ডেস্ক রিপোর্ট ঃ
রাজস্ব বোর্ডে (এনবিআর) গত আট বছরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কোনো আয়কর জমা না পড়ায় তাঁকে তলবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তিনিই নন, দেশের নামিদামি বা আলোচিত আরো ৫৬ জনের আয়কর রিটার্নের তথ্য খতিয়ে দেখে প্রাথমিকভাবে অসামঞ্জস্য পাওয়ায় তাঁদের ব্যাপারে বিস্তারিত তদন্তে যাচ্ছে এনবিআর।
এরই মধ্যে ছয় পোশাক শ্রমিক নেতার ব্যাংক হিসাব তলব করা হয়েছে।
যাঁদের বিষয়ে তদন্ত হবে সেই তালিকায় আছেন সাবেক এক রাষ্ট্রপতি, সাবেক এক মন্ত্রী, ২০ চিকিৎসক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দুই কণ্ঠশিল্পী, ওষুধশিল্পের এক ব্যবসায়ী, এক আইনজীবী, বাংলা সিনেমার প্রথম সারির জনপ্রিয় এক নায়ক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আট শিক্ষক। আরো আছেন ১২ শ্রমিক বা সিবিএ নেতা। তাঁদের মধ্যে পোশাক শ্রমিক সংগঠনের ছয়, চামড়াশিল্পের তিন, পাটকলের এক ও ব্যাংকের দুই সিবিএ নেতা রয়েছেন।
এনবিআর সূত্র জানায়, এ ৫৬ ব্যক্তির ব্যাপারে সংশ্লিষ্ট অঞ্চল থেকে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলে (সিআইসি) প্রতিবেদন পাঠানো হয়। প্রতিবেদনে অনেকেরই রাজস্ব পরিশোধসংক্রান্ত তথ্যে গরমিল, হিসাবমতো আয়কর জমা না দেওয়া, দীর্ঘদিন রাজস্ব পরিশোধ না করা, আয়কর রিটার্ন জমা না দেওয়া, তথ্য গোপন, আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য না থাকা, পরিবারের সদস্যদের বিলাসী জীবনযাত্রা, অস্বাভাবিক সম্পদ বৃদ্ধিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
সিআইসি মহাপরিচালক এই ৫৬ ব্যক্তির বিষয়ে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানকে জানান। এনবিআর চেয়ারম্যান সম্প্রতি সিআইসি মহাপরিচালক বরাবর চিঠি পাঠিয়ে বিস্তারিত তদন্তের নির্দেশ দেন বলে এনবিআর সূত্র জানায়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকেই পে অর্ডারের পরিবর্তে চেকে আয়কর পরিশোধ করেন। কারণ হিসেবে তিনি আয়কর রিটার্নে উল্লেখ করেন, ব্যাংক হিসাব জব্দ থাকায় চেকে আয়কর পরিশোধ করছেন। কিন্তু এনবিআর চেকে আয়কর রিটার্ন গ্রহণ করে না। ফলে খালেদা জিয়ার আয়কর বকেয়া হিসেবেই থেকে গেছে এনবিআরের দলিলে।
এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান কালের কণ্ঠকে বলেন, তাঁদের কাছে সব করদাতাই সমান। সমাজে প্রভাবশালী, সম্পদশালীরা কর ফাঁকি দিলে বা বকেয়া রাখলে কাউকেই ছাড় দেওয়া হবে না। তাঁদের জিজ্ঞাসাবাদ, তলব, সম্পদ বাজেয়াপ্ত করার উদ্যোগ নেওয়া, ব্যাংক হিসাব তলব ও জব্দ করা, এমনকি মামলার মতো যেকোনো কঠোর পদক্ষেপই নেওয়া হবে। তিনি যেই হোন না কেন।
নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, খালেদা জিয়া সম্মানিত ব্যক্তি। একাধিকবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। কিন্তু রাজস্ব আইনের নিজস্ব একটি ভাষা আছে। এর বাইরে যাওয়া সম্ভব নয়। কবে নাগাদ তাঁকে তলব করা হবে জানতে চাইলে তিনি বলেন, মার্চের মধ্যে খালেদা জিয়াকে তলবের কথা রয়েছে। তখন তাঁকে জুনের মধ্যে আয়কর পরিশোধের জন্য বলা হবে।
অন্যদিকে কর অঞ্চল থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিক নেতা বা সিবিএ নেতাদের অনেকেরই আয়ের সঙ্গে জীবনযাত্রার সামঞ্জস্য নেই। তাঁদের অনেকেরই সন্তান বিদেশে ব্যয়বহুল শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছে। শুধু রাজধানী নয় নিজস্ব এলাকায়ও তাঁদের অনেক স্থাবর-অস্থাবর সম্পদ আছে। নিজ নিজ এলাকায়ও তাঁরা প্রভাবশালী ও সম্পদশালী হিসেবে পরিচিত। তাই শ্রমিক বা সিবিএ নেতাদের বিষয়েও খোঁজ নেওয়া প্রয়োজন।
নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের এক শীর্ষ কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, অনেক শ্রমিক নেতা বা সিবিএ নেতার বিষয়ে খোঁজ নেওয়া জচ্ছে। তবে খোঁজ নেওয়ার অর্থই যে তাঁরা দোষী, তা নয়।
এনবিআর সূত্র জানায়, তৈরি পোশাকশিল্পে ছয় নেতার ব্যাংক হিসাব তলব করা হয়েছে। তাঁরা হলেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি শামীমা নাসরিন, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কারের সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র ও তাঁর স্ত্রী কৃষ্ণা রায়, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার ও তাঁর স্বামী আমিনুল হক, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি ও ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের চেয়ারম্যান আমিরুল হক আমিন ও তাঁর স্ত্রী মাজেদা এবং বাংলাদেশ পোশাকশিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি তৌহিদুর রহমান। কোনো ধরনের নোটিশ ছাড়াই এসব শ্রমিক নেতার ব্যাংক হিসাব তলব করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
হিসাব তলব বিষয়ে জানতে চাইলে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু বলেন, সরকার বিভিন্ন সময় শ্রমিক আন্দোলন থামাতে নানা রকম কূটকৌশলের আশ্রয় নেয়। এবারও তাই করছে। এনবিআরের মাধ্যমে আমার ব্যাংক হিসাব তলব করা এরই একটা অংশ। মিশু বলেন, সরকারের ডিবি পুলিশ, পুলিশ কর্মকর্তা জানেন আমার কী সম্পদ আছে আর কী নেই। কারণ তাঁরা কিছুদিন পরপরই আমার বাসায় তল্লাশি চালান। ১৫ বছর আগে বাবার পেনশনের টাকা উত্তোলনের জন্য মায়ের সঙ্গে একটি ব্যাংক হিসাব করেছিলাম। এ ছাড়া আমার কোনো ব্যাংক হিসাব নেই। আর মায়ের সঙ্গে ভাড়া বাড়িতে থাকি। পারিবারিক বন্ধুরাই আমার দেখভাল করেন।
সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, হয়রানি করে শ্রমিক আন্দোলন থামানো যাবে না। তিনি বলেন, ‘ডিসেম্বর মাসে আশুলিয়ার শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সোচ্চার থাকায় মালিকপক্ষের সংগঠন বিজিএমইএ আমাকে এবং আরো পাঁচ শ্রমিক নেতাকে হয়রানির উদ্দেশ্যে নেমেছে। আর এনবিআরের মাধ্যমে ব্যাংক হিসাব তলব এরই অংশ। ’























































