ডেক্স রিপোর্টঃ নির্মাতা কাজী হায়াৎ তার সিনেমার মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরার চেষ্টা করেছেন। তার সিনেমাতে ফুটিয়ে তুলেছেন রাজনৈতিক, সন্ত্রাসবাদ, প্রশাসনের ক্ষমতার অব্যবহারের চিত্র।
নির্মাতা কাজী হায়াৎ তার সিনেমার মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরার চেষ্টা করেছেন। তার সিনেমাতে ফুটিয়ে তুলেছেন রাজনৈতিক, সন্ত্রাসবাদ, প্রশাসনের ক্ষমতার অব্যবহারের চিত্র। একটা পরিপূর্ণ রোমান্টিক, অ্যাকশন, কমেডি ঘরানোর ছবি নির্মাণ করে দর্শকদের মাঝে আলোড়ন সৃষ্টি করতেন। সেই নির্মাতা এবার বিমান বন্দরে বসে আবেগঘন একটি ভিডিওবার্তা প্রকাশ করেন।
গতকাল রাত ১০টায় উন্নত চিকিৎসার জন্য আবার আমেরিকায় রওনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা কাজী হায়াত। যাওয়ার আগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার সন্তান কাজী মারুফের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন বিদ্রোহী এ নির্মাতা।
এ সময় লাইভে এসে কাজী হায়াত বলেন, প্রিয় দেশবাসী এবং আমার ভক্তবৃন্দ। আমি জানি সারা দেশে আমার অসংখ্য ভক্ত ছড়িয়ে আছে।
আমাকে যারা ভালোবাসেন, যারা আমার শুভকামনা চান, অনেকে তো ফোনও করেন। অনেক সময় ফোন করলে আমি বিরক্ত হই কিন্তু আমি জানি তাদের ভালোবাসা অনেক গভীর। আজ আমি ঢাকার বিমানবন্দরে বসে এই কথাগুলো বলছি। আমার চিকিৎসার জন্য যাচ্ছি নিউ ইয়র্ক শহরে।
জানি না চিকিৎসা কেমন হবে? তবে এ রোগের কথা আমি বা আমার আত্মীয়স্বজনের নিকট শুনিনি। সেটা হচ্ছে আমার ঘাড়ের রক্ত চলাচলের যে রগটি আছে সেটি ব্লক হয়ে গেছে। মাথায় যে রক্ত চলাচলের রাস্তা সেটিও ব্লক হয়ে গেছে। যেদিন আপনারা ভোট দেবেন, সেদিন হয়তো আমি নিউ ইয়র্কে অপারেশন টেবিলে থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন ভালোভাবে ফিরে আসতে পারি।
‘আম্মাজান খ্যাত’ নির্মাতা আরও বলেন, আমি আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই আরো অনেকদিন। আমার স্বপ্ন আমি আবার আপনাদের মাঝে ফিরে আসবো। আবার বাংলাদেশের মাটিতে এসে (অ্যাকশন-কাট) বলব, পদ্মা সেতু দিয়ে আমার গ্রামের বাড়ি যাব। আমার গ্রাম অনেকদূর এখান থেকে। আমি চলে যেতে চাই আমার গ্রামের সেই মধুমতির পাড়ে। যেখানে আমি শৈশবে-কৈশরে সাঁতার কেটেছি। পদ্মা সেতু দিয়ে যেতে চাই। সেই আশা যেন আমার পূরণ হয়। আপনারা আমার জন্য দোয়া করবেন। এছাড়া আমার কিছু বলার নেই। আমজাদ হোসেন চলে গেছেন, আমার প্রিয় এবং কাছের মানুষ ছিলেন তিনি। তার আত্মার মাগফেরাত কামনা করছি।
উল্লেখ্য, দীর্ঘ কয়েক বছর ধরেই হার্ট ও শরীরের বিভিন্ন অসুখে ভুগছেন গুণী নির্মাতা কাজী হায়াত। মাঝে চিকিৎসা নিয়েছিলেন নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে। বর্তমানে আবারও সেখানে চিকিৎসা নিতে আবারও যাচ্ছেন তিনি। সাথে রয়েছেন তার ছেলে কাজী মারুফ।


























































