পূর্বাশা ডেস্ক:
অনলাইনে কারা কেমন আচরণ করে এ বিষয়ে এক গবেষণা করা হয়েছে সম্প্রতি। এতে উঠে এসেছে, অনলাইনে বেশি মিথ্যা তথ্য দেয় ছেলেরা।
তারা কোনো পোস্টে লাইক পাওয়ার জন্য নারীদের তুলনায় বেশি বেশি এ ধরনের বহু অযাচিত কর্মকাণ্ড করে থাকে বলেও উঠে এসেছে এতে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
সামাজিক যোগাযোগমাধ্যমকে মানুষ নিজের যোগাযোগের জন্য নয় বরং নিজেকে প্রদর্শনের জন্যেই বেশি করে ব্যবহার করছে বলে জানা গেছে সাম্প্রতিক গবেষণায়। এতে গবেষকরা জানিয়েছেন, বিভিন্ন পোস্টে কত বেশি লাইক পাওয়া যায় তা নিয়েই যেন প্রতিযোগিতা চলে। আর এ প্রতিযোগিতায় মেয়েদের তুলনায় ছেলেরাই বেশি অসুস্থ মনোভাবের পরিচয় দেয়। তারা এমনকি নিজেদের পোশাকহীন ছবি কিংবা মিথ্যা তথ্য প্রকাশ করেও এ প্রতিযোগিতায় এগিয়ে থাকতে চায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেদের তুলনায় মেয়েরা অনেক বেশি ভদ্রতা বজায় রাখে বলে উঠে এসেছে গবেষণায়। তারা সাধারণত এখানে অযাচিত কর্মকাণ্ড করে না।
এ বিষয়ে ক্যাসপারস্কি ল্যাবের হেড অব সোশাল মিডিয়া এভগেনি চেরেশনেভ বলেন, ‘তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের স্বীকৃতির জন্য অনেকেই নিজেদের সীমা ভুলে যান। কোন বিষয়টি প্রাইভেট রাখা উচিত এবং কোন বিষয়টি সর্বসম্মুখে প্রকাশ করা উচিত তাও তাদের মনে থাকে না। ’
এ বিষয়ে জার্মানির ইউনিভার্সিটি অব উর্জবাগের মিডিয়া সাইকোলজিস্ট অ্যাস্ট্রিড ক্যারোলাস বলেন, লাইকের খোঁজে পুরুষরা নারীদের তুলনায় বেশ এগিয়ে থাকেন। তারা প্রায়ই এমন সব বিষয় পোস্ট করেন, যা হালকা হয়ে ওঠে।
জরিপে দেখা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে নয় শতাংশ পুরুষ নিজেদের নগ্ন ছবি শেয়ার করে, যা নারীদের ক্ষেত্রে অনেক কম। এছাড়া ১২ শতাংশ মানুষ স্বীকার করেছে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ভুল তথ্য উপস্থাপন করে।
এক্ষেত্রে ১৪ শতাংশ পুরুষ নিজেদের বিষয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করে। এছাড়া নিজেদের ও নিজের বন্ধু বা সহকর্মীদের অপ্রস্তুত করে দেওয়া পোস্ট প্রকাশেও পুরুষেরা এগিয়ে রয়েছে।

























































