৫ বছর ধরে আটকে আছে দেশের ৩২ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবসরভাতা। শিক্ষকদের অভিযোগ, আমলাতান্ত্রিক জটিলতা এবং এক শ্রেণির অসাধু কর্মকর্তার জন্য এই ভোগান্তি দিন দিন বাড়ছে। অবসর সুবিধা বোর্ড বলছে, অর্থের অভাবেই শিক্ষকদের অবসরভাতা দেয়া যাচ্ছে না।
লক্ষ্মীপুর পালপাড়া ডিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন মো. শাহজাহান। বছর তিনেক আগে অবসরে গেছেন। কিন্তু এখনও অবসরভাতা পাননি তিনি। ঢাকায় অবসর সুবিধা বোর্ডের অফিসে গেলে সেখানে তার কাছে টাকা তুলে দেয়ার জন্য ঘুষ দাবি করে কয়েকজন কর্মকর্তা।
শাহজাহানের মতো অনেক শিক্ষক প্রতিদিন ভাতা তোলার জন্য অবসর বোর্ডের অফিসে ধর্ণা দিচ্ছেন। এরা কেউ পাঁচ বছর কেউ ছয় আগে অবসরে গেছেন, অথচ এখনও অবসরভাতা পাননি।
অবসর সুবিধা বোর্ড জানিয়েছে, দেশের ৩২ হাজার শিক্ষকের অবসরভাতা পাঁচ বছর ধরে আটকে আছে। বোর্ড বলছে, এই শিক্ষকদের ভাতা পরিশোধে ১ হাজার ৮’শ কোটি টাকা প্রয়োজন।
অবসর ভাতার অর্থ ছাড়ে অনিয়মের ব্যাপক অভিযোগের পরেও সদস্য সচিবের দাবি ঘুষ চাওয়া কমেছে।
তবে বাস্তবতা ভিন্ন। অবসরপ্রাপ্ত শিক্ষকরা জানালেন, ঘুষ ছাড়া তোলা যাচ্ছে না অর্থ।


























































