শীত কালে ঠোঁট ফাটা একটি অন্যতম সমস্যা। আর এ সমস্যায় পড়েন না এমন মানুষ নেই। তাই লিপ বাম এই সময় সাথে রাখতেই হয়। কিন্তু জানেন কি বাজারচলতি অনেক লিপ বাম সাময়িক ভাবে ঠোঁট ফাটা ঢেকে দিলেও এই সব সিন্থেটিক লিপ বাম থেকে ঠোঁট বেশি শুকিয়ে যেতে পারে? তাই বাড়িতেই বানিয়ে নিন নিজের লিপ বাম। আর কীভাবে বানাবেন তা জেনে নিন আজকের প্রতিবেদন থেকে।
যা যা লাগবে
ভার্জিন কোকোনাট অয়েল: ১/২ চা চামচ
নারকেল তেল ঠোঁট যেমন ময়শ্চারাইজ করবে তেমনই এর অ্যান্টিঅক্সিড্যান্ট ঠোঁট শুকিয়ে যেতে দেবে না। লিপ বাম ঘন করতে প্রয়োজন নারকেল তেল।
আমন্ড তেল: ১/২ চা চামচ
আমন্ড তেল এখানে লিক্যুইড ক্যারিয়ার অয়েল হিসেবে কাজ করে। যা সব কিছুর মিশ্রণ স্মুদ করতে ও ধরে রাখতে সাহায্য করে।
কাঁচা মধু: ১/৮ চা চামচ
ঠোঁট ময়শ্চারাইজ করতে সাহায্য করে মধু। এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ঠোঁট ফাটতে দেয় না।
ভ্যানিলা এক্সট্রাক্ট: ১/২ চা চামচ
লিপ বামে সুন্দর গন্ধ যোগ করে ভ্যানিলা এক্সাট্রাক্ট।
অরগ্যানিক চিনি: ১ টেবল চামচ
যেভাবে বানাবেন
প্রথমে একটা কাচের বাটিতে সব উপকরণ এক সাথে নিন। প্লাস্টিকের স্প্যাটুলা দিয়ে ভাল করে ম্যাশ করে মিশিয়ে নিন যতক্ষণ না ক্রিমি হয়ে যাচ্ছে। ১/২ আউন্স কাচের জারে ভরে রেখে দিন।
যেভাবে ব্যবহার করবেন
চিনির দানা থাকার কারণে এই বাম ঠোঁট এক্সফোলিয়েট করতে সাহায্য করে। আঙুলে সামান্য লিপ বাম নিয়ে ঠোঁট স্ক্রাব করুন। হালকা গরম জলে পরিষ্কার কাপড় ভিজিয়ে ঠোঁট মুছে নিন।


























































