ডেস্ক রিপোর্টঃ একসময় বলিউডের ১ নম্বর নায়িকা রানি মুখপাধ্যায়। তবে আপাতত সংসার ও মেয়ে আদিরাকে নিয়েই বেশিরভাগ সময় কাটে তার। তাই বলে অভিনয় দক্ষতায় এখনো কম যান না এ নায়িকা।
‘হিচকি’ ছবি দিয়েই তা প্রমাণ করেছেন রানি। অন্য কোনও তারকা ছাড়াই ছবিটিকে বক্স অফিসে হিট করিয়েছেন তিনি। ছবি হিট করাতে যে কোনও নায়কের দরকার পড়ে না বুঝিয়ে দিয়েছেন সেটাই। দেখিয়ে দিয়েছেন তিনি একাই একশ’।
‘হিচকি’ মুক্তি পাওয়ার পর সবাই তা দেখে রানির প্রশংসা করেছেন। এখন শোনা যাচ্ছে, ‘মর্দানি’ ছবি সিুকয়েল মর্দানি-২ ছবির মাধ্যমে ফের ভক্তদের কাছে ফিরছেন রানি।
মর্দানি ২ ছবি প্রসঙ্গে রানি বলেছেন, “মর্দানি আমার ভীষণ পছন্দের একটি ছবি। যখন ছবিটি মুক্তি পেয়েছিল, তখন থেকেই আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন যে আমি মর্দানি ২ করব কিনা। আশা রাখি, যারা এ প্রশ্ন করেছিলেন তারা আমার মর্দানি ২ করার খবরে খুশি হবেন।”
রানি এর আগে হিচকি মুক্তি পাওয়ার সময় বলেছিলেন, এ ছবিটি হিট করলে তবেই বুঝবেন, দর্শকরা এখনো তাকে চান, তাই হিট হলে তবেই তিনি অভিনয় চালাবেন। আর ফ্লপ হলে অভিনয় ছেড়ে দেবেন, বুঝবেন দর্শক এখন আর তাকে চান না।
শেষমেশ হিচকি ছবিটি বিশ্বব্যাপী ২৩৪ কোটি টাকার ব্যবসা করেছে। অথচ ছবিটি তৈরি করতে বিশেষ টাকা খরচ হয়নি রানি মুখোপাধ্যায়ের স্বামী আদিত্য চোপড়ার প্রযোজনা সংস্খার। মাত্র ১২ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছিল ছবিটি।


























































