ডেক্স রিপোর্টঃ হাতে আছে কয়েকটি ছবির কাজ। তার মধ্যে একটি ছবির শেষ পর্বের শুটিং তো চলছেই। কিন্তু এত শত ব্যস্ততার মধ্যেই কি এবার পাকিস্তানে চলে গেলেন বলিউড সুপারস্টার সালমান খান? অবাক লাগছে তো শুনে?
তাহলে বিষয়টি খোলসা করেই বলা যাক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওয় করাচির একটি বাজারে হুবহু সালমান খানের মতো দেখতে এক ব্যক্তিকে বাইক রাখতে দেখা গেছে।
আচমকা ওই ভিডিও দেখে অনেকেই অবাক হয়ে গেছেন। রীতিমতো শোরগোল পড়ে গেছে ভিডিওটি ঘিরে। সবাই প্রশ্ন করেছেন, পাকিস্তানে একা একা কী করছেন সালমান? করাচির বাজারে কীভাবে ঘুরে বেড়াচ্ছেন তিনি?
ইন্টারনেটে ছড়িয়ে পড়া ১৪ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা গেছে, ধূসর রঙের ফুল স্লিভ টি-শার্ট পরে করাচির বাজারে হাঁটছেন এক ব্যক্তি। তার চেহারা অবিকল অভিনেতা সালমান খানের মতো। হেঁটে এসে করাচির বোল্টন বাজারে বাইক সোজা করতে দেখা যায় তাকে।
সোশ্যাল মিডিয়ায় খোদ সালমান খানকে ট্যাগ করে ভিডিও’টির প্রতিক্রিয়া জানতে চেয়েছেন কেউ কেউ। একজন তো রীতিমতো সালমানকে বলে বসেছেন, “সালমান করাচি গেলেন অথচ একবার জানালেনও না!”
তবে ভিডিওটি নিয়ে এখন পর্যন্ত কিছু বলেননি সালমান খান। আপাতত ‘ভারত’ ছবির শেষ পর্বের শুটিংয়ে ব্যস্ত তিনি।


























































