ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের ‘এক্সপানশন জয়েন্ট’ মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। এ ধরনের সম্প্রসারণ সড়ক সংযোগে সহনীয় ফাঁকার পরিমাণ হচ্ছে আধা ইঞ্চি। কিন্তু এই ফ্লাইওভারে সেটা আছে এক থেকে দেড় ইঞ্চি।
গত কয়েক বছরে এই ফাঁকের ফাঁদে পড়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক মানুষ। তাদের অধিকাংশই মোটরসাইকেলচালক (বাইকার)। এত মৃত্যুর কারণ হিসাবে প্রকৌশলী, দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও বাইকাররা ফ্লাইওভারের ‘এক্সপানশন জয়েন্ট’কে (সম্প্রসারণ সড়ক সংযোগ) দায়ী করেছেন। তাদের মতে, সাধারণত আড়াআড়িভাবে ‘এক্সপানশন জয়েন্ট’ বসানো হলেও মেয়র হানিফ ফ্লাইওভারের গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টে লোহার জোড়াটি আছে লম্বালম্বিভাবে। রাস্তার মাঝ দিয়ে এটি অনেক দূর চলে গেছে। দ্রুত বা মাঝারি গতির মোটরসাইকেলের চাকা এই সংযোগ ফাঁকের মধ্যে পড়লেই চালক ভারসাম্য হারিয়ে ফেলেন। অনেক সময় স্লিপ কাটলেই নিয়ন্ত্রণ হারান চালক। তখনই ঘটে দুর্ঘটনা। প্রাণ যায় চালক বা সহযাত্রীর, অনেকেই হন আহত।
২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি প্রতিবেদন অনুযায়ী, যাত্রাবাড়ী, ওয়ারী থানা ও ট্রাফিক পুলিশ সূত্র বলছে, ২০১৬-১৭ সালে মেয়র হানিফ ফ্লাইওভারে দুই শতাধিক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪০ জন মারা গেছেন, আহত হয়েছেন দেড় শতাধিক। সম্প্রতি শুধু যাত্রাবাড়ী থানার তথ্যে দেখা যায়, ২০১৯ সালে ৩৩ জন, ২০২০ সালে ৫৭ এবং ২০২১ সালের ৯ আগস্ট পর্যন্ত ৩৯ জন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তাদের মধ্যে অনেকেরই মৃত্যু হয়েছে মেয়র হানিফ ফ্লাইওভারে, যাদের বড় একটি অংশ বাইকার। এসব মৃত্যুর মামলা হয়েছে যাত্রাবাড়ী থানায়।
থানাটির পুলিশ পরিদর্শক মাজহারুল ইসলাম বলেন, মেয়র হানিফ ফ্লাইওভারের দুর্ঘটনার মূল কারণ, ওখানে মাঝামাঝি অবস্থায় লোহার পাত (এক্সপানশন জয়েন্ট) আছে। এই পাতে ব্রেক করলে স্লিপ কাটে। যে কারণে দুর্ঘটনাগুলো হতে পারে। প্রতিকারের জন্য আমরা একাধিকবার সিটি করপোরেশন, ফ্লাইওভার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, যোগাযোগ করেছি। পর্যাপ্ত লাইটের ব্যবস্থার জন্য অনুরোধ করেছি। পুলিশের পক্ষ থেকে, ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যা যা করা দরকার, আমরা সব চেষ্টা করেছি।
