ডেক্স রিপোর্টঃ ‘মেয়ে হয়ে জন্ম নিয়ে এবং মা হতে পেরে গর্বিত’, মেয়েকে নিয়ে এমন বার্তাই দিয়েছেন ভারতীয় বাংলা ছবির জীবন্ত কিংবদন্তি ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনেত্রী হিসেবে যিনি নিজেই একটি প্রতিষ্ঠান।
অভিনয়ের পাশাপাশি ছবি প্রযোজনাও করেছেন ঋতুপর্ণা। আবার সামাজিক দায়িত্বের কথাও কখনো ভুলে যাননি।২৪ জানুয়ারি ভারতের ‘জাতীয় কন্যাশিশু দিবস’ উপলক্ষে তাই নিজের মেয়ের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে বিশেষ বার্তা দিলেন তিনি।
মেয়ে ঋষণার সঙ্গে ছবি শেয়ার করে ঋতুপর্ণা লিখেছেন, “আমি মেয়ে হিসেবে জন্মেছি বলে গর্বিত। ঋষণা যখন আমার জীবনে এল… একজন নারী হিসেবে সে মুহূর্তও খুব গর্বের ছিল। কন্যা সন্তানের ক্ষমতায়নের জন্য জাতিগতভাবে আমাদের একসঙ্গে দাঁড়ানো উচিত।”
ভারতে প্রতি বছরই ২৪ জানুয়ারি পালিত হয় ‘জাতীয় কন্যাশিশু দিবস’।
দেশটিতে এখনো কন্যাভ্রুণ হত্যার মতো ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত।
সামাজিকভাবে মেয়েরা এখনো অবহেলিত, পিছিয়ে পড়া শ্রেণী। মেয়েদের নিয়ে এ অবহেলার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতেই স্যোশাল মিডিয়ায় নিজের মত জানালেন ঋতুপর্ণা।


























































