
ডেস্ক রিপোর্ট :
ময়মনসিংহের ভালুকায় বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাকে নিয়ে এ ঘটনায় দুইজনের মৃত্যু হল।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে মারা যান বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানিয়েছেন।
গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে ভালুকার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় আর এস টাওয়ার নামের একটি ছয় তলা ভবনের তৃতীয় তলায় বিস্ফোরণ ঘটে। এতে তৌহিদুল ইসলাম ওরফে তপু নামে শাহীনের এক সহপাঠী ঘটনাস্থলেই নিহত হন।
গুরুতর আহত অবস্থায় শাহীন এবং তার দুই সহপাঠী হাফিজ ও দীপ্ত সরকারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের এই চার শিক্ষার্থী একটি টেক্সটাইল মিলে ইন্টার্ন করতে ভালুকায় যান। গত ১০ মার্চ আর এস টাওয়ারের তৃতীয় তলার ওই বাসা এক মাসের জন্য ভাড়া নিয়েছিলেন তারা।
এ ঘটনায় ভবন মালিক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা করেছে পুলিশ।
ভালুকা থানার ওসি মামুন অর রশিদ বলেন, “ওই ভবনে আগে থেকেই তিনটি সিলিন্ডার রাখা ছিল; এর বাইরে অবৈধভাবে গাস সংযোগ নেওয়া হয়েছিল। তৃতীয় তলার সিলিন্ডারটি সেদিন বিস্ফোরিত হয়।”

















































