
বলিউডে এখন সালমান, শাহরুখ ও আমির খানদের মতোই কদর হালের সেনসেশন রণবীর সিংয়ের। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘পদ্মাবত’ ছবির বিরাট সাফল্যের পর আলাউদ্দিন খিলজির(রণবীর) কদর যেন আরও বেড়েছে। তাইতো আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে মাত্র ১৫ মিনিট কোমর দোলানোর পারিশ্রমিক চাইলেন পাঁচ কোটি টাকা।
বলিউডের মার্কেটে রণবীরের বাজার দরই বর্তমানে সবচেয়ে বেশি। পরপর হাতে রয়েছে ‘সিম্বা’, ‘গুল্লি বয়’ এবং `83’-এর মতো ছবিগুলো। বলতে গেলে তার বৃহস্পতি এখন তুঙ্গে। পাঁচ কোটি টাকা পারিশ্রমিক হাঁকিয়ে নায়ক হয়তো সেই সুযোগেরই সদ্ব্যবহার করলেন।
এদিকে ক্রিকেট বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ও উত্তেজনাকর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্যোক্তারা নাকি বলছেন, মঞ্চে তাদের রণবীর সিং-কেই চাই। তাই চড়া দামে হলেও তারা রণবীরকে নাচাতে রাজি। কেননা তাদের ধারণা, যেকোনো মঞ্চে রণবীর মানেই বিনোদন হাউজফুল।
আইপিএলের গত আসরের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়েছিলেন পরিণীতি চোপড়া, শ্রদ্ধা কাপুর ও টাইগার শ্রফ। রণবীর সিংয়ের তুলনায় তাদের পারিশ্রমিকও বেশ খানিকটা কম ছিল। বলতে গেলে, রণবীর যে পাঁচ কোটি টাকা দাবি করেছেন তা প্রায় তাদের তিনজনের পারিশ্রমিকের সমান।
রণবীর বর্তমানে ব্যস্ত রয়েছেন করণ জোহার ও রোহিত শেঠির ‘সিম্বা’ ছবির শুটিং নিয়ে। ছবিটি ডিসেম্বরের শেষ দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তার আগেই আইপিএলের আসর থেকে বড় দাউ মারছেন নায়ক। মন্দ কী।

























































