পূর্বাশা ডেস্ক:
গাজীপুরে রেললাইনের পাশে মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সফিকুল ইসলাম (৩৫) সিরাজগঞ্জ সদর উপজেলার মাজুআইল গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল হাসান বিল্লালের খবরে সিটি করপোরেশনের হায়দরাবাদ এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশের সঙ্গে থাকা পাসপোর্টের সূত্র ধরে সফিকুলের পরিচয় নিশ্চিত হয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।
গাজীপুর সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল হাসান বিল্লাল জানান, স্থানীয়রা বিষয়টি জানালে তিনি থানায় খবর দেন।
পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, ‘চাকরির সুবাদে ২০০৭ সালে সফিকুল মালয়েশিয়া যান। পরে সেখানকার স্থানীয় একটি মেয়েকে তিনি বিয়ে করেন। স্ত্রীকে বাংলাদেশে আনার জন্য কাগজপত্র তৈরি করতে তিনি বাংলাদেশে এসেছিলেন। এরপর বিমানবন্দর স্টেশন থেকে ট্রেনে করে সিরাজগঞ্জে গ্রামের বাড়িতে আসার পথে দুর্বৃত্তরা তাকে ট্রেন থেকে ফেলে দেয়। এরপর তার মৃত্যু হয়।’
পুলিশের ধারণা, মালামাল ছিনিয়ে নিয়ে সফিকুল ইসলামকে (৩৫) ট্রেন থেকে ফেলে দেয় দুর্বৃত্তরা। এরপর তার মৃত্যু হয়।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


























