মেয়র হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনায় এত মৃত্যুর বিষয়ে জানতে যাত্রাবাড়ী ও ধোলাইপাড় এলাকায় সরেজিনে যান এই প্রতিবেদক। খবর পেয়ে এ বিষয়ে কথা বলতে স্থানীয় ২০-৩০ জন ছুটে আসেন। তাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ, ফ্লাইওভারে দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যসহ বিভিন্ন পেশার মানুষ ও তরুণ বাইকাররা ছিলেন। তারা বলেন, ফ্লাইওভারে অধিক ঝুঁকিপূর্ণ এবং বেশি দুর্ঘটনাপ্রবণ স্থান নিজেরাই শনাক্ত করেছেন। এগুলো হচ্ছে-যাত্রাবাড়ীর মেইন পয়েন্ট থেকে ইউটার্ন নেওয়ার জায়গা, সায়েদাবাদ আইডিয়াল স্কুল বরাবর স্থান, জনপথের ক্রসিং, টিকাটুলীর কবরস্থানের ধার অন্যতম। এছাড়া টিকাটুলীর টার্ন, ফ্লাইওভারের মাঝ বরাবর আড়াআড়ি ও লম্বালম্বিভাবে বসানো দুই ইস্পাতের সংযোগস্থল, ধোলাইপাড়ের লুপ হয়ে নামার জায়গাও ঝুঁকিপূর্ণ। ঘুরেফিরে এসব স্থানেই বেশি দুর্ঘটনা ঘটছে।
সরেজমিন জানা যায়, গত রমজানে ধোলাইপাড় এলাকার ১৭ বছরের তরুণ শাফিনুর মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান। শাফিনুরের চাচা শেখ আব্দুল কাদের বলেন, বাঁক নিতে গিয়ে রাস্তার মাঝখানে লোহার ওই পাতের (এক্সপানশন জয়েন্ট) ফাঁকে শাফিনুরের মোটরসাইকেল আটকে যায়। ও ছিটকে গিয়ে আঘাত পেয়ে মারা যায়। আমি নিজেও মোটরসাইকেল চালাই। রাস্তার মাঝখানে লোহার পাতের ফাঁকগুলো অনেক বড় হয়ে আছে।
সম্প্রতি যাত্রাবাড়ী এলাকার ২৫ বছর বয়সি রাহুল এই ফ্লাইওভারে বাইক দুর্ঘটনায় মারা যায়। তার চাচা জসিম বলেন, রাহুল মোটরসাইকেল চালানোর সময় লোহার পাতে পড়ে স্লিপ কেটে মারা গেছে।
তুষারের জন্ম ধোলাইপাড় এলাকাতেই। তার বয়স ২৬ বছর। তিনি নিয়মিত মোটরসাইকেলে যাতায়াত করেন।তিনি বলেন, অনেক বাইকারের বেপরোয়া গতি দুর্ঘটনার অন্যতম কারণ। কিন্তু মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেলচালকদের দুর্ঘটনার মূল কারণ শুধু বেপরোয়া গতি নয়। এখানকার বিভিন্ন অংশে রাস্তার মাঝখান দিয়ে এক্সপানশন জয়েন্ট এবং এর মাঝের ফাঁকা স্থান মোটরসাইকেল দুর্ঘটনার বিশেষ কারণ। এখন পর্যন্ত আমার বন্ধু শাওন, ওবায়েদ, ইফরান, ছোট ভাই জ্যাকি, রানা, অমল ও তার বড় ভাই ও এক ভাগনে ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে। আমরা এক্সপানশন জয়েন্টের ফাঁকের বিভিন্ন জায়গাকেই দুর্ঘটনার কারণ হিসাবে পেয়েছি। ঢাকার আর কোনো ফ্লাইওভারে লম্বালম্বিভাবে এরকম ‘এক্সপানশন জয়েন্ট’ নেই, এত বাইকারও অন্য কোনো ফ্লাইওভারে মারা যায়নি। আমি এখানে অর্ধশতাধিক বাইকারের মৃত্যু দেখেছি, যোগ করেন তুষার।
স্থানীয় কমিশনারের অফিসের কর্মকর্তা আবু সুফিয়ান রাজীবও একজন বাইকার। তিনি এই এলাকায় বসবাস করেন ২৬ বছর ধরে। তিনি যুগান্তরকে বলেন, ফ্লাইওভারের বিভিন্ন লুপে যে এক্সপানশন জয়েন্ট আছে, এগুলোই মূলত মোটরসাইকেল দুর্ঘটনার কারণ। কিছু বাইক এই জয়েন্টের ফাঁকে পড়ে স্লিপ করে, কিছু বাইকের চাকা গর্তে ঢুকে যায়। এ কারণে মোটরবাইকচালকরা ভারসাম্য হারিয়ে দুর্ঘটনায় পড়েন।
