর্বাশা ডেস্ক:
খুব শিগগির নাচ নিয়ে বলিউডের সবচেয়ে বড় বাজেটের সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন এবিসিডি বা অ্যানি বডি ক্যান ড্যান্স সিনেমাখ্যাত কোরিওগ্রাফার-পরিচালক রেমো ডিসুজা। এটি প্রযোজনা করবেন রেমো ও টি-সিরিজের ভূষণ কুমার।
৩ মার্চ মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রযোজনা প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টে এ তথ্য জানানো হয়েছে।
টুইটে বলা হয়েছে, টি-সিরিজের ভূষণ কুমার ও রেমো ডিসুজা এখন পর্যন্ত সবচেয়ে বড় বাজেটের নাচের সিনেমা প্রযোজনা করতে যাচ্ছেন। রেমো পরিচালিত সিনেমাটি ২০১৯ সালের ৮ নভেম্বর মুক্তি পাবে। প্রথম সারির অভিনয়শিল্পীরা এতে অভিনয় করবেন, আগামী ১৯ মার্চ তাদের নাম ঘোষণা করা হবে।
বলিউডে পান রেমোর খ্যাতি কোরিওগ্রাফার হিসেবেই। তবে পরিচালক হয়ে দর্শকদের উপহার দিয়েছেন একাধিক ব্যবসাসফল সিনেমা। বর্তমানে রেস-থ্রি সিনেমা পরিচালনার কাজ নিয়ে ব্যস্ত তিনি। এতে অভিনয় করছেন সালমান খান, জ্যাকলিন ফার্নান্দেজ, অনিল কাপুর, ডেইজি শাহ, ববি দেওল প্রমুখ।
তাছাড়া নওয়াবজাদে নামেও একটি সিনেমা প্রযোজনা করছেন রেমো। এতে অভিনয় করবেন পুনিত পাঠক, ধর্মেশসহ ভারতের প্রথমসারির ড্যান্সাররা। পাশাপাশি এবিসিডি-থ্রি সিনেমা নির্মাণেরও গুঞ্জন শোনা যাচ্ছে।

























































