ডেক্স রিপোর্টঃ
বিদেশি মুদ্রা পাচার আইনে পাকিস্তানের জনপ্রিয় গায়ক রাহাত ফতে আলি খানকে আইনি নোটিশ পাঠানো দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বিখ্যাত এই গায়কের বিরুদ্ধে ২০১৪ সালে বিপুল পরিমাণ মার্কিন ডলার বেআইনিভাবে পাচারের অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই দীর্ঘ ৫ বছর পর ৪৫ দিনের মধ্যে জবাব চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে ইডি।
এর আগে ২০১৪ সালে দিল্লি বিমানবন্দরে নগদ ১ লাখ ২৪ হাজার মার্কিন ডলারসহ রাহতকে গ্রেফতার করেন ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স শাখার গোয়েন্দারা। যা বর্তমানে বাংলাদেশি টাকায় প্রায় ৯৯ লক্ষ ২০ হাজার টাকা। অর্থ পাচারের এই ঘটনায় ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টে (ফেমা আইন) মামলা দায়ের করা হয়। এই মামলার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করে ইডি। সেই ধারাবাহিকতায় ঘটনার প্রায় পাঁচ বছর পর অর্থ পাচারের ঘটনার ব্যাখ্যা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয় রাহাত ফতে আলি খানকে। নির্ধারিত ৪৫ দিনের মধ্যে জবাব না দিলে কিংবা জবাব দিতে অপারগ হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন ইডি কর্মকর্তারা।
অন্যদিকে অর্থ পাচারের অভিযোগ অস্বীকার করেছেন রাহাত ফিতে আলি খান। তিনি জানান, তার পুরো দলকে সঙ্গে নিয়ে সফর করছিলেন তিনি। তাদের থাকা খাওয়া এবং অন্যান্য খরচের জন্যই এই বিপুল পরিমাণ নগদ অর্থ সঙ্গে রাখতে হয়েছিল তাকে।
বিখ্যাত পাকিস্তানি গায়ক রাহাত ফতে আলি খানও ভারত ও পাকিস্তানসহ গোটা বিশ্বেই জনপ্রিয় সুফি গায়ক হিসেবে পরিচিত। ২০০৩ সালে ‘পাপ’ ছবিতে গানের মধ্যে দিয়ে বলিউডে তার অভিষেক হয়। এরপর বহু বলিউডি ছবিতে গান গেয়েছেন এই প্রখ্যাত সুফি গায়ক।


























