রাজীব বলেন, দুঃখজনক হলেও সত্যি, মেয়র হানিফ ফ্লাইওভার কর্তৃপক্ষের কোনো ‘রেসকিউ টিম’ বা ‘উদ্ধার টিম’ নেই। একটি দুর্ঘটনা ঘটলে ঘণ্টার পর ঘণ্টা আহত-নিহতরা রাস্তায় পড়ে থাকে। থানায় খবর দিলে পুলিশের পক্ষ থেকে পরে এসে উদ্ধার করে। আমি নিজে আমাদের কমিশনার অফিসে খবর দিয়ে, লোক ডেকে অনেককে উদ্ধার করেছি। অথচ ফ্লাইওভার কর্তৃপক্ষকে আমরা প্রতিদিন আসতে-যেতে টোল দিই। কিন্তু কেউ দুর্ঘটনার শিকার হলে তাদের কাউকে পাওয়া যায় না।
স্থানীয়ভাবে একটি স্কুল পরিচালনা করেন আসাদুদ জামান। তিনি এই এলাকায় বসবাস করেন ১৭ বছর।তিনি বলেন, ধোলাইপাড় লেনে আমার বাসা। ব্যক্তিগত কাজে নিজস্ব গাড়িতে প্রতিদিন হানিফ ফ্লাইওভার দিয়ে পান্থপথে আসা-যাওয়া করি। গত কয়েক বছরে আমি এখানে সড়ক দুর্ঘটনায় অনেক মানুষের মৃত্যু দেখেছি। প্রায় সময় দেখি মোটরসাইকেল দুর্ঘটনায় মৃতের লাশ রাস্তায় পড়ে আছে। প্রথম প্রথম ধারণা করতাম, বেপরোয়া চালানোর কারণে এত মৃত্যু। কিন্তু ধীরে ধীরে আবিষ্কার করলাম এখানে দীর্ঘ রাস্তা ধরে মাঝামাঝি যে ‘এক্সপানশন জয়েন্ট’, এটিই দুর্ঘটনার মূল কারণ। এর ফাঁকে মোটরসাইকেল পড়লেই স্লিপ করে। আগে ফাঁকাগুলোয় প্লাস্টিক ছিল। তাতে দুর্ঘটনা কম হতো। এখন বেশির ভাগ জায়গায় সেটাও নেই। তার ওপর এই জয়েন্টের দুই পাশে যে দেড় ফুট করে জায়গা আছে, যেগুলো সিমেন্টের তৈরি, টানা বৃষ্টি হলে এগুলোয় শ্যাওলা জমে ভয়ংকর পিচ্ছিল হয়ে যায়। এতে বাইক তো বটেই, গাড়িও স্লিপ করে। আমার ওরিয়ন কর্তৃপক্ষকে এলাকাবাসীর মাধ্যমে এই বার্তাগুলো দেওয়ার চেষ্টা করেছি কয়েকবার। কিন্তু তারা কোনো পদক্ষেপ নেননি। মেয়র হানিফ ফ্লাইওভারে সরেজমিনে গিয়ে এক্সপানশন জয়েন্টের ফাঁকা জায়গার বিষয়ে সত্যতা পাওয়া গেছে। কোথাও কোথাও এই ফাঁকা জায়গা ১-১.৫ ইঞ্চি আছে।
এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েটে) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও কাঠামো নকশা বিশেষজ্ঞ খান মাহমুদ আমানত যুগান্তরকে বলেন, ‘এক্সপানশন জয়েন্টের যে প্রয়োজনীয়তা, সেটা নিশ্চয়ই কাঠামোগত নকশা থেকেই এসেছে। এটি দুইভাবে থাকতে পারে। আড়াআড়িভাবে আবার লম্বালম্বিভাবে। আড়াআড়িগুলোয় বড় ধরনের সমস্যা হয় না। কিন্তু লম্বালম্বিগুলো আসলে চিন্তাভাবনা করে দেওয়া উচিত। বিশেষত মোটরবাইকে সমস্যা হতেই পারে। হঠাৎ সোজাসুজি গিয়ে ভারসাম্য নষ্ট হতে পারে। এক্সপানশন জয়েন্টের ফাঁকা জায়গাটি আধা ইঞ্চি বা ১০ থেকে ১২ মিলিমিটার হতে পারে। এর বেশি প্রয়োজন ছিল না। এটি একেবারে লেগে গেলে বা মিশে গেলেও কোনো সমস্যা নেই।’
তিনি বলেন, ‘এটি আসলে জিওমেট্রিক ডিটেইলিংয়ের সমস্যা। একটি এলিভেটেড রোডে গাড়িগুলো নিরাপদ চলাচলের জন্য জিওমেট্রিক হিসাবে কোথায় কতটুকু বাঁক হবে, কোথায় জয়েন্ট দিতে হবে, দিলে সেটা কীভাবে দিতে হবে-এসব বিষয়ে যথেষ্ট চিন্তাভাবনার অবকাশ আছে। আমার ধারণা, এটি হানিফ ফ্লাইওভারের ডিজাইনে যথাযথভাবে মেনটেইন করা হয়নি। ডিটেইলিং ও মেনটেইনেন্সেও সমস্যা আছে। উচিত ছিল স্টিলের প্লেট দিয়ে এক্সপানশন জয়েন্টের জায়গাগুলোকে মূল রাস্তার সঙ্গে মিশিয়ে দেওয়া। যাতে কোনো ফাঁকা না থাকে।’ এই বিশেষজ্ঞ মেয়র হানিফ ফ্লাইওভারের এক্সপানশন জয়েন্টের অধিক ফাঁকার বিষয়ে আগে থেকেই অবগত। তিনি বলেন, আমার আত্মীয়স্বজনের অনেককেই সাবধান করে দিয়েছি।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও সড়ক দুর্ঘটনা বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হক বলেন, এই অবস্থায় এক্সপানশন জয়েন্টের ফাঁকা জায়গাগুলোকে ঢেকে দিতে হবে। যেটি মেঘনা ব্রিজেও একবার করা হয়ছিল। দ্বিতীয়ত, যখন পাশের রাস্তা থেকে প্রধান সড়কে কোনো যানবাহন প্রবেশ করে, তখন বেশি গতিতে প্রবেশের কোনো নিয়ম নেই। এক্ষেত্রে সর্বোচ্চ গতিসীমা দেওয়া থাকে। কিন্তু সেটি অনেকেই মানেন না। বিশেষ করে যারা মোটরসাইকেল চালান, তারা বেশির ভাগই তরুণ বলে এটি মানেন না। এক্ষেত্রে ‘জিগেল বার’ বা ‘র্যাম্বেল স্ট্রিপ’ দিতে হবে। হাতিরঝিলে অনেক জায়গায় এটি আছে। এতে আড়াআড়িভাবে অনেকগুলো মার্কিং দিতে হয় সিমেন্ট পেইন্ট দিয়ে, যেটি উঁচু থাকে। তখন যারা উচ্চগতিতে যায়, তাদের মধ্যে একটা কম্পন হয়। এই অস্বস্তি কমানোর জন্য বাইকার বা চালক তার গতি কমিয়ে ফেলেন। সারা বিশ্বে এটি একটি স্ট্যান্ডার্ড মেথড। যেখানে পুলিশ দেওয়া যাচ্ছে না, গতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সেখানে এটাই পন্থা।
এ বিষয়ে কথা বলার জন্য ১২, ১৪ ও ১৫ আগস্ট হানিফ ফ্লাইওভার কর্তৃপক্ষ এবং ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে মোবাইল এবং টিঅ্যান্ডটি ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। ১২ আগস্ট ফোনে ফ্লাইওভারের ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগের জন্য টেলিফোন নম্বর চাইলে টোল কর্মকর্তারা রেজাউল ইসলামের মোবাইল নম্বর দেন। তারা বলেন, রেজাউলই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তার (রেজাউল) নম্বরে যোগাযোগ করা হলে তিনি বলেন, হ্যাঁ, আমি হানিফ ফ্লাইওভারের তত্ত্বাবধায়নের দায়িত্বে আছি। তার কাছে এক্সপানশন জয়েন্টের বিষয়ে জানতে চাইলে তিনি ট্রাফিক ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার কথা বলেন। কিন্তু একপর্যায়ে রেজাউল ট্রাফিক বিভাগের কর্মকর্তার পরিবর্তে ওরিয়ন গ্রুপের প্রধান কার্যালয়ে যোগাযোগের পরামর্শ দেন। ১৪ আগস্ট একই প্রসঙ্গে কথা বলার জন্য ওরিয়ন গ্রুপের (মেয়র হানিফ ফ্লাইওভার নির্মাণ ও রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠান) টিঅ্যান্ডটি নম্বরে যোগাযোগ করা হয়। কিন্তু এ বিষয়ে কে কথা বলবেন, সে সম্পর্কে কোনো নির্দেশনা তারা দিতে পারেননি। ১৫ আগস্ট ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান করিমের মোবাইল ফোন ও টিঅ্যান্ডটি নম্বরে যোগাযোগ করা হলে দুটোই বন্ধ পাওয়া যায়। কাজেই তার সঙ্গেও কথা বলা সম্ভব হয়নি।
সূত্রঃ যুগান্তর























































