স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হতে না পেরে প্রধান শিক্ষককে হাতুড়িপেটা করে নির্মম শোধ নিলেন এক আওয়ামী লীগ নেতা। রবিবার (১ জানুয়ারি) মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুরে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার শিক্ষকের নাম রফিকুল ইসলাম(৩৮)। তিনি উপজেলার ডিজেএমসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জানা গেছে, সকালে গাংনী শহরের শিশিরপাড়া গ্রাম থেকে মোটর সাইকেলযোগে স্কুলের উদ্দেশ্যে রওনা দেন রফিকুল ইসলাম। এর মধ্যে তিনি বামন্দী-তেঁতুলবাড়ীয়া সড়কে দেবীপুর গ্রামের কাছাকাছি পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা স্থানীয় আওয়ামী লীগ নেতা মামুন হামলা চালায়।
হাতুড়ি দিয়ে শিক্ষকের দুই পা ও কোমরে এলোপাতাড়ি পিটিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বামন্দীর একটি ক্লিনিকে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রী ও এলাকাবাসী। তাৎক্ষণিক এক প্রতিবাদ বিক্ষোভ থেকে অবিলম্বে মামুনকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক সাজা দাবি করেছেন তারা।
স্কুল সূত্রে জানা যায়, সম্প্রতি গঠিত ম্যানেজিং কমিটির নির্বাচনে সভাপতি হওয়ার ইচ্ছে প্রকাশ করেন মামুন। কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা আব্দুল বারি সভাপতি হন। এতে ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের উপর এই হামলা হতে পারে। এ বিষয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, তিনি বিষয়টি এখনও অবগত নন।


























































