শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অভিনেত্রী একার ৬ দিনের রিমান্ড চায় পুলিশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৮.২০২১

বিনোদন ডেস্ক:

রাজধানীর হাতিরঝিলের নিজ বাসায় গৃহকর্মীকে নির্যাতন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুই মামলায় ঢাকাই সিনেমার অভিনেত্রী একাকে ছয় দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা চিত্র নায়িকা ‘একা’কে হাজির করে এই রিমান্ডের আবেদন করে হাতিরঝিল থানার পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষেতে কিছুক্ষণ পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল শনিবার চিত্র নায়িকা ‘একা’কে আটক করে হাতিরঝিল থানা পুলিশ।

এ বিষয়ে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশীদ বিষয়টি  নিশ্চিত করেছেন। তিনি বলেন,‘গৃহকর্মীর অভিযোগের ভিত্তিতে একাকে আটক করা হয়েছে। গৃহকর্মী আমাদের কাছে যে অভিযোগ করেছেন,তা যাচাই-বাছাই করা হচ্ছে। অভিনেত্রী একা এখন হাতিরঝিল থানায় রয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে’,

এসআই হারুন বলেন, ‘প্রথমে আমাদের কাছে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে কল আসে। ওই গৃহকর্মীই ৯৯৯-এ কল দিয়েছিলেন। তারপর পুলিশ হাতিরঝিল থানাধীন রামপুরা থেকে তাঁকে আটক করে।

এ দিকে তাঁকে আটকের পরে তার বাসা থেকে পাঁচ পিস ইয়াবা,৫০ গ্রাম গাঁজা এবং অর্ধেক বোতল কেরু মদ জব্দ করা হয়।

চলচ্চিত্র ও টিভি নাটকে কাজ করার পাশাপাশি বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে কাজ করেছেন একা। ১৯৯৮ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘তেজী’ চলচ্চিত্রে মান্নার বিপরীতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে একার। এরপর তিনি একই পরিচালকের ‘ধর’ চলচ্চিত্রে মান্নার বিপরীতে অভিনয় করেছিলেন। পরে রুবেল,আমিন খান,আলেকজান্ডার বো,অমিত হাসান ও শাকিব খানের সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় জুটি হয়ে অনেক ব্যবসায়সফল সিনেমা উপহার দিয়েছেন। সর্বশেষ ২০০৮ সালে একাকে ‘বাহাদুর সন্তান’ সিনেমায় দেখা গিয়েছে। ৩০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি