রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » চলচ্চিত্রে পুলিশকে ‘নেতিবাচক উপস্থাপন’, পরিচালক ও অভিনেতা কারাগারে


চলচ্চিত্রে পুলিশকে ‘নেতিবাচক উপস্থাপন’, পরিচালক ও অভিনেতা কারাগারে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১২.২০২০

ডেস্ক রিপোর্ট:

পুলিশকে হেয় করার অভিযোগে পর্নগ্রাফি আইনে দায়ের করা মামলায় চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতে উপস্থাপন করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে অনন্য মামুন ও শাহীন মৃধাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ। মামলার বাদী ডিএমপি সাইবার ক্রাইম ইউনিটের পুলিশ পরিদর্শক মো. নসিরুল আমিন।

জানা যায়, ‘নবাব এলএলবি’’ সিনামার একটি দৃশ্যে ধর্ষণের শিকার এক নারীকে থানায় মামলা দাখিল করার জন্য যেতে দেখা যায়। ওই দৃশ্যে পুলিশের একজন এসআই (অভিনয় করেছেন শাহীন মৃধা) ওই নারীকে ধর্ষণ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। সে দৃশ্য নিয়েই আপত্তি পুলিশের। ফলাফল কারাগারে মামুন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘বিষয়টি পুলিশের জন্য খুবই বিব্রতকর। আমাদের কতটা বাজেভাবে উপস্থাপন করা হয়েছে! আমাদেরও পরিবার আছে। মানসম্মান আছে। এটা দেখতে ও শুনতে খুবই বাজে লেগেছে আমাদের। পরে ডিএমপি সাইবার ক্রাইম ইউনিটের পুলিশ পরিদর্শক মো. নসিরুল আমিন বাদী হয়ে রমনা থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন। সেই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।’

প্রসঙ্গত, ‘নবাব এলএলবি’ চলচ্চিত্রটি গত ১৬ ডিসেম্বর ‘আই থিয়েটার’ নামক একটি অ্যাপে মুক্তি পায়। ওই দিন সিনেমাটির অর্ধেক অংশ মুক্তি দেওয়া হয়েছে। বাকি অর্ধেক মুক্তি দেওয়া হবে আগামী ১ জানুয়ারি। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া ও শহীদুজ্জামান সেলিম। সিনেমাটির চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন পরিচালক অনন্য মামুন। প্রযোজনা করেছে সেলিব্রেটি প্রোডাকশন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি